দেশের চলমান জ্বালানি সংকট থেকে উত্তরণের লক্ষ্যে আমদানি-নির্ভরতা কমানোর পাশাপাশি দেশীয় উৎপাদন বৃদ্ধিতে জোর দিয়েছে সরকার। সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে এরই মধ্যে বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে তা বাস্তবায়নের উদ্যোগ নিয়ে প্রশ্ন উঠেছে। এই অবস্থায় তদারকি বাড়িয়ে সময়মতো অগ্রাধিকাভিত্তিক প্রকল্প শেষ করার ওপর জোর দিচ্ছেন তারা।
Manual7 Ad Code
জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী, দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ৯টি বিষয়কে অগ্রাধিকার দিয়ে সেসব প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। সেগুলোর মধ্যে নতুন এলএনজি টার্মিনাল এবং রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট (ইআরএল-২)Ñ এ দুটি খুব গুরুত্বপূর্ণ উদ্যোগ। যদিও নানা কারণে এই দুই উদ্যোগের বাস্তবায়ন প্রক্রিয়া এখনও শুরু করা সম্ভব হয়নি। এছাড়া এলএনজি টার্মিনাল স্থাপনের সম্ভাব্যতা যাচাই, মাতারবাড়ীতে ল্যান্ডবেইজ এলএনজি টার্মিনালের সঙ্গে গ্যাস সঞ্চালন লাইন নির্মাণ, মোংলায় এলপিজি প্রকল্প এবং পরিত্যক্ত গ্যাসকূপ পুনঃখননের মতো গুরুত্বপূর্ণ উদ্যোগগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া প্রায় প্রাথমিক পর্যায়ে রয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভা থেকে এগুলোর দ্রুত বাস্তব অগ্রগতি নিশ্চিত করার তাগিদ দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
এ প্রসঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানান, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। এসব পরিকল্পনার মধ্যে রয়েছেÑ দেশীয় গ্যাসের অনুসন্ধান ও উৎপাদন বৃদ্ধি, এলএনজি আমদানি, প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা এবং জ্বালানির বিকল্প উৎস তৈরি। তিনি বলেন, এলএনজি সরবরাহের সক্ষমতা বাড়াতে মহেশখালী ও মাতারবাড়ীতে দুটি নতুন টার্মিনাল চালুর পরিকল্পনা রয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী, ২০২৮ সালের মধ্যে মহেশখালীতে দৈনিক ৬০০ মিলিয়ন ঘনফুট এবং ২০৩০ সালের মধ্যে মাতারবাড়ীতে দৈনিক ১ হাজার মিলিয়ন ঘনফুট সক্ষমতার টার্মিনাল চালু করা হবে। একই সঙ্গে এলএনজি সংরক্ষণের সক্ষমতা ৯ লাখ ৪৬ হাজার ঘনমিটারে উন্নীত করার আশা করছে সরকার। এছাড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আরও একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।
নতুন এলএনজি টার্মিনাল নিয়ে নানা প্রশ্ন
জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, মহেশখালীতে নতুন যে ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে পরিবেশগত বিষয়গুলো নিশ্চিত করতে চায় সরকার। এ লক্ষ্যে প্রস্তাবিত টার্মিনাল ইউজ অ্যাগ্রিমেন্ট (টিইউএ) ও ইমপ্লিমেন্টেশন অ্যাগ্রিমেন্টে (আইএ) পরিবেশগত ঝুঁকি ও তা নিরসনের ব্যবস্থা সম্পর্কে সুনির্দিষ্ট বিধান রাখার বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষায় আছে। মূলত পরিবেশ মন্ত্রণালয়ের মতামতের জন্য চূড়ান্ত চুক্তি এখনও ঝুলে আছে। তবে কাজে গতি আনতে গত বৃহস্পতিবার চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনের (সিএনইই) প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। যদিও এই প্রক্রিয়া নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। এফএসআরইউ বসাতে এককভাবে বেশি দামের প্রস্তাব নিয়ে ওই বৈঠকে আপত্তি তোলেন একজন মন্ত্রী।
