বাংলাদেশে শিক্ষা বাণিজ্য নয়, সেবামূলক খাত এ কথা নীতিনির্ধারকদের মুখে প্রায়ই শোনা যায়। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন ফরম বিক্রির নামে আদায় করা হচ্ছে বিপুল পরিমাণ অর্থ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসন্ন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাকে সামনে রেখে নির্ধারিত আবেদন ফি সেই প্রশ্নকেই নতুন করে সামনে এনেছে। কোথাও একটি ইউনিটে আবেদন করতে গুনতে হচ্ছে ১০০০ টাকা, কোথাও তা ১৮০০ টাকা পর্যন্ত। অন্যদিকে ভর্তি পরীক্ষা থেকে পাওয়া বিপুল অর্থের বড় অংশ ব্যয় ও বণ্টন নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভর্তি বিজ্ঞপ্তিতে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কেন্দ্রে ভর্তি পরীক্ষা দিতে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০০ টাকা। তবে একই পরীক্ষা ঢাকা ও রাজশাহী কেন্দ্রে দিতে চাইলে একজন শিক্ষার্থীকে গুনতে হবে ১৮০০ টাকা। শিক্ষার্থীদের যাতায়াতের খরচ ও ভোগান্তি কমাতে বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও সেখানে পরীক্ষার জন্য অতিরিক্ত ৩০০ টাকা ফি নির্ধারণ নতুন করে প্রশ্ন তৈরি করেছে। একই পরীক্ষা, একই বিশ্ববিদ্যালয় অথচ পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করলেই ফি বেড়ে যাচ্ছে।
Manual4 Ad Code
আসন্ন ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে আবেদন ফি ১০৫০ টাকা থেকে বাড়িয়ে ১২০০ টাকা করা হয়েছে। চারুকলা ইউনিটে আবেদন ফি ১২৫০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১৪০০ টাকা। ঢাবির আইবিএ ইনস্টিটিউটে (ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট) ভর্তি পরীক্ষার আবেদন ফির পরিমাণ ফি ১৫০০ টাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি বৃদ্ধির চিত্রও উদ্বেগজনক। ২০১৮-১৯ শিক্ষাবর্ষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষার আবেদন ফি ছিল ৩৫০ টাকা। এরপর তা বাড়তেই থাকে এবং ২০২১-২২ শিক্ষাবর্ষে একলাফে ৩৫০ টাকা বাড়িয়ে ১০০০ টাকা করা হয়। ২০২২-২৩ শিক্ষাবর্ষে ফি অপরিবর্তিত থাকলেও ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আরও ৫০ টাকা বাড়ানো হয়। রাজশাহী বিশ্ববিদ্যালইয়ে এ ইউনিটে (মানবিক) আবেদন ফি ১৩২০ টাকা, বি ইউনিটে (বাণিজ্য) ১১০০ টাকা ও সি ইউনিট (বিজ্ঞান) ১৩২০ টাকা। তবে এবার তুলনামূলকভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালইয়ে আবেদন ফি কিছুটা কম। চবিতে প্রতি ইউনিটে আবেদন ফি ১০০০ টাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতি ইউনিটে আবেদন ফি ১২০০ টাকা। শিক্ষাবিদরা মনে করেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে আবেদন ফি নেওয়া হয় তা শিক্ষার্থী ও অভিভাবকদের ওপর বাড়তি চাপ তৈরি করে। ভর্তি পরীক্ষা নিতে যে খরচ হয়, কেবল সেটাই নেওয়া উচিত।
এদিকে শুধু আবেদন ফি নিয়েই প্রশ্ন শেষ নয়। ভর্তি পরীক্ষার ফরম বিক্রি থেকে পাওয়া অর্থের ব্যবহার ও বণ্টন নিয়েও রয়েছে গুরুতর অভিযোগ। অনুসন্ধানে দেখা যায়, অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আয় থেকে নির্ধারিত অংশ বিশ্ববিদ্যালয়ের কোষাগারে জমা না দিয়ে বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভাগ করে নেওয়া হয়। উপাচার্য থেকে শুরু করে বিভিন্ন কমিটির সদস্যদের সম্মানী ও দায়িত্ব ভাতার নামে বড় অঙ্কের অর্থ উত্তোলন করা হয়। ফলে শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া আবেদন ফি অনেক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের আয় না হয়ে সংশ্লিষ্টদের বাড়তি আয়ের উৎসে পরিণত হয়েছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নিয়ম অনুযায়ী, ভর্তি পরীক্ষার ফরম বিক্রি থেকে পাওয়া অর্থের ৬০ শতাংশ পরীক্ষাসংক্রান্ত কাজে ব্যয় করা যাবে। বাকি ৪০ শতাংশ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিলে জমা দিতে হবে। কিন্তু ভর্তি ফি কত টাকা করে নেওয়া যাবে সে বিষয়ে ইউজিসি বা শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা নেই। ফলে বিশ্ববিদ্যালয়গুলো ইচ্ছামতো গলাকাটা ফি নেয়। শুধু তা-ই নয় ৪০ শতাংশ অর্থ বিশ্ববিদ্যালয়ের কোষাগারে জমা না দিয়ে সেটিও বিভিন্ন খাতে বণ্টনের তথ্য অনুসন্ধানে উঠে এসেছে। একাধিক বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এই নীতিমালা অনুসরণে ঘটনা ঘটেছে।
