শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবিতে অক্টোবরের শেষ দিক থেকে পোশাক খাতে অস্থিরতা চলছে। শ্রমিকেরা কারখানা ছেড়ে রাস্তায় নেমে এসেছেন। দাবি অনুযায়ী মজুরি চূড়ান্ত না করা পর্যন্ত আন্দোলন থামবে না বলে শ্রমিক নেতারা স্পষ্ট জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিদিনই বন্ধ কারখানার সংখ্যা বাড়ছে। এরই মধ্যে বিভিন্ন শিল্পাঞ্চলে কয়েক ধাপে পাঁচ শতাধিক কারখানায় উৎপাদন ব্যাহত বা বন্ধ হয়েছে বলে খবর পাওয়া গেছে।
অর্থনীতির বিশ্লেষকেরা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, পোশাক খাতের চলমান অস্থিরতার কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে মোট রপ্তানি আয় কমে যেতে পারে।
Manual7 Ad Code
একই মত জানিয়ে পোশাক খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, বাংলাদেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি এবং জিডিপির প্রায় ১০ শতাংশ আসে পোশাক খাত থেকে। এই খাতে ৪০ লাখের বেশি শ্রমিক কাজ করছেন।
শিল্পসংশ্লিষ্টদের আশঙ্কা, বর্তমান শ্রমিক অসন্তোষ দীর্ঘায়িত হলে শুধু পোশাকশিল্প নয়, দেশের রপ্তানি আয়, বৈদেশিক মুদ্রার প্রবাহ, বিনিয়োগ, কর্মসংস্থান এবং সামগ্রিক অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়বে। বিশেষ করে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে সময়মতো পণ্য সরবরাহের সক্ষমতা নিয়ে প্রশ্ন তৈরি হলে বাংলাদেশের পোশাকশিল্পকে দীর্ঘমেয়াদি প্রতিযোগিতার মুখে পড়তে হতে পারে।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. ফাহমিদা খাতুন বলেন, রপ্তানি আয়ের অন্যতম খাতে টানা ১৫ দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও কারখানা বন্ধের মতো বড় ঘটনা ঘটছে। এতে দেশের তৈরি পোশাকশিল্প বড় ধরনের চাপে পড়েছে। আন্দোলনের কারণে এরই মধ্যে এক দিনেই শতাধিক কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। এতে ওই দিন প্রায় ১৭ লাখ শ্রমিক কাজে যোগ দিতে পারেননি। ধরে নিচ্ছি আগামীকালই পরিস্থিতি স্বাভাবিক হবে, কিন্তু এরই মধ্যে যে ক্ষতি হয়েছে, তাতে পোশাক খাতে রপ্তানি আয় যা হওয়ার কথা, তা হবে না, কমবে।
বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মুস্তফা কে মুজেরী বলেন, মজুরি বৃদ্ধিকে সামনে রেখে পোশাক খাতে শ্রমিক অসন্তোষ শুরু হয়েছে। অন্য দাবিগুলোও এখন জোরালো হয়েছে। অন্যান্য দাবির মধ্যে বকেয়া বেতন-ভাতা, চাকরির নিরাপত্তা ও সুষ্ঠু কর্মপরিবেশের নিশ্চয়তা চেয়েছেন শ্রমিকেরা। অসন্তোষের জেরে দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে উৎপাদন ব্যাহত হয়েছে।
Manual6 Ad Code
অর্থনীতির এই বিশ্লেষক বলেন, আজকেও (গত মঙ্গলবার) মজুরি ইস্যুতে শতাধিক কারখানা বন্ধ ছিল। প্রায় তিন সপ্তাহ ধরে এই অস্থিরতা চলছে। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, তা অনিশ্চিত। বিশ্ববাজারে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। বিদেশি ক্রেতাদের অর্ডার (ক্রয়াদেশ) অনুযায়ী পণ্য সরবরাহ করা সম্ভব হবে না। নতুন করে অর্ডার পাওয়ার ক্ষেত্রেও সংকট তৈরি হবে। এতে পোশাক খাতে রপ্তানি আয় কমে যাবে, যা মোট রপ্তানি আয়ে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছি।
পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বলেন, মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে দেশের পোশাক খাতে উৎপাদন খরচ বেড়েছে। জ্বালানি সংকটের কারণে আমরা চাপে আছি। এর মধ্যে শ্রমিক অসন্তোষ শুরু হয়েছে। মজুরি কাঠামোর বাস্তবায়ন আমরাও চাই। তবে রাজপথে নেমে আন্দোলন করে মজুরি কাঠামো বাস্তবায়ন সম্ভব নয়। আলোচনার মাধ্যমে নিয়মতান্ত্রিক উপায়ে বর্ধিত মজুরি বাস্তবায়ন করতে হবে।
