কমলগঞ্জ প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলম (২৯) নামের এক যুবক নিহত হয়েছেন। রবিবার (১ নভেম্বর) দিবাগত রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
Manual5 Ad Code
এর আগে রবিবার বিকেলে কমলগঞ্জ উপজেলার বড়গাছ গ্রামে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম ওই গ্রামের উম্মর মিয়ার ছেলে। এই সংঘর্ষে নিহতের বড় ভাই জহিরুল ইসলাম জসিমও গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ময়নুল হক (২৮) নামে একজনকে আটক করেছে পুলিশ।
Manual3 Ad Code
স্থানীয় সূত্রে জানা যায়, কমলগঞ্জের রামপাশা গ্রামের লন্ডনপ্রবাসী দুলা মাস্টারের জমি বিক্রিকে কেন্দ্র করে মধ্যস্থতাকারী জাহাঙ্গীরের পরিবারের সঙ্গে একই গ্রামের মাহমুদ মিয়া, মামুন মিয়া ও ময়নুল হকের বিরোধ চলে আসছিল। এর জের ধরে রবিবার বিকেলে জমি সংক্রান্ত আলোচনার সময় প্রতিপক্ষের লোকজন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন জহিরুল ইসলামকে মাথায় আঘাত ও দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। ভাইয়ের ওপর হামলার খবর পেয়ে জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে ছুটে গেলে তাঁকেও মাথায় আঘাত করে রক্তাক্ত করা হয়। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীর মারা যান।
Manual6 Ad Code
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন জানান, এ ঘটনায় অভিযুক্ত ময়নুল নামের একজনকে আটক করা হয়েছে। বাকিরা আত্মগোপণে আছেন। আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।