প্রজন্ম ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন গতকাল বুধবার শেষ হয়েছে। গত ৯ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত চলা এই অধিবেশনের আটটি বৈঠকে তিনটি বিল পাস হয়েছে। সংক্ষিপ্ত হলেও এবারের পুরো অধিবেশনে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগকে নিয়ে রাজনৈতিক বিতর্কে উত্তপ্ত ছিল সংসদ। তবে জুলাই জাতীয় সনদের সাংবিধানিক প্রস্তাব বাস্তবায়ন এবং সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বিষয়ে অধিবেশনে কোনো আলোচনা হয়নি। অথচ এ লক্ষ্যে গঠিত বিশেষ কমিটি সুপারিশ তৈরির কাজ করছে। এদিকে ডিসেম্বরের মধ্যে কমিটির প্রতিবেদন দেওয়ার লক্ষ্য থাকলেও গণভোটের রায় অনুযায়ী সংশোধনের প্রক্রিয়া, সময়সূচি ও পদ্ধতি নিয়ে সরকার ও বিরোধী দলের মতপার্থক্য এখনো কাটেনি। তবে এবারের সংসদ অধিবেশনে আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে সরকারি ক্রয়, ভ্যাটব্যবস্থা, নগর উন্নয়ন, অর্থনীতি, কর্মসংস্থান ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি।
রাজনৈতিক বিতর্কে উত্তপ্ত সংসদ!
এবারের অধিবেশনে রাজনৈতিক বিতর্কের অন্যতম কেন্দ্রে ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে দেশব্যাপী তৎপরতা ও সাম্প্রতিক নাশকতার অভিযোগ। সম্প্রতি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা ঘেরাও, হামলা, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের ঘটনা নিয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান নাশকতার আশঙ্কা প্রকাশ করেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না; একসময় ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হবে। তবে নিরপরাধ কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হন, সে জন্য ভিডিও ও অডিও ফুটেজের ভিত্তিতে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
এ আলোচনায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থও অংশ নেন। তিনি গোপালগঞ্জের সাম্প্রতিক তৎপরতাকে রাজনৈতিক মনোযোগ আকর্ষণের কৌশল হিসেবে উল্লেখ করেন। এ ছাড়া অধিবেশনের প্রথম দিন ৯ নভেম্বর আওয়ামী লীগের পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহত করার শক্তি ও সক্ষমতা চেয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন। এসব বিষয় ঘিরে সরকারি ও বিরোধী দলের সদস্যদের পাল্টাপাল্টি বক্তব্যে অধিবেশনের ভেতরে ও বাইরে রাজনৈতিক উত্তাপ ছড়ায়।
সংবিধান সংশোধন প্রশ্নে নীরবতা
এই অধিবেশনে সংবিধান সংশোধনের কোনো বিল উত্থাপন করা হবে না–এমন ঘোষণা আগেই দিয়েছিলেন সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি জানিয়েছিলেন, সংবিধানের বাধ্যবাধকতা অনুযায়ী ৬০ দিন পরপর সংসদের অধিবেশন বসার প্রয়োজনেই সংক্ষিপ্ত এই অধিবেশন আহ্বান করা হয়েছে। ডিসেম্বরের মধ্যে সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ কমিটির সুপারিশ তৈরির লক্ষ্য রয়েছে। তাই এ অধিবেশনে সংশোধনী বিল উত্থাপনের পরিকল্পনা ছিল না। তবে সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে অন্তত বিশেষ কমিটির অগ্রগতি নিয়ে সংসদে আলোচনা বা বিবৃতি দেওয়া যেত কি না, সেই প্রশ্ন উঠেছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, গণভোটের রায় এবং রাষ্ট্রের সাংবিধানিক কাঠামো পরিবর্তনের বিষয়টি যখন রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে, তখন সংসদে এ বিষয়ে নীরবতায় প্রশ্ন উঠেছে।
বিশেষ কমিটির কাজ কতদূর?
গত ১৩ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্যের সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ কমিটি গঠন করা হয়। জুলাই জাতীয় সনদের সাংবিধানিক প্রস্তাব পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনের সুপারিশ তৈরি করাই কমিটির দায়িত্ব। ৪ আগস্ট প্রথম বৈঠকের পর বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষজ্ঞ ও অংশীজনের সঙ্গে মতবিনিময় করে কমিটি। সর্বশেষ ৩ নভেম্বর অনুষ্ঠিত দশম বৈঠকে বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়। সংবিধানে শিক্ষা ও চিকিৎসাকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করা, জুলাইযোদ্ধাদের আইনি সুরক্ষা, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, নারী ও শিশুর সুরক্ষা, জরুরি অবস্থা জারির বিধান, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা এবং গণভোটের বিধান নিয়ে মতামত নেওয়া হয়। তবে কোন প্রস্তাব কীভাবে সংবিধানে যুক্ত হবে, কোন অনুচ্ছেদ সংশোধন করতে হবে এবং কোন বিষয়ে নতুন বিধান আসবে, তা এখনো চূড়ান্ত হয়নি। তবে গত ৩ নভেম্বরের পর আর কোনো বৈঠক করেনি বিশেষ কমিটি। তবে অধিবেশন চলাকালে ১১ নভেম্বর সংসদে এই কমিটি পুনর্গঠন করা হয়। বিএনপির সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের পরিবর্তে স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমরকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। চিফ হুইপ জানিয়েছেন, চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার আগ পর্যন্ত বিরোধী জোটের অংশগ্রহণের জন্য কমিটির দরজা খোলা থাকবে।
সংস্কার-প্রক্রিয়া নিয়ে বিরোধীদের আপত্তি
