প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৩, ২০২৬, ৮:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১১, ২০২৬, ৬:০০ পূর্বাহ্ণ
তানজিন তিশার দুর্ঘটনার খবরে বিভ্রান্তি

বিনোদন ডেস্ক :
ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা প্রায়ই সংবাদের শিরোনামে থাকেন। একটা সময় তার বিরুদ্ধে সহশিল্পীদের মারধর, প্রযোজকের টাকা আত্মসাত্ থেকে শুরু করে প্রতারণার অভিযোগও উঠেছিল। এত এত সমালোচনা তৈরি হওয়ায় এখন অভিনেত্রীর দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেকেই। তার দৃষ্টান্ত মিলল অভিনেত্রীর সাম্প্রতিক একটি পোস্টে।
শনিবার (১০ অক্টোবর) রাতে ফেসবুকে একটি পোস্ট দেন তানজিন তিশা। সেই পোস্টে তিনি দুর্ঘটনার কবলে পড়েছেন বলে জানান। পোস্টটিতে অভিনেত্রী লেখেন, ‘মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ! দেখা হবে সবার সাথে, ইনশাআল্লাহ।’
এ ছাড়া এর বেশি আর কোনো তথ্য প্রকাশ করেননি তানজিন তিশা; আর পোস্টটির মন্তব্যঘর বন্ধ রাখেন তিনি।
এরপর খবরের শিরোনামে আসে তার দুর্ঘটনা কবলের খবর; মানিকগঞ্জে একটি শোরুম উদ্বোধনে যাওয়ার সময় ‘গাড়ি দুর্ঘটনার’ শিকার হয়েছেন তিনি- এমন কথাও উল্লেখ করা হয়েছে কিছু কিছু প্রতিবেদনে।
এরপর তানজিন তিশা কয়েক ঘণ্টা পর খোঁচা দিয়ে, রসিকতা করে আরেকটি পোস্ট দেন। সেখানে অভিনেত্রী লেখেন, ‘আরে ভাই, চুপ থাক তোরা, ঘুমা। আমার কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়নি।’
বিষয়টি আসলে কী, তা নিয়ে ঢাকা পোস্টের পক্ষ থেকে একাধিকবার অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু সাড়া মেলেনি।
স্বাভাবিকভাবে কোনো তারকাদের কোনো দুর্ঘটনার খবরে ভক্তদের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়ে। কিন্তু তানজিন তিশার সেই রসিকতা করা পোস্টে অসংখ্য নেতিবাচক মন্তব্য দেখা যায়। যদিও নেটিজেনরা ধরে নিয়েছেন, বড় কোনো ক্ষতির মুখে পড়েননি অভিনেত্রী। এতে স্বস্তি মিলেছে অনেকের। তবে অভিনেত্রীর কোনো ক্ষতি হলে নেটিজেনদের একাংশ যে খুশি হতেন তা কিছু মন্তব্য থেকেও ইঙ্গিত পাওয়া যায়।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com
Copyright © 2026 Agami Projonmo - আগামী প্রজন্ম. All rights reserved.