নিউজ ডেক্স:
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালিতে গিয়ে প্রবাসী বাংলাদেশিদের হামলা ও হেনস্তার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তার অভিযোগ, একদল বাংলাদেশি তার দিকে পানি, কোমল পানীয় ও ডিম ছুড়ে মেরেছেন। শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি তার মুঠোফোন ফেলে দেওয়া হয়েছে।
বাঁধনের অভিযোগ, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে তার সক্রিয় ভূমিকার কারণেই তাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। হামলাকারীদের কয়েকজন নিজেদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী এবং ‘বঙ্গবন্ধুর সৈনিক’ হিসেবে পরিচয় দিয়েছেন বলে জানান তিনি।
ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে বিস্তারিত জানান বাঁধন। পরে হামলা ও হেনস্তার কয়েকটি ভিডিওও প্রকাশ করেন তিনি।
প্রকাশিত ভিডিওতে কয়েকজনকে বাঁধনের দিকে তেড়ে যেতে, তার সঙ্গে ধস্তাধস্তি করতে এবং উত্তেজিতভাবে কথা বলতে দেখা যায়। তাদের কয়েকজন বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ বলে আখ্যা দেন। ছড়িয়ে পড়া একটি ভিডিওতে একজনকে বাঁধনকে দেখিয়ে বলতে শোনা যায়, “সে একজন ‘জুলাই জঙ্গি’। সে এখন ভেনিসে, আমরা ভেনিস ছাত্রলীগ এই দেশদ্রোহী ‘জঙ্গি’কে ধরেছি। ” তাকে ‘দেশকে ধ্বংস করেছে’ এমন আখ্যা দিয়েও হেনস্তা করা হয়। পরে সঙ্গে থাকা তার ভাই তাকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
ফেসবুক লাইভে বাঁধন বলেন, ‘এখানে আমি আমার ভাইয়ের পরিবারের সঙ্গে পার্কে গিয়েছিলাম। সেখানে আমাদের অনেক বাঙালি ভাই এসে আমাকে ফিজিক্যালি হ্যারাস করেছে। আমার শরীরে পানি, কোক ছুড়ে মেরেছে। এতে আমি একদম ভিজে যাই।’ বাঁধন জানান, তার ওপর হাত তোলা হয়েছে এবং কানের পাশেও আঘাত করা হয়েছে। তিনি বলেন, ‘তারা আমার শরীরে হাত তুলেছে, আমার ফোন ফেলে দিয়েছে। আমার কানের পাশে আঘাত করেছে।’
বাঁধন বলেন, ‘তারা বলেছে, আমি জুলাই যোদ্ধা। ইয়েস, আই অ্যাম। আমি অবশ্যই জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণ করেছি।’ তিনি আরও বলেন, ‘তারা বলেছে যে তারা বঙ্গবন্ধুর সৈনিক। তারা আমাকে বলেছে যে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে। তো এবং তারা সেগুলো ভিডিও করেছে এবং সেগুলো তারা লাইভ করছিল, আপলোড করছিল।’
বাঁধন বলেন, ‘আমার গায়ে হাত তোলা হয়েছে। আমার ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে।’ ঘটনার প্রতিবাদ জানিয়ে বাঁধন বলেন, ‘একজন আজমেরী হক বাঁধনকে দমানো এত সহজ হবে না। আপনারা আজ সারা বিশ্বের মানুষকে দেখালেন, বাংলাদেশের প্রতিনিধিত্বকারী একজন অভিনেত্রীকে হেনস্তা করা হলো।’
হামলাকারীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আপনাদের এই অসংলগ্ন আচরণ থেকে বেরিয়ে আসা উচিত ছিল, আপনারা তা করতে পারেননি। আপনারা ভেবেছেন, এভাবে করেই হয়তো পরবর্তীকালে নিজেদের জায়গাটা ফের সুগঠিত করতে পারবেন। সেটা আমার মনে হচ্ছে না।’
বাঁধন আরও বলেন, আওয়ামী লীগের কর্মীরা হয়তো জানেন না, তিনি যে সিনেমাটি নিয়ে ভেনিস চলচ্চিত্র উৎসবে এসেছেন, সেটির পরিচালক রুবাইয়াত হোসেন। রুবাইয়াত হোসেনের বাবা আওয়ামী লীগের একজন মন্ত্রী (সৈয়দ আবুল হোসেন) ছিলেন উল্লেখ করে বাঁধন বলেন, ‘আপনারা একটু খবর নিয়ে দেখবেন। সো আমি তার সাথে কাজ করেছি এবং জুলাইয়ের পরেই কাজ করেছি।’
ভিডিও বার্তায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের কথাও উল্লেখ করেন বাঁধন। তিনি জানতে পেরেছেন, সজীব ওয়াজেদ জয়ও ভেনিসে আছেন। তার কাছে এই ঘটনা পৌঁছে দেওয়ার কথাও বলেন অভিনেত্রী।
ঘটনার পর ভেনিসের একটি থানায় অভিযোগ করেছেন বাঁধন।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com