প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৯, ২০২৬, ১:২২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৮, ২০২৬, ৯:১৫ পূর্বাহ্ণ
জৈন্তাপুর চা বাগান থেকে ৫০টি বিস্ফোরক জেল ও ৪৮টি ডেটোনেটিং কর্ড উদ্ধার

জৈন্তাপুর প্রতিনিধিঃ
সিলেটের জৈন্তাপুরে চা বাগান থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক সামগ্রী উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে ৫০টি উচ্চমানের বিস্ফোরক জেল, ৪৮টি নন-ইলেকট্রিক ডেটোনেটর এবং ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে জৈন্তাপুর উপজেলার শ্রীপুর চা বাগানের খরমপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বুধবার (১৮ নভেম্বর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সদর দপ্তর আখালিয়ায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নুরুদ্দিন আহমেদ।
তিনি জানান, সীমান্ত থেকে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্রীপুর চা বাগানের খরমপুর এলাকায় ৪৮ বিজিবির একটি বিশেষ অভিযানিক দল এবং বিস্ফোরক শনাক্তকরণে সক্ষম প্রশিক্ষণপ্রাপ্ত বিজিবি ডগ স্কোয়াডের ডগ ‘মিকি’কে নিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় বিস্ফোরক সামগ্রীগুলো উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে এগুলো বহনকারীরা চা বাগানের মধ্য দিয়ে দ্রুত পালিয়ে যায়। তাদের শনাক্ত ও আটকের লক্ষ্যে সিভিল সোর্স নিয়োগ করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক আরও জানান, সীমান্তবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় সীমান্তে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে দিন-রাত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।
রাতের নিরাপত্তা ও নজরদারি আরও কার্যকর করতে বিজিবি মহাপরিচালক, সরাইল রিজিয়ন কমান্ডার এবং সিলেট সেক্টর কমান্ডারের নির্দেশনা অনুযায়ী গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসি ক্যামেরা ও ফ্লাডলাইট স্থাপন করা হচ্ছে। পাশাপাশি থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। অস্ত্র ও বিস্ফোরক শনাক্তকরণে সক্ষম প্রশিক্ষণপ্রাপ্ত বিজিবি ডগ স্কোয়াডের মাধ্যমেও গুরুত্বপূর্ণ স্থানে অভিযান ও তল্লাশি চালানো হচ্ছে।
তিনি জানান, সাম্প্রতিক সময়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করে ১০টি অবৈধ অস্ত্র, ৪৮ রাউন্ড গোলাবারুদ, ৫০টি বিস্ফোরক জেল, ৪৮টি ডেটোনেটর ও ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড উদ্ধার করেছে। এছাড়া মাদক ও অন্যান্য মালামাল চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে আটক করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে ১৭ জনকে।
সীমান্ত নিরাপত্তার চিত্র তুলে ধরে অধিনায়ক বলেন, বর্তমানে সিলেট সেক্টরের ৫৬টি বর্ডার অবজারভেশন পোস্টে (বিওপি) ১২০০ জনের বেশি বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। প্রতিদিন দিনে ৬০ থেকে ৬৫টি এবং রাতে ৭৫ থেকে ৮৫টি টহল পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি প্রতি রাতে বিশেষ অভিযান চালানো হচ্ছে। সম্ভাব্য অনুপ্রবেশের রুট চিহ্নিত করে স্থাপন করা হয়েছে মোট ৪০টি চেকপোস্ট।
প্রেস ব্রিফিংয়ে সীমান্ত সুরক্ষায় সাংবাদিক ও স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নুরুদ্দিন আহমেদ বলেন, সীমান্ত এলাকায় অপরিচিত বা সন্দেহভাজন ব্যক্তির চলাচল, অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা কিংবা যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত বিজিবিকে অবহিত করতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন অবৈধভাবে গমনাগমন করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং মানুষের জানমাল রক্ষায় বিজিবি পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে। সীমান্তে যেকোনো অবৈধ তৎপরতা প্রতিরোধে তাদের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com
Copyright © 2026 Agami Projonmo - আগামী প্রজন্ম. All rights reserved.