জৈন্তাপুর প্রতিনিধিঃ
ঢাকায় বিমানের জরুরি অবতরণের পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ভারতীয় নাগরিক অঞ্জনা ভৌমিকের (৫৬) মরদেহ সিলেটের তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টা ২৫ মিনিটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ ইমিগ্রেশন কর্তৃপক্ষের উপস্থিতিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং ভারতীয় ইমিগ্রেশনের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর অঞ্জনা ভৌমিক ভারতের আগরতলা থেকে কলকাতার উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্সে যাত্রা করেছিলেন। যাত্রাপথে বিমানের দরজায় ত্রুটি দেখা দেওয়ায় জরুরি ভিত্তিতে বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে তাঁকে চিকিৎসার জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ স্বজনদের সঙ্গে তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে নিয়ে আসা হয়। মৃত ব্যক্তি ও তাঁর সঙ্গে থাকা স্বজনদের পাসপোর্ট না থাকায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশন তাঁদের ট্রাভেল পারমিট প্রদান করে। সব প্রক্রিয়া শেষে বিজিবির উপস্থিতিতে বাংলাদেশ ইমিগ্রেশন কর্তৃপক্ষের মাধ্যমে মরদেহটি ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
মৃত অঞ্জনা ভৌমিক ভারতের আসাম রাজ্যের আজেরা এলাকার বাসিন্দা লালু ভৌমিকের মেয়ে। মরদেহ হস্তান্তরের সময় তাঁর সঙ্গে ছিলেন বোন শান্তা ভৌমিক (৪৮) এবং ভাগ্নে দীপ জ্যোতি (১৮)। তাঁরাও ভারতের আসাম রাজ্যের বাসিন্দা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সার্বিক উপস্থিতিতে মরদেহ হস্তান্তরের এই কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com