স্টাফ রিপোর্টার:
দেশের সীমান্তজুড়ে সক্রিয় হয়ে উঠেছে চোরাকারবারিদের বিশাল নেটওয়ার্ক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি উপেক্ষা করে প্রতিবেশী ভারত ও মিয়ানমার থেকে মাদক, অস্ত্র, গবাদিপশুসহ বিভিন্ন পণ্যের প্রবেশ ক্রমেই বাড়ছে। এসব কারবারে দেশের সীমান্তবর্তী জেলাগুলোসহ ৩৮ জেলার ৪ হাজার ৮৩৯ জন চোরাকারবারি জড়িত বলে গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরমধ্যে রয়েছে সিলেট বিভাগের ৫১৬ জনের নাম।
গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী- চোরাকারবারি তালিকায় সিলেট জেলার ১১০ জন, মৌলভীবাজারের ১৫৭ জন এবং সুনামগঞ্জের ১০৫ জনের নাম রয়েছে। সিলেটের সীমান্তজুড়ে চোরাচালান নেটওয়ার্কে তাদের সম্পৃক্ততা রয়েছে বলে তাদের প্রতিবেদনে জানানো হয়।
গোয়েন্দা প্রতিবেদনে চোরাচালানের সঙ্গে জড়িত সিলেটে যাদের নাম উঠে এসেছে তারা হলেন- কানাইঘাটের চারিকাটার শাহজাহান মিয়া, ডাউকেরগুলের হাসান আলী, মিকিরপাড়ার মইনুল ইসলাম, বালিছড়ার সোহেল উদ্দিন, কোম্পানীগঞ্জের লামাগ্রামের আলাল মিয়া, গোয়াইনঘাটের দমদমা হাওরের ফরচান, বিছনাকান্দির আবুল হোসেন, তামাবিলের আবদুর রহমান, জকিগঞ্জের খাসিরচরের জালাল, গঙ্গাজলের সিহাব, পীরের চকের উজ্জ্বল, ঘিলাতৈলের শামসুল হক, হরিপুরের আবদুর রশিদ, জৈন্তাপুরের নিশ্চিন্তপুরের জহিরুল, লামাবস্তির সুমন মিয়া, ফেঞ্চুগঞ্জের ফয়সাল আহমেদ, বিয়ানীবাজারের বাঙ্গালহুদার আবু হানিফ, টেকইকোনার বিল্লাল হোসেন, গজুকাটার সাদেক মিয়া।
গোয়েন্দা তথ্য অনুযায়ী- সিলেটের কানাইঘাট, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জকিগঞ্জ, জৈন্তাপুর ও বিয়ানীবাজারের বিভিন্ন সীমান্ত পয়েন্টে চোরাচালানের অভিযোগ রয়েছে। এসব এলাকায় মাদক, অস্ত্র, গবাদিপশু এবং বিদেশি পণ্য অবৈধভাবে আনা-নেওয়ার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজরদারি করছে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com