কবি জীবনানন্দ দাশের ‘নবান্নের দেশ’ বাংলাদেশে বছর ঘুরে আজ আবারও এসেছে ঐতিহ্যবাহী উৎসবের দিন ‘নবান্ন’। ‘নবান্ন’ শব্দের অর্থ ‘নতুন অন্ন’। বাংলায় শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে যে সব আচার-অনুষ্ঠান ও উৎসব পালিত হয়, নবান্ন তার অন্যতম প্রাচীন উৎসব। সাধারণত অগ্রহায়ণ মাসে আমন ধান পাকার পর কাটা ও মাড়াই করা শেষে তা থেকে প্রস্তুত চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত উৎসবই হলো ‘নবান্ন’। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি বাঙালির নিজে খেয়ে ও অন্যকে খাইয়ে তৃপ্ত হওয়ার যে চিরন্তন ভাবনা রয়েছে, তারই বহিঃপ্রকাশ ঘটে এই উৎসবে।
নবান্ন কোনো ধর্মীয় উৎসব নয়, এর সঙ্গে নির্দিষ্ট দিনক্ষণ, তিথি-নক্ষত্র বা চাঁদের অমাবস্যা-পূর্ণিমার কোনো যোগ নেই। প্রচুর ফসল হলে হৈমন্তিক উৎসবটি অগ্রহায়ণ মাসের যেকোনো দিন উদযাপন করা হয়। নবান্ন কেবল নতুন ধানের ভাত, পিঠা-পুলি খাওয়ার আয়োজন নয়; এটি কৃষকের শ্রম, মাটির উর্বরতা, প্রকৃতির উদারতা আর ফসল ঘরে তোলার আনন্দের সম্মিলিত উদযাপন।
Manual5 Ad Code
বাংলাদেশের বগুড়ার আদমদীঘির শালগ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামে এখনও নবান্ন ঘিরে উৎসবের আমেজ দেখা যায়। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম ও বর্ধমানেও আনুষ্ঠানিকভাবে এ উৎসব পালিত হয়। তবে সময়ের পরিবর্তনে ঘরে ঘরে নবান্ন উদযাপনের প্রচলন অনেকটাই কমেছে। অঞ্চলভেদে রীতির পার্থক্য থাকলেও এ উৎসবের অন্তর্নিহিত আবেদন একÑ নতুন ফসলের জন্য প্রাণ ও প্রকৃতির কাছে কৃতজ্ঞতা জানানো আর এই প্রাপ্তির আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়া।
Manual6 Ad Code
তবু ঐতিহ্যের টানে নতুন করে নবান্নের উদযাপন কী গ্রামে, কী নগরে আবারও বাড়ছে। ১৯৯৮ সাল থেকে রাজধানী ঢাকায় আনুষ্ঠানিকভাবে নবান্ন উৎসব উদযাপন শুরু হয়। জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদ প্রতিবছর পহেলা অগ্রহায়ণ এ উৎসবের আয়োজন করে। এবার রাজধানীর রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত হবে ২৮তম জাতীয় নবান্ন উৎসব। আজ পহেলা অগ্রহায়ণে সকাল ৭টা ১৫ মিনিটে বিশিষ্ট শিল্পী হাসান আলীর বাঁশির সুরে শুরু হবে এ আয়োজন। শিশুদের পরিবেশনা, একক ও দলীয় সংগীত, নৃত্য ও আবৃত্তির পাশাপাশি এ আয়োজনে থাকবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা। উৎসব প্রাঙ্গণে আগতদের জন্য রয়েছে পিঠা, খৈ, মুড়কি, মোয়া, মুরালি ও বাতাসার আয়োজন।
Manual6 Ad Code
অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় সাংস্কৃতিক আন্দোলন ‘আবর্তন’ আয়োজন করেছে ‘নবান্ন উৎসব-২০২৬’। সকাল ১০টা থেকে ‘চিত্রকলায় নবান্ন’ শীর্ষক আর্ট ক্যাম্প, বৃক্ষরোপণ কর্মসূচি এবং বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এখানে। এ ছাড়াও রাজধানীসহ দেশের অন্যান্য জেলা-উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘নবান্ন’ উপলক্ষে নানা ধরনের অনুষ্ঠান করবে।