দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রাজ্জাক বলেন, মাঝে মধ্যে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে যান হেলালুজ্জামান হেলাল। কয়েক মাস কাজ করে পুনরায় দেশে ফেরেন। বর্তমানে ঘনকুয়াশার কারণে কাজ বন্ধ থাকায় শুক্রবার রাতে দেশে ফিরছিলেন তিনি। এ সময় বিএসএফ মদনকুড়া ক্যাম্পের সদস্যরা রাবার বুলেট ছুড়লে আহত হন হেলাল উদ্দিন। পরে বিএসএফ সদস্যরা তাকে ভারতের দিনহাটা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে স্থানীয় সূত্রে নিশ্চিত হয়েছি।
তবে স্থানীয় একটি সূত্র দাবি করেছে, প্রতিদিনের মতো শুক্রবার রাতে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করে ভারতীয়দের সহায়তায় গরু আনতে যান হেলাল উদ্দিনসহ কয়েকজন রাখাল। গরু নিয়ে ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে বিএসএফের হাতে আটক হন হেলাল উদ্দিন। বাকী পাচারকারী দলটি ৭০টি গরু মহিষ নিয়ে দেশে ফেরেন বলেও দাবি করেন সীমান্তের ওই সূত্রটি।
Manual6 Ad Code
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবার বলেন, ভারতের অভ্যন্তরে একজন বাংলাদেশি বিএসএফের রাবার বুলেটের আঘাতে আহত হয়েছেন বলে শুনেছি। তবে আহত ব্যক্তি ভারতে কাজ করে ফিরছিলেন। গরু পাচারের খবর জানা নেই।
বিজিবি লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহ মো. শাকিল আলম বলেন, সীমান্তে গুলির বিষয়ে বিএসএফকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। একইসঙ্গে আহত ব্যক্তিকে ফেরত দিতে বলা হয়েছে।