স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার উপজেলা সমবায় অফিসের অধীনে শতাধিক নিবন্ধিত সমিতি থাকলেও সক্রিয় আছে মাত্র ৪০টি। এসব সমবায় সমিতির কার্যক্রম মনিটরিং ও তদারকি নেই বললেই চলে। মূলত মনিটরিং ও তদারকির অভাবে এখানকার বেশির ভাগ সমিতিতে চলছে সীমাহীন নৈরাজ্য। এসব নৈরাজ্যের কারণে নিষ্ক্রিয় হয়ে গেছে অধিকসংখ্যক সমবায় সমিতি। যার খেসারত দিতে হচ্ছে সাধারণ সমবায়ীদের।
বিভিন্ন সূত্র জানায়, বিয়ানীবাজারের সক্রিয় সংগঠনগুলোর মধ্যে বেশীরভাগ হচ্ছে মৎস্যজীবি সমবায় সমিতি। উপজেলায় ৩৫টির মত মৎস্য সমবায় সমিতির কার্যক্রম চলমান। এতগুলো সমিতি আবার নিয়ন্ত্রণ করেন মাত্র ৩-৪ জন ব্যক্তি। যারা উপজেলার জলমহালগুলো লুটেপুটে খাচ্ছেন অন্তত: ২০ বছর থেকে। গত পতিত সরকারের সময় থেকে এই সিন্ডিকেট অধিক বেপরোয়া হয়ে ওঠে। উপজেলা আওয়ামীলীগের প্রভাবশালী ২-৩ জন নেতার প্রত্যক্ষ মদদে গড়ে ওঠে মৎস্য লুটপাটের সমবায় সমিতি নামক এ সিন্ডিকেট। যার ধারাবাহিকতা এখনো চলমান। তারাই মৎস্য সম্পদ লুটে নিতে এসব নামকাওয়াস্তের সমবায় সমিতিতে বিনিয়োগসহ সামগ্রীক কার্যক্রম পরিচালনা করেন।
অনুসন্ধানে জানা গেছে, মৎস্যজীবি সমবায় সমিতির বাইরে তিনটি মাত্র সংগঠন অর্থলগ্নি প্রতিষ্টান হিসেবে উপজেলায় কাজ করছে। এরমধ্যে বড় ধরনের একটি সমবায় সমিতি নানা কারণে সমালোচিত ও প্রায় বিলুপ্ত হয়ে গেছে। আছে কেবলমাত্র শাহপরাণ সমবায় এবং জমজম সমবায় ও সঞ্চয় সমিতি। মনিটরিং না থাকায় অনেকটা ব্যক্তি মালিকানাধীন সমিতিগুলো ইচ্ছামতো পরিচালিত হচ্ছে। বেশির ভাগ ক্ষেত্রে সমিতির সাধারণ সভা, অডিট, পরিদর্শন করা হচ্ছে না।
এছাড়াও বিয়ানীবাজার উপজেলা সমবায় অফিস থেকে নতুন সমবায় সমিতি গঠন ও বৈধতা দেওয়ার জন্য নিবন্ধন প্রদান এবং নিবন্ধনসংক্রান্ত বিভিন্ন সেবা, সমবায় সমিতিগুলোর নিয়মিত ব্যবস্থাপনা কমিটি গঠন ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা তদারকি করা, সমবায়ী সদস্যদের সমবায়ভিত্তিক প্রশিক্ষণ, উদ্বুদ্ধকরণ এবং তাদের বৃত্তিমূলক দক্ষতা বৃদ্ধির ব্যবস্থা করা, সরকারি নীতিমালা অনুযায়ী বিভিন্ন সমবায় সমিতি, আবাসন বা আশ্রয়ণ প্রকল্পের আওতায় ঋণ প্রদান এবং তা নিয়মিত আদায় করা, সমবায় আইন ও বিধিবিধান অনুযায়ী সমিতিগুলোকে আইনগত পরামর্শ দেওয়া এবং তাদের ব্যবসায়িক কার্যক্রমে অনুপ্রাণিত ও সহায়তা করা, সমবায় সমিতিগুলোর বার্ষিক আয়-ব্যয় ও হিসাব নিরীক্ষা (অডিট) করা এবং তাদের কার্যক্রম তদারকি করার কোন খবর পাওয়া যায়না।
উপজেলা সমবায় অফিস সূত্র জানায়, সমিতির অডিট, পরিদর্শন, নির্বাচনসহ সার্বিক কার্যক্রম তদারকি করার সক্ষমতা নেই কর্মকর্তাদের। ব্যাপক জনবল সংকট থাকার কারণে মূলত: বিয়ানীবাজারের সমবায় অফিস নিজেই ধুঁকছে। গত একবছরে নতুন সমবায় সমিতির নিবন্ধনের জন্য বিয়ানীবাজারের কোন প্রতিষ্টানই আবেদন করেনি।
বিয়ানীবাজার উপজেলা সমবায় কর্মকর্তা কৃষ্ঞা রানী তালুকদার জানান, সক্রিয় সমবায় সমিতিগুলো ভালো করছে। আমরা উপজেলা দপ্তর থেকে জনবল সংকটের পরও নিয়মিত নজরদারী করছি। এরপরও কোন অভিযোগ থাকলে আমরা তদন্ত করে ব্যবস্থা নিব।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com