তৃতীয় কোনো দেশে যেতে বাংলাদেশের কিছু লোককে ভারতের ভিসা নিতে হয়। বিশেষ করে যেসব দেশের দূতাবাস বা সংশ্লিষ্ট ভিসা কার্যক্রম বাংলাদেশে নেই, সেসব দেশের ভিসা বা সেখানে আবাসন-অনুমতির আবেদন করতে অনেক বাংলাদেশিকেই ভারতীয় ভিসা সেন্টারে যেতে হয়। চিকিৎসা, সম্মেলন, ব্যবসা ও অন্য প্রয়োজনেও নিয়মিত ভারতমুখী হন বাংলাদেশিরা। ভারতীয় ভিসা পাওয়ার এ প্রক্রিয়ায় দালাল নির্ভরতার অভিযোগ উঠেছে।
আবেদনকারীদের অভিযোগ, ভারতীয় ভিসা পেতে প্রথমে আবেদনকারীকে অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে আবেদনফরম পূরণ করে জমা দিতে হয়। আবেদন শেষে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে-এর অ্যাপয়েন্টমেন্ট পোর্টালে স্লট পেতে নিবন্ধন করতে হয়। ভুক্তভোগীদের অভিযোগ, অনলাইনে নির্ধারিত সময়ে ভিসার জন্য আবেদন জমা দেওয়ার পর তারা দিনের পর দিন অপেক্ষা করেও স্লট পান না। কিন্তু দালালদের টাকা দিলেই স্লট পাওয়া যায়। তারা বলেন, শুধু তাই নয় স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিটসহ বিভিন্ন ভিসায় ইউরোপের অনেক দেশে যাওয়ার জন্য ভারতে যেতে হয়। কারণ সংশ্লিষ্ট দেশের বাংলাদেশে দূতাবাস নেই। এসব ক্ষেত্রে ডাবল এন্ট্রি ভিসার প্রয়োজন হয়। ডাবল এন্ট্রি ভিসার ক্ষেত্রে দালাল ছাড়া ১ বছর অপেক্ষা করেও স্লট পাওয়া যায় না।
ডাবল এন্ট্রি ভিসাতেও দালালের দৌরাত্ম্য : ভারতীয় হাইকমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, তৃতীয় দেশের ভিসার জন্য আবেদনকারী বাংলাদেশি নাগরিকদের জন্য ডাবল এন্ট্রি ভিসার ব্যবস্থা রয়েছে। এ ধরনের ভিসা সর্বোচ্চ তিন মাস পর্যন্ত বৈধ হয় এবং ভারতে অবস্থানের ক্ষেত্রে ১৫ দিনের সময়সীমা থাকে। এ ভিসার মূল উদ্দেশ্য হলো বাংলাদেশে দূতাবাস নেই এমন দেশে যেতে হলে বাংলাদেশি নাগরিক ভারতে গিয়ে সংশ্লিষ্ট মিশনে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে হাজির হয়ে তা উপস্থাপন করবেন। এ ক্ষেত্রে ভারতীয় ভিসা পেতে হলে ভারতীয় ভিসার জন্য আবেদন করে স্লট নিয়ে দূতাবাসে ভাইভা দিতে হয়। ভাইভার সময় সঙ্গে করে সংশ্লিষ্ট দেশ থেকে অফার লেটার পেয়েছেন এমন কাগজপত্র নিয়ে যেতে হয়। অভিযোগ রয়েছে বৈধ ডকুমেন্টস নিয়ে অপেক্ষা করেও স্লট পাওয়া যায় না, কিন্তু দালালদের টাকা দিলেই তারা স্লট সংগ্রহ করে দেয়। অনুসন্ধানে এমন তথ্যও পাওয়া গেছে, প্রয়োজনীয়তার প্রকৃত প্রমাণ না থাকা সত্ত্বেও দালালের মাধ্যমে ডাবল এন্ট্রি ভিসা সংগ্রহ করা সম্ভব হচ্ছে।
অভিযোগ অনুযায়ী, তৃতীয় দেশের দূতাবাসে আবেদন বা সাক্ষাৎকারের প্রয়োজনীয়তা দেখাতে জাল বা অসত্য কাগজপত্র ব্যবহার করা হচ্ছে। নামমাত্র সাক্ষাৎকারের পরও তারা দালালের মাধ্যমে ভারতীয় ডাবল এন্ট্রি ভিসা পেয়ে যাচ্ছেন।
দুই তরুণের দুই দেশে যাওয়ার গল্প : অনুসন্ধানে সিলেট ও ব্রাহ্মণবাড়ীয়ার দুই তরুণের এমন দুটি ঘটনার তথ্য পাওয়া গেছে। তাদের একজন পর্তুগালে যাওয়ার জন্য এবং অন্যজন ফিনল্যান্ডে যাওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে ভারতে সংশ্লিষ্ট মিশনে যাওয়ার উদ্দেশ্যে ভারতীয় ডাবল এন্ট্রি ভিসা নেন বলে জানা গেছে। তাদের ভাষ্য অনুযায়ী, ভারতীয় ভিসার জন্য আবেদন থেকে শুরু করে কাগজপত্র প্রস্তুত করা এবং ভিসা পাওয়ার পুরো প্রক্রিয়ায় দালালের সহায়তা নেন তারা।
Manual5 Ad Code
নামপ্রকাশ না করার শর্তে সিলেটের এক তরুণ বলেন, এক আত্মীয়ের মাধ্যমে পর্তুগালের একটি কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট পান তিনি। এরপর ভারতীয় ডাবল এন্ট্রি ভিসার জন্য আবেদন করে স্লটের অপেক্ষায় থাকেন। কিন্তু ছয় মাস অপেক্ষা করেও স্লট পাননি। পরে স্থানীয় এক দালালের সঙ্গে যোগাযোগ করেন। ওই দালালের সঙ্গে পর্তুগালের ওয়ার্ক পারমিট ও ভারতীয় ডাবল এন্ট্রি ভিসার বিষয়ে চুক্তি করেন তিনি।
ওই তরুণ বলেন, দালাল তাকে জানান, পর্তুগালের একটি কোম্পানির সঙ্গে তাদের চুক্তি রয়েছে। ফলে এক মাসের মধ্যে অফার লেটার পাওয়া যাবে। তবে এর আগে ভারতীয় ভিসা নিশ্চিত করতে হবে। তার হাতে ওয়ার্ক পারমিটের কোনো কাগজপত্র না থাকায় দালাল পর্তুগালে যাওয়ার প্রয়োজনীয় কাগজপত্রের পরিবর্তে ভুয়া কাগজ তৈরি করে ভারতীয় ভিসার ব্যবস্থা করেন। পরে নামমাত্র সাক্ষাৎকার দিয়ে ডাবল এন্ট্রি ভিসা পান তিনি।
ওই তরুণের অভিযোগ, দালালদের সঙ্গে ভারতীয় দূতাবাসