হাফিজুর রহমান তামিম:
ঈদে নিজেকে ভিন্নভাবে সাজাতে কেনাকাটা শেষ করে কিশোরী থেকে প্রবীণ, সব বয়সের নারী পুরুষ ভিড় করছেন বিয়ানীবাজারের অলিগলি থেকে শুরু করে নামিদামি সব পার্লার-সেলুনে। ঈদকে সামনে রেখে তাই স্থানীয় নরসুন্দরদের ব্যস্ততা এখন তুঙ্গে। ঈদে কেনাকাটার পাশাপাশি সাজগোজও অন্যতম। তাই চুল দাড়ি কেটে নিজেকে পরিপাটি করার এখনই সময়। ছেলে-বুড়ো সবাই চুল-দাঁড়ি কাটার প্রয়োজনে নরসুন্দরদের কাছে যাচ্ছেন।
ঈদ বা উৎসবের আগে চুল কাটার নরসুন্দরদের দম ফেলার ফুরসত থাকে না। সাধারণত উৎসবের আগের দিনগুলোতে মানুষ নতুন রূপে সাজতে চুল কাটা, শেভ করা বা গ্রুমিংয়ের জন্য ভিড় করেন। এ ব্যস্ত সময়ে নরসুন্দররা বিরতিহীন কাজ করে থাকেন। এটি বছরের এমন এক সময় যখন তাদের আয়ের অন্যতম বড় সুযোগ থাকে।
ঈদে সাধারণে থেকে একটু ভিন্ন স্টাইল বা নিত্যনতুন হেয়ারস্টাইল করার প্রবণতা নাপিতদের ব্যস্ততা আরও বাড়িয়ে দিয়েছে। এর মাঝেও নিখুঁত কাজের মাধ্যমে তারা গ্রাহকদের মন জয় করার চেষ্টা করেন।
সেলুনগুলোতে সরেজমিনে দেখা গেছে, প্রতি ঈদের মতো এবারও ব্যস্ত সময় পার করছেন নরসুন্দররা। প্রতিটি সেলুনে প্রচণ্ড ভিড়। গভীর রাত পর্যন্ত চলছে ব্যস্ততা। কেউ চুল দাড়ি কাটার জন্য অপেক্ষা করছেন, আর কেউ কাটছেন। অনেক সেলুনে গ্রাহকদের বসার ব্যবস্থাও নেই বাইরে দাড়িয়ে অপেক্ষা করছেন সিরিয়াল কখন পড়বে। মা-বাবার সঙ্গে সেলুনে এসে চুল কাটানোর জন্য অপেক্ষা করছেন ছোট্ট শিশুরাও।
শিশু,বালক ও তরুণরা বিভিন্ন স্টাইলের চুল কাটছে।
সেলুনে চুল দাড়ি কাটতে আসা সোলেমান বলেন, সেলুনের নিয়মিত কাস্টমার হয়েও সিরিয়াল পেতে কষ্ট হচ্ছে।
সুমন নামের একজন বলেন, ঈদে চুলের স্টাইল করব না তা কি করে হয়। তাই পছন্দের কাটিং দিলাম। এদিকে নরসুন্দরগণ পারিশ্রমিক বেশি নিচ্ছেন বলে জানান গ্রাহকরা।
এ ব্যাপারে নরসুন্দর মোহন জানান, আমরা সারা বছর অপেক্ষায় থাকি ঈদের এ সময়ের জন্য। এ সময়ে সেলুনগুলোতে খরচও বেশি হয়। ফলে কাস্টমারের কাছে একটু অতিরিক্ত বকশিস দাবি করি। গ্রাহকরা খুশি হয়ে তা দিচ্ছে।
এদিকে ঈদকে কেন্দ্র করে বিয়ানীবাজারের পার্লারে ছাড় চললেও এবার বিউটি সার্ভিসের দাম কিছুটা বেড়েছে। তবে রূপচর্চায় মেয়েদের থেকে ছেলেরা এবার এগিয়ে। নারীদের পার্লারে ভিড় কিছুটা কম থাকলে ঈদের আগে জেন্টস পার্লারে কাজের চাপ বেড়েছে কয়েকগুণ।
দোরগোড়ায় ঈদ, তাই তো ঈদে নিজেকে নতুন সাজে উপস্থাপন করার জন্য পার্লারে ফোন বা সশরীরে এসে সিরিয়াল নেয়ার হিড়িক রূপসচেতন নারীদের।
বিউটি পার্লারের কর্মচারী মৌমিতা গুপ্ত বলেন, নিয়মিত কাস্টমারের পাশাপাশি অনিয়মিত কাষ্টমারও অনেক। দিনরাত সমান তালে কাজ করেও সিরিয়াল কমাতে পারছি না। তবে অন্যান্য সময়ের চেয়ে এবার কাস্টমার কম।
বিভিন্ন পার্লার ঘুরে দেখা গেলো, ঈদকে সামনে রেখে ভ্রূ-প্লাক, আপার লিপ, হেয়ার কাট, হেয়ার সেটিং, হেয়ার কালার, হেয়ার স্পা এবং নানা ধরনের ফেশিয়ালের কাজ বেড়েছে। এছাড়া হাত ও পায়ের যত্নে এবার পেডিকিউর, মেনিকিউর করছেন অনেকেই।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com