স্টাফ রিপোর্টার:
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, জামায়াত ইসলামকে নিয়ে ব্যবসা করে। দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াতে ইসলামী করছে, কিন্তু চাপিয়ে দেওয়া হচ্ছে বিএনপি সরকারের উপর।
বৃহস্পতিবার (২১ মে) প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
Manual7 Ad Code
তিনি বলেন, দেশের মানুষ ইতিহাস ও বাস্তবতা সম্পর্কে সম্পূর্ণ সচেতন। তাই অপপ্রচার ও মিথ্যাচার করে জনগণের আস্থা অর্জন করা যাবে না। জনগণের মূল সমর্থন এখন বিএনপির পক্ষেই রয়েছে, কোনো ধরনের অপপ্রচারে লাভ হবে না।
শামসুজ্জামান দুদু বলেন, দেশে বিভিন্ন অপকর্ম সংঘটিত হলেও একটি গোষ্ঠী সেসবের দায় বর্তমান সরকারের ওপর চাপানোর চেষ্টা করছে। তারা ইসলামকে ব্যবহার করে মূলত ইসলামের বিরুদ্ধেই ভূমিকা পালন করছে এবং মিথ্যাচার ছাড়া তাদের আর কোনো রাজনীতি নেই।
বিগত সরকারের তীব্র সমালোচনা করে বিএনপির এ সিনিয়র নেতা বলেন, হামের প্রাদুর্ভাব সম্পর্কে পাঁচ-ছয়বার লিখিতভাবে আগের সরকারকে সতর্ক করা হয়েছিল। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। আমাদের নির্মূল করা হামের মতো রোগও আগের সরকারের ব্যর্থতার কারণে দেশে আবার ফিরে এসেছে। তবে বর্তমান সরকার এখন জরুরি ভিত্তিতে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।
দেশের ফার্মাসিস্টদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, আগে অনেক ফার্মেসি রাত ৭টা-৮টার মধ্যেই বন্ধ হয়ে যেত। কিন্তু এখন জাতীয় দায়িত্ববোধ থেকে তারা সারারাতও সেবা দিচ্ছে, যা অত্যন্ত প্রশংসনীয়।
Manual1 Ad Code
জামায়াতে ইসলামীর সমালোচনা করে দুদু বলেন, ইতিহাসের ধারায় তারা কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি। দেশের মানুষ ভালো করেই জানে। ১৯৭১ সালে কারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল আর কারা পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল।
Manual7 Ad Code
বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ করে তিনি বলেন, অতীতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো একটি নির্দিষ্ট গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল। এখন সেখানে প্রকৃত শিক্ষাবিদদের দায়িত্ব দেওয়ার চেষ্টা করা হলে একটি পক্ষ অস্থিরতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে।
Manual7 Ad Code
অপরাধীদের হুঁশিয়ারি দিয়ে দুদু বলেন, যারা অপকর্ম করছে, তারা বিএনপি করে না। অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। কেউ যদি বিএনপির নাম ব্যবহার করে অপরাধে লিপ্ত হয়, তাকে অবিলম্বে আইনের হাতে তুলে দিতে হবে। নেতাকর্মীদের উদ্দেশে তিনি আশপাশের কোথাও অপকর্ম হচ্ছে কি না, সেদিকে কড়া নজর রাখার আহ্বান জানান।