সংশ্লিষ্টদের মতে, চীনা কোম্পানির প্রস্তাব ও প্রতিষ্ঠানটির সরকারি মালিকানার পাশাপাশি জিটুজি নিয়েও প্রশ্ন রয়েছে। চীন সরকারের সঙ্গে জ্বালানি খাত নিয়ে বাংলাদেশের কোনো ধরনের চুক্তি এমনকি কোনো সমঝোতা চুক্তি (এমওইউ) পর্যন্ত না থাকায় কিসের ভিত্তিতে এই প্রস্তাব অনুমোদন করা হলো তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। এ প্রস্তাব কার্যকর হলে ১৫ বছরে সরকারের বাড়তি ৬ হাজার ৩০০ কোটি টাকা খরচ হবে বলে বলা হচ্ছে।
ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট নিয়ে উদ্বেগ
অন্যদিকে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট (ইআরএল-২) বাস্তবায়ন প্রকল্পও শুরুতেই সংকটে পড়েছে। প্রকল্পের পরামর্শক নিয়োগ প্রক্রিয়াসহ প্রাথমিক কার্যক্রমে দেরি হওয়ায় এটি বাস্তবায়নের সময়সূচি নিয়ে উদ্বেগ ও প্রশ্ন তৈরি হয়েছে। প্রসঙ্গত, প্রকল্পটি ২০২৯ সালের ৩০ নভেম্বরের মধ্যে শেষ করার কথা রয়েছে। জ্বালানি বিভাগের সর্বশেষ সভায় এ প্রকল্পের জন্য নির্দিষ্ট সময়ভিত্তিক কর্মপরিকল্পনা তৈরি করে নির্ধারিত মাইলফলক অনুযায়ী নিয়মিত অগ্রগতি পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে।
যেসব উদ্যোগের তাগিদ
জ্বালানি বিভাগের তথ্যমতে, সরকারের অগ্রাধিকার পাওয়া ৯টি বিষয় বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে বিশেষভাবে সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে পর্যায়ক্রমে ঢাকার সব পেট্রোল পাম্পে শতভাগ অনলাইন ও ডিজিটাল ফুয়েল পাস ব্যবস্থা চালুর উদ্যোগ। এছাড়া সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্প ও কার্যক্রম নির্ধারিত দুই বছরের মধ্যে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব দপ্তর, সংস্থা ও কোম্পানিকে নিয়মিত ও নিবিড়ভাবে অনুসরণ করতে বলা হয়েছে। প্রতি সপ্তাহের প্রথম কর্মদিবসে দুপুর ১২টার মধ্যে অগ্রগতি প্রতিবেদন জ্বালানি বিভাগে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।
Manual8 Ad Code
এছাড়া বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি), পেট্রোবাংলা ও তাদের আওতাধীন কোম্পানিগুলোর নতুন এবং অনিষ্পন্ন বিনিয়োগ প্রস্তাব দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে; দক্ষিণাঞ্চলে ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের সম্ভাব্যতা যাচাই জরুরি ভিত্তিতে সম্পন্ন করতে বলা হয়েছে। পেট্রোবাংলার তত্ত্বাবধানে এ সমীক্ষা শেষ করে পরবর্তী সমন্বয় সভায় অগ্রগতি উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া মাতারবাড়ীতে ল্যান্ডবেইজ এলএনজি টার্মিনাল নির্মাণের সঙ্গে সমন্বয় করে গ্যাস সঞ্চালন লাইন নির্মাণের কাজ এগিয়ে নিতে বলা হয়েছে। গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডকে (জিটিসিএল) এ বিষয়ে প্রয়োজনীয় তদারকি করতে বলা হয়েছে। মোংলায় বিপিসির নিজস্ব জমিতে এলপিজি প্রকল্প নির্মাণের কার্যক্রম অগ্রাধিকার ভিত্তিতে ত্বরান্বিত করতে বলা হয়েছে। পরিত্যক্ত গ্যাসকূপ পুনঃখননের সম্ভাব্যতা যাচাইয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের দেওয়া প্রস্তাব ও অফার তুলনামূলকভাবে পর্যালোচনা করতে বলা হয়েছে। একই সঙ্গে বিদেশি কোম্পানি ও বাপেক্সের যৌথ উদ্যোগে তেল-গ্যাস অনুসন্ধানের সম্ভাব্যতা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।