সংবিধান সংশোধনের উদ্যোগে সরকারের সঙ্গে বিরোধী দলের মতপার্থক্য মূলত প্রক্রিয়াগত। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য সংসদে গঠিত বিশেষ কমিটির কার্যক্রমে অংশ নিচ্ছে না। তাদের দাবি, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। বিরোধী দলের যুক্তি, সংসদ সদস্য হিসেবে শপথের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেওয়ার কথা ছিল। বিএনপির সংসদ সদস্যরা দ্বিতীয় শপথ না নেওয়ায় পরিষদ গঠিত হয়নি।
গত ২০ সেপ্টেম্বর জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গণভোটের রায় বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদ কার্যকর করার দাবি জানান। তাদের মতে, সংসদের সাধারণ সংশোধনী ক্ষমতা দিয়ে সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করা যায় না। নভেম্বরের শুরুতে ১১-দলীয় ঐক্যের পক্ষ থেকে ‘সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ’ গঠনের উদ্যোগের কথাও জানানো হয়। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্য, সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দল অংশ নিলে তাদের মতামত বিবেচনা করা হবে। সরকারের অবস্থান, সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী সংসদে বিল উত্থাপন, আলোচনা ও ভোটের মাধ্যমে সংশোধন করা হবে। অর্থাৎ বিরোধের কেন্দ্রে রয়েছে সংস্কারের বিষয়বস্তুর পাশাপাশি তা বাস্তবায়নের সাংবিধানিক কর্তৃত্ব ও পদ্ধতি।
বিশেষ কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে কমিটির চূড়ান্ত প্রতিবেদন সংসদে উপস্থাপনের লক্ষ্য রয়েছে। এরপর আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে সংবিধান সংশোধনী বিল তৈরি করা হবে। পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালের প্রথম সংসদ অধিবেশনে বিলটি উত্থাপন হতে পারে। তবে পঞ্চম অধিবেশনেই বিল আসবে–এমন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা কার্যসূচি এখনো ঘোষণা করা হয়নি। তবে বিশেষ কমিটি সুপারিশ তৈরির কাজ করছে, সরকার সংসদীয় প্রক্রিয়ায় সংশোধনের কথা বলছে। অন্যদিকে বিরোধী জোট গণভোটের রায় ও সংবিধান সংস্কার পরিষদের দাবিতে এখনো অনঢ়। ফলে ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হলেও রাজনৈতিক মতপার্থক্য না কাটলে সংশোধন প্রক্রিয়া নিয়ে সরকার নতুন বিতর্কের মুখে পড়তে পারে।
আট বৈঠকে ৩ বিল পাস
অধিবেশনে পাস হওয়া তিনটি বিল হলো পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল, ২০২৬ এবং বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬। সরকারি ক্রয়ে স্বচ্ছতা, জবাবদিহি ও প্রতিযোগিতা বাড়ানো, ভ্যাট রিটার্নের মাসিক বিধান পুনর্বহাল এবং বগুড়া শহরের পরিকল্পিত উন্নয়নের লক্ষ্যেই এসব বিল আনা হয়। ভ্যাট সংশোধনীতে প্রতি কর মেয়াদ শেষে ১৫ দিনের মধ্যে রিটার্ন জমা দেওয়ার বিধান পুনর্বহাল করা হয়েছে। বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল নিয়েও সংসদে আলোচনা হয়। বিরোধী দলের পক্ষ থেকে জনমত যাচাইয়ের দাবি উঠলেও শেষ পর্যন্ত বিলটি পাস হয়। তবে অর্থনীতি, কর্মসংস্থান ও আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা হলেও রাষ্ট্রের মৌলিক কাঠামো পরিবর্তনের প্রশ্নে দৃশ্যমান অগ্রগতি হয়নি।
সমাপনী দিনেও রাজনৈতিক উত্তাপ
সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের তৈরি পোশাকশিল্প ধ্বংসে একটি অপশক্তি ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেন। তিনি বলেন, পলাতক ফ্যাসিস্ট চক্র যেভাবে দেশের স্বাস্থ্য খাতকে পরনির্ভরশীল করে একটি বিশেষ দেশের ওপর নির্ভরশীল করেছিল, একইভাবে গার্মেন্টশিল্প ধ্বংস করে সেই দেশের সুবিধা নিশ্চিতের চেষ্টা চলছে।
পোশাকশ্রমিকদের উসকানিতে কান না দিয়ে কর্মস্থল ও শিল্পকারখানা রক্ষার আহ্বান জানিয়ে তিনি বলেন, কারখানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ হলে শেষ পর্যন্ত শ্রমিকরাই ক্ষতিগ্রস্ত হবেন। শিগগিরই মজুরি কমিশনের মাধ্যমে নতুন সর্বনিম্ন মজুরি ঘোষণা ও নতুন কাঠামোয় বেতন দেওয়ার আশ্বাসও দেন তিনি।
এ সময় পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে।
সমাপনী বক্তব্যে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী ঐক্য ধরে রাখতে সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ ছাড়া মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পের চুক্তি প্রকাশের দাবি জানান বিরোধীদলীয় নেতা। সংসদে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ চুক্তি ও সিদ্ধান্তের বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি। এসব বিতর্কে সংসদের রাজনৈতিক সক্রিয়তা দেখা গেলেও সংবিধান সংশোধনের প্রশ্নটি আলোচনার বাইরে থেকে যায়।
অধিবেশনের সমাপনী বক্তব্যে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, দেশবিরোধী একটি অপশক্তি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করতে দেশে গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে। এ পরিস্থিতিতে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে ওই অপশক্তিকে প্রতিহত করা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান তিনি।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com