ক্রীড়া প্রতিবেদক:
পেসার হান্ট থেকে উঠে এসে পরবর্তীতে বাংলাদেশ জাতীয় দলে খেলেছেন একাধিক পেসার। এই তালিকায় আছেন রুবেল হোসেন, শফিউল ইসলাম, এবাদত হোসেনরা। বাংলাদেশের আরও অনেক পেসারকেই খুঁজে পাওয়া গেছে এই পেসার হান্টের কারণে।
তবে নানা কারণে গত কয়েক বছর বন্ধ ছিল পেসার হান্ট। অবশেষে নতুন করে শুরু হয়েছে এই পেসার হান্ট। আজ রোববার এটির উদ্বোধন হয়েছে সিলেটে। সেখানে নতুন বোলার খুঁজতে যান বিসিবির কোচরা। ছিলেন জাতীয় দলের ক্রিকেটার এবাদত হোসেন এবং তাইজুল ইসলামরাও।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তাইজুল বলেন, 'এটা অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ। দেখবেন একটা বিষয় যে শহরের বাইরে যারা গ্রামে থাকে, তারা কিন্তু সব ভালো সুবিধা পায় না। যে কারণে কোথায় প্রতিভা লুকিয়ে আছে কেউ কিন্তু জানে না। এটা রবি এবং বিসিবির খুবই ভালো উদ্যোগ।'
রবি পেসার হান্টের মাধ্যমেই উঠে এসেছিলেন এবাদত। পুরোনো সেই স্মৃতি তুলে ধরে এবাদত বলেন, '২০১৬ সালের রবি পেসার হান্টের মাধ্যমেই আমি এবাদত হোসেন হয়েছিলাম। সেখানে এক নম্বর বোলার হয়েছিলাম। আজকে এত বছর পরে আবার সেই দিনে ফিরে এসেছি, ভালো লাগছে।'
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com