স্নাতক প্রথম বর্ষের ভর্তি ফরম বিক্রির আয়ের ৪০ শতাংশ বিশ্ববিদ্যালয় তহবিলে জমা দেয়নি চারটি বিশ্ববিদ্যালয়। এতে ১ কোটি ৬২ লাখ ৫৫ হাজার ৯৯১ টাকা আর্থিক ক্ষতি হয়েছে বলে নিরীক্ষা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০১৫-১৬ থেকে ২০১৮-১৯ অর্থবছরে এসব বিশ্ববিদ্যালয়ে এ অনিয়মের ঘটনা ঘটে। এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফরম বিক্রির আয় থেকে ৪০ শতাংশ হিসাবে ৫৭ লাখ ৯৬ হাজার ২৩১ টাকা, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৭৯ লাখ ৫৭ হাজার ৬৪৪ টাকা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১১ লাখ ২ হাজার ১৬৬ টাকা এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ১৩ লাখ ৯৯ হাজার ৯৫০ টাকা জমা দেওয়া হয়নি।
ভর্তি পরীক্ষার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একাধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ভর্তি পরীক্ষা আয়োজনের মূল কাজ প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ ও ওএমআর শিট ছাপানো। এসব খাতে ব্যয় তুলনামূলক কম হলেও পরীক্ষা আয়োজনের নামে বড় অঙ্কের অর্থ খরচ দেখানো হয়। এর উল্লেখযোগ্য অংশ ব্যয় হয় পরীক্ষার হলে দায়িত্ব পালন, গার্ড ও দায়িত্ব ভাতার নামে।
ভর্তি পরীক্ষা আয়োজনের সঙ্গে যুক্ত বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তারাও বড় অঙ্কের সম্মানী ও ভাতা পান। বিশ্ববিদ্যালয়ভেদে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের নামে এক থেকে ৮ লাখ টাকা পর্যন্ত উত্তোলনের তথ্য পাওয়া গেছে। এরপর কোর কমিটি, ডিনস কমিটি ও অন্যান্য উপকমিটির সদস্যদের নামে অর্থ বরাদ্দ দেওয়া হয়। সবশেষে অবশিষ্ট অর্থ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে বিভিন্ন অনুপাতের ভিত্তিতে বণ্টন করা হয়।
গত ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য পারিশ্রমিক বাবদ ৬ লাখ টাকা নেন। উপ-উপচার্য ও কোষাধ্যক্ষ নেন সাড়ে ৫ এবং ৫ লাখ টাকা করে। একইভাবে গুচ্ছ কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার আহ্বায়ক ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ কে এম মতিনুর রহমান ৮ লাখ টাকা নিয়েছেন। একই পরীক্ষায় অর্থ কমিটির আহ্বায়ক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শাওকত আলী নেন ৩ লাখ টাকা। আবার উপাচার্য হিসেবে তারা নিজ নিজ বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি পরীক্ষার সম্মানী গ্রহণ করেন।
Manual4 Ad Code
এ বিষয়ে শিক্ষাবিদদের অভিমত, সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে কর্মকর্তা-কর্মচারী সবার বেতনই রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজন ও এর আনুষঙ্গিক কাজ তাদের দায়িত্বের অংশ। ফলে এই কাজের জন্য বিপুল অঙ্কের অতিরিক্ত অর্থ নেওয়া নৈতিকভাবে সমর্থনযোগ্য নয়। তবে ছুটির দিনে দায়িত্ব পালনের জন্য যৌক্তিক পরিমাণ সম্মানী দেওয়া যেতে পারে। কিন্তু সেই সুযোগে হাজার হাজার টাকা ভাগ করে নেওয়া অন্যায়।
এই অর্থের চাপ শেষ পর্যন্ত গিয়ে পড়ে শিক্ষার্থীদের ওপর। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে একজন শিক্ষার্থীকে একাধিক বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হয়। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আবেদন ফি, পরীক্ষাকেন্দ্রে যাতায়াত, থাকা-খাওয়াসহ আনুষঙ্গিক খরচ মিলিয়ে ভর্তি হওয়ার আগেই বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হয়। বিশেষ করে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য এই ব্যয় বড় বাধা হয়ে দাঁড়ায়। অনেক পরিবারের পক্ষে একাধিক বিশ্ববিদ্যালয়ে আবেদন করার সামর্থ্য থাকে না। ফলে মেধা ও যোগ্যতা থাকা সত্ত্বেও আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক শিক্ষার্থী পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ হারান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ মজিবুর রহমান বলেন, শিক্ষা কখনো বাণিজ্যিক পণ্য হতে পারে না। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার আবেদন ফি নির্ধারণের ক্ষেত্রে শিক্ষার্থীদের আর্থিক সামর্থ্য ও পরিবারের ওপর চাপের বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত। ভর্তি পরীক্ষা আয়োজন করতে যে পরিমাণ অর্থ ব্যয় হয়, তার যৌক্তিক হিসাব করেই ফি নির্ধারণ করা প্রয়োজন। একই সঙ্গে ভর্তি পরীক্ষার আয়-ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা পান। তাই ভর্তি পরীক্ষার দায়িত্ব পালনের জন্য অতিরিক্ত সম্মানী গ্রহণের ক্ষেত্রেও যৌক্তিকতা থাকা জরুরি। কোনোভাবেই শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থ সংশ্লিষ্টদের বাড়তি আয়ের উৎস হওয়া উচিত নয়।