ব্যবসায়ী এই নেতা বলেন, গত অর্থবছরে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ ঘিরে রপ্তানি আয়ে নেতিবাচক ধারা ছিল। চলতি অর্থবছরের শুরু থেকে রপ্তানি আয় বাড়লেও বড় ধরনের সুখবর নেই। চলমান শ্রমিক অসন্তোষের কারণে পোশাক খাতের রপ্তানি কমে যেতে পারে, যা সামগ্রিক রপ্তানি আয়ে প্রভাব ফেলবে। কারণ পোশাক খাতের রপ্তানি আয়ের ওঠানামার প্রভাব পড়ে দেশের মোট রপ্তানি আয়ে।
Manual3 Ad Code
পোশাকশ্রমিকদের বিদ্যমান ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। মজুরি বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলন শুরু হলেও ন্যূনতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেন। অব্যাহত অসন্তোষের কারণে সাভার, আশুলিয়া, কোনাবাড়ী, মৌচাক ও গাজীপুরসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে কয়েক ধাপে পাঁচ শতাধিক পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত বা বন্ধ রয়েছে। শ্রম আইনের ১৩(১) ধারায় অনেক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে সাময়িক উৎপাদন বন্ধ এবং ওই ধারায় কারখানা বন্ধ ঘোষণার সংখ্যা এক নয়।
বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপতি তাসলিমা আখতার বলেন, ১৬ নভেম্বর ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা হওয়ার কথা থাকলেও হয়নি। এতে শ্রমিকদের মধ্যে নতুন করে ক্ষোভের জন্ম দিয়েছে। শ্রমিকেরা আন্দোলন চলমান রেখেছেন।
Manual4 Ad Code
সম্প্রতি বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির প্রতিবেদনে বলা হয়েছে, ‘শুধু কারখানা বন্ধ নয়, নতুন করে উদ্বেগ তৈরি করেছে কাজে যোগ দিয়েও শ্রমিকদের উৎপাদনে অংশ না নেওয়ার ঘটনা। কোথাও শ্রমিকরা হাজিরা দিয়ে কর্মবিরতি পালন করছেন, কোথাও আবার কারখানা খুলে দেওয়ার পরও নিরাপত্তার কারণে মালিকপক্ষকে উৎপাদন বন্ধ রাখতে হচ্ছে। এতে উৎপাদন ছাড়াই শ্রমিক ও কারখানার অন্যান্য ব্যয় বহন করতে হচ্ছে পোশাক মালিকদের।’
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যের ভিত্তিতে সংকলিত পরিসংখ্যান অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি হয়েছে মোট ১৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৫ দশমিক ৮২ শতাংশ। আগের অর্থবছরের একই সময়ে রপ্তানি হয়েছিল ১২ দশমিক ৯৯ বিলিয়ন ডলার। এই চার মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি ৬ দশমিক ৯২ শতাংশ বেড়ে ১ দশমিক ৬৪ বিলিয়ন ডলার হয়েছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে পোশাক রপ্তানি ২ দশমিক ৭৯ শতাংশ বেড়ে ৬ দশমিক ৪৩ বিলিয়ন ডলার হয়েছে। এর মধ্যে একক দেশ হিসেবে স্পেনে ১ দশমিক ৪৪৮ বিলিয়ন ডলার এবং জার্মানিতে ১ দশমিক ৪৩৯ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয়েছে। রপ্তানি আয়ের প্রবৃদ্ধির প্রায় ৯৭ শতাংশ এসেছে বেসিক পোশাক থেকে। এর মধ্যে বটমওয়্যার, সোয়েটার ও কার্ডিগান এবং টি-শার্টের মতো তিনটি পণ্যশ্রেণি মিলে প্রবৃদ্ধির বড় অংশে অবদান রেখেছে।
পোশাক খাতের সংগঠন বিজিএমইএর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১২ শতাংশ কমেছে। তবে এই পতনকে চলমান শ্রমিক আন্দোলনের ফল বলা যাবে না, কারণ রপ্তানি কমার ওই সময়ের বেশির ভাগই শ্রমিক অসন্তোষ শুরুর আগের। প্রায় ৪০ বিলিয়ন ডলারের এই তৈরি পোশাক খাতে দীর্ঘসূত্রতা ও সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন ঘটলে আন্তর্জাতিক ক্রেতারা ভারতসহ অন্য প্রতিযোগী দেশগুলোর দিকে ঝুঁকে পড়তে পারেন বলে আশঙ্কা রয়েছে।