ক্রীড়া ডেস্ক:
পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ প্রথমবারের মতো টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন। সর্বশেষ আইসিসি র্যাংকিংয়ে আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খানকে পেছনে ফেলেছেন আবরার।
আবরারের রেটিং পয়েন্ট ৭৩৬; রশিদ খানের ৭৩৫। মাত্র ১ রেটিং পয়েন্টের ব্যবধানে রশিদকে টপকেছেন আবরার। অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা এক ধাপ এগিয়ে তিনে উঠে এসেছেন। চারে নেমে গেছেন ইংল্যান্ডের আদিল রশিদ।
মজার ব্যাপার হলো, আবরার প্রায় সাত মাস পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি না খেলেই র্যাংকিংয়ের শীর্ষে উঠেছেন। রশিদের দুইয়ে নেমে যাওয়ার মূল কারণ, সম্প্রতি ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নিজের নামের প্রতি সুবিচার করতে না পারা। ওই সিরিজে তিন ম্যাচে নিয়েছেন ৪ উইকেট, ওভারপ্রতি দিয়েছেন ৯.৮২ রান। এর নেতিবাচক প্রভাব পড়েছে তার রেটিংয়ে।
আবরারের এই অর্জন পাকিস্তানের ক্রিকেটে বিশেষ এক মাইলফলক। দেশটির পঞ্চম বোলার হিসেবে টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষে উঠলেন তিনি। এর আগে উমর গুল, সাঈদ আজমল, ইমাদ ওয়াসিম ও শহীদ আফ্রিদি পাকিস্তানের হয়ে এই কীর্তি গড়েছেন।
ব্যাটারদের র্যাংকিংয়ে যথারীতি শীর্ষে আছেন ভারতের ঈশান কিষান। দুইয়ে কিষানের সতীর্থ অভিষেক শর্মা।
পাকিস্তানের সাহিবজাদা ফারহান আছেন তিন নম্বরে।
ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করে পাঁচ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা র্যাংকিং চারে উঠে এসেছেন।
ব্যাটার ও বোলারদের র্যাংকিংয়ে শীর্ষ দশে বাংলাদেশের কেউ নেই। ব্যাটারদের তালিকায় ১৭ নম্বরে আছেন তানজিদ তামিম; বোলারদের তালিকায় ১২ নম্বরে আছেন নাসুম আহমেদ।
আর অলরাউন্ডারদের র্যাংকিংয়ে সেরা চল্লিশেও কোনো বাংলাদেশি নেই।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com