প্রজন্ম ডেস্ক:
বিনামূল্যের পাঠ্যবই বিতরণে এবার নিয়ম ভঙ্গ হচ্ছে। ১ জানুয়ারি নয়, ডিসেম্বরের ২৪ তারিখে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে নতুন পাঠ্যবই। তবে এবারও ঘটা করে বই উৎসব হবে না। শিক্ষার্থীরা নিজ প্রতিষ্ঠান থেকেই পাঠ্যবই সংগ্রহ করবে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জানিয়েছে, নভেম্বরের শেষ সপ্তাহের মধ্যে সারা দেশে মাধ্যমিক স্তরের ৯০ শতাংশের বেশি পাঠ্যবই পৌঁছে গেছে। পাশাপাশি প্রাথমিক স্তরের ৯৮ শতাংশের বেশি বইও পৌঁছে গেছে। ১১৭টি ছাপাখানার মধ্যে ৭১টি ইতোমধ্যে বই ছাপার কাজ শেষ করেছে। এ ছাড়া আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট ও গাইড বই ছাপা বন্ধ রাখা হয়েছে।
ছাপাখানার মালিকরা জানান, প্রতিবছর শেষ সময়ে কাগজকলের সিন্ডিকেটের কারণে কাগজের দাম টনপ্রতি ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত বেড়ে যায়। এর ফলে শেষ মুহূর্তে নিম্নমানের কাগজ ব্যবহার করতে হয় এবং নির্ধারিত সময়ে ছাপার কাজ শেষ করা সম্ভব হয় না। তবে এ বছর শিক্ষামন্ত্রীর পদক্ষেপে বিদেশ থেকে কাগজ আমদানির সুযোগ তৈরি হওয়ায় কোনো সিন্ডিকেট গড়ে উঠতে পারেনি। ফলে নির্ধারিত সময়ের আগেই তুলনামূলক ভালো মানের বই ছাপা সম্ভব হয়েছে।
টানা কয়েক বছর ধরে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দেওয়ার প্রচলন থাকলেও সব বই একসঙ্গে দেওয়া সম্ভব হতো না। শিক্ষার্থীদের হাতে শতভাগ বই পৌঁছাতে মার্চ-এপ্রিল পর্যন্ত সময় লেগে যেত। তবে এবার আগাম দরপত্র আহ্বান এবং কার্যকর তদারকির (মনিটরিং) কারণে নির্ধারিত সময়ের মধ্যেই বই ছাপা সম্ভব হয়েছে। জানা গেছে, বিগত পাঁচ থেকে সাত বছরের তুলনায় এবারের বইয়ের মানও অনেক ভালো হয়েছে।
এনসিটিবির ২৪ নভেম্বরের অগ্রগতি প্রতিবেদন অনুযায়ী, আগামী শিক্ষাবর্ষের প্রাক্-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি ও মাধ্যমিক স্তরের জন্য মোট ৩০ কোটি ৯২ লাখ ২৮ হাজার ৪৩৯ কপি পাঠ্যবই ছাপানো হচ্ছে। এর মধ্যে প্রাক্-প্রাথমিক স্তরের বই ছাপা, বাঁধাই ও সরবরাহের কাজ ৯৮ শতাংশ শেষ হয়েছে।
এনসিটিবির তথ্য অনুযায়ী, প্রাক্-প্রাথমিক ও প্রাথমিকে ৯৮ দশমিক ৬৩ শতাংশ বই মুদ্রণ, ৯৮ দশমিক ৪৬ শতাংশ বাঁধাই এবং ৯৮ দশমিক ২৮ শতাংশের মান যাচাই বা প্রি-ডেলিভারি ইন্সপেকশন (পিডিআই) সম্পন্ন হয়েছে। উপজেলা পর্যায়ে পৌঁছেছে প্রায় ৯৮ শতাংশ বই।
অন্যদিকে ষষ্ঠ থেকে দশম শ্রেণির এবং ইবতেদায়ি (প্রথম থেকে পঞ্চম শ্রেণি) শিক্ষার্থীদের জন্য ২১ কোটির বেশি বই ছাপানো হচ্ছে। এনসিটিবির তথ্য অনুযায়ী, ইবতেদায়ি স্তরের ৩ কোটি ২৩ লাখ পাঠ্যবইয়ের মধ্যে ৯৯ দশমিক ৮৭ শতাংশ ছাপা এবং ৯৮ দশমিক ৬২ শতাংশ বাঁধাই সম্পন্ন হয়েছে। এ ছাড়া কাটিং করা হয়েছে ৯৮ দশমিক ৪৫ শতাংশ বই এবং প্রি-ডেলিভারি ইন্সপেকশন (পিডিআই) শেষ হয়েছে ৯৭ দশমিক ৭৪ শতাংশের। এই স্তরের ৯৬ দশমিক ৯১ শতাংশ পাঠ্যবই ইতোমধ্যে সরবরাহ করা হয়েছে।
