নিজস্ব প্রতিবেদক :
সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় মামলার মূল আসামিসহ ৩ জনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। রবিবার (১ নভেম্বর) সন্ধ্যায় এসআরবি-৯ (সিলেট) ও এসআরবি-৭ (চট্টগ্রাম)-এর যৌথ দল চট্টগ্রামের বন্দর থানাধীন ব্রিকফিল্ড রোড এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ৩ আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন— বালাগঞ্জ উপজেলার পূর্ব মুসলিমাবাদ এলাকার মৃত মির্জা ফরিদের ছেলে মির্জা টিটু (৩৫) ও মির্জা জেনি (৩৮) এবং মির্জা টিটুর স্ত্রী সালমা বেগম (২৫)।
এআরবি জানায়, গত ২৫ অক্টোবর সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় খুন হন মির্জা আব্দুল লতিফ আবুল (৬৫)। ওইদিন রাত সাড়ে ৮টার দিকে ভুক্তভোগী লতিফ ও তার পরিবারের সদস্যরা পাওনা টাকা ফেরত চাইলে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লতিফকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে বালাগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করলে এসআরবি ছায়া তদন্ত শুরু করে। এরই প্রেক্ষিতে এসআরবি-৯ (সিলেট) ও এসআরবি-৭ (চট্টগ্রাম)-এর যৌথ দল চট্টগ্রামের বন্দর থানাধীন ব্রিকফিল্ড রোড এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ৩ আসামিকে গ্রেফতার করে।
Manual8 Ad Code
এসআরবি-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য গ্রেফতারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।