বড়ই অসামাজিক হয়ে উঠছেন বিয়ানীবাজারের সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা। তুচ্ছ ঘটনা কিংবা অস্থিরতাকে আরও উস্কে দিচ্ছেন সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা। বিয়ানীবাজার তথা এই উপজেলার প্রবাসে থাকা একটি অংশ নানাভাবে অতিরঞ্জিত তথ্য, অপতথ্য ও কুতথ্য ছড়াচ্ছে। যাচাই-বাছাইহীন এসব প্রচারণা মুহূর্তেই ছড়িয়ে পড়ছে লাখো মানুষের মোবাইল ফোনে, যা অনেক ক্ষেত্রে সামাজিক স্থিতিশীলতা বিনষ্টের কারণ হয়ে ওঠছে।
সম্প্রতি বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের এক তরুণী সিলেট আদালতে পর্ণোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেন। এতে তিনি তার প্রেমিক আসামীর বিরুদ্ধে মোবাইল ফোনে আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ করেন। শুক্রবার রাত ৮ টার দিকে পৌরশহরের নিদনপুরে আইনশৃংখলা বাহিনীর একটি অভিযান নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। কিছুদিন আগে পৌরশহরের দক্ষিণ বিয়ানীবাজারে গাড়ি পার্কিং নিয়ে সৃষ্ট একটি ঘটনাও সামাজিক মাধ্যমে উত্তাপ ছড়ায়। এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও প্রশাসনের বিরুদ্ধেও যেমন খুশী তেমন প্রপাগান্ডা চালানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভালো খারাপ-মানবিক অমানবিক কিংবা ছোট-বড় সব প্রসঙ্গই সামাজিক মাধ্যমে তুলে এনে প্রচারণা করা হচ্ছে।
সুজন বিয়ানীবাজার শাখার সভাপতি এডভোকেট মো: আমান উদ্দিন বলেন, সামাজিক মাধ্যম ব্যবহার করে গুজব ও অপতথ্য ছড়ানোর প্রবণতা আগেও ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে অপপ্রচারকারীদের সবচেয়ে বড় পুঁজি হয়ে উঠেছে চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা। রাজনৈতিক অনিশ্চয়তা ও অবিশ্বাসের পরিবেশে নানা পক্ষ নিজেদের স্বার্থ হাসিলে ব্যবহার করছে অনলাইন। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যেমন কঠিন হচ্ছে, তেমনি ঝুঁকির মুখে পড়ছে সামাজিক সম্প্রীতি।
জানা যায়, স্থানীয়ভাবে একজনকে দেখে আরেকজন ভিডিও বানাচ্ছেন বেশি ভিউ পাবার জন্য। কারণ ভিডিও যত ভিউ হবে, আয় বাড়বে তত বেশি। সামাজিক যোগাযোগমাধ্যমে এখন অর্থ আয়ের নেশায় ঘুরে বেড়াচ্ছে একশ্রেণির তরুণ। যারা নিজের পোস্টে লাইক, কমেন্ট, শেয়ার বাড়ানোর জন্য যা-না তাই প্রচার করে বেড়াচ্ছে। ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়েও কোনো জ্ঞান নেই এসব তরুণের।
Manual6 Ad Code
রাজনৈতিক প্রতিপক্ষরাও একে অন্যের বিরুদ্ধে বিভিন্ন সময় অপপ্রচার চালান এই সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে। এসব কারণে সহিংসতার ঘটনাও ঘটে। এছাড়া সাম্প্রদায়িক বিষয় নিয়েও পক্ষে-বিপক্ষে তর্ক থেকে জন্ম নেয় বিদ্বেষ। এ থেকে সৃষ্টি হয় সামাজিক সহিংসতা।
Manual4 Ad Code
বিয়ানীবাজার উপজেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি এডভোকেট আবুল কাশেম বলেন, অনলাইনে উস্কানি ছড়ানোর বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক প্রচার-প্রচারণা বেশি হচ্ছে। যে কারো বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ানো, গুজব ছড়ানোর সহজ মাধ্যম ফেসবুক।
Manual5 Ad Code
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির জানান, ‘আমাদের অনেকেই না বুঝে অন্যের পোস্ট শেয়ার করে দিই। আমরা জানার চেষ্টা করি না যে, আসলে তথ্যটি সঠিক কি না। কোনো বিষয়ে শতভাগ নিশ্চিত না হয়ে শেয়ার, লাইক বা কমেন্ট করা উচিত নয়। এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’ তিনি বলেন, গুজব ছড়ানোদের কোন ছাড় নেই। যারা গুজব ছড়িয়ে বা বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে সুবিধা নিতে চায় তাদের চিহ্নিত করে অবশ্যই কঠিন শাস্তির আওতায় আনা হবে।