ষষ্ঠ শ্রেণির ৪ কোটি ৩৪ লাখ পাঠ্যবইয়ের মধ্যে ছাপা হয়েছে ৪ কোটি ২৬ লাখ বই। সরবরাহ করা হয়েছে ৯৭ দশমিক ৪৮ শতাংশ। সপ্তম শ্রেণির ৪ কোটি ৯ লাখ ৬০ হাজার পাঠ্যবইয়ের মধ্যে ছাপা হয়েছে ৯৮ দশমিক শূন্য ৭ শতাংশ। আর সরবরাহ করা হয়েছে ৯৯ দশমিক ৪৫ শতাংশ।
অষ্টম শ্রেণির ৩ কোটি ৯৩ লাখ পাঠ্যবইয়ের মধ্যে ৩ কোটি ৬৫ লাখ পাঠ্যবই ছাপা হয়েছে। সরবরাহ করা হয়েছে ৯০ শতাংশের বেশি। তবে কিছুটা পিছিয়ে আছে নবম-দশম শ্রেণির পাঠ্যবই। এই শ্রেণির ৫ কোটি ৫৬ লাখ পাঠ্যবইয়ের মধ্যে ৪ কোটি ২২ লাখ বই ছাপানো হয়েছে। আর সারা দেশে পৌঁছেছে ৭৩ শতাংশের বেশি পাঠ্যবই। সব মিলিয়ে মাধ্যমিক স্তরের ৯০ দশমিক ১৮ শতাংশ বই জেলা ও উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে।
ষষ্ঠ শ্রেণির জন্য এবার নতুন দুটি বই সংযোজন করা হয়েছে। বই দুটি হলো–আমার কারিগরি শিক্ষা ও লার্নিং উইথ হ্যাপিনেস। এই দুটি বইয়ের দেরিতে দরপত্র ও পাণ্ডুলিপি তৈরিতে সময় লেগেছে। যে কারণে এই লটের কাজ মাত্র শুরু হয়েছে। অন্যদিকে চতুর্থ শ্রেণির দুটি নতুন পাঠ্যবই বাংলদেশের সংস্কৃতি ও খেলাধুলা বইয়ের কাজ এখন পর্যন্ত শুরু করা যায়নি।
এনসিটিবির কর্মপরিকল্পনা অনুযায়ী, ৩০ নভেম্বরের মধ্যে সব বই উপজেলা পর্যায়ের বিতরণ কেন্দ্রে পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে। তবে সেটি না হলেও মধ্য ডিসেম্বরের মধ্যেই সারা দেশে পাঠ্যবই পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে।
এনসিটিবি সদস্য (পাঠ্যপুস্তক) আবু নাসের টুকু বলেন, ডিসেম্বরের ২৩ তারিখ সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে। পরদিন শিক্ষার্থীদের নতুন বই দেওয়া হবে। যে চারটি নতুন বইয়ের কাজ শেষ হয়নি, সেগুলো জানুয়ারির প্রথম সপ্তাহে সারা দেশে পৌঁছে যাবে। তিনি আরও বলেন, এবার পাঠ্যবইয়ের মান আগের যেকোনো সময়ের চেয়ে অনেক ভালো।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, ১৬ ডিসেম্বরের মধ্যে বই দেওয়ার পরিকল্পনা থাকলেও বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের বিষয়টি বিবেচনায় নিয়ে ২৪ ডিসেম্বর বই বিতরণের সিদ্ধান্ত হয়েছে। ওই দিন ফল প্রকাশের পাশাপাশি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। এবার বড় পরিসরে বই উৎসবের আয়োজন করা হবে না। অপ্রয়োজনীয় ব্যয় কমাতে বিদ্যালয়গুলোকে ফল প্রকাশের দিনই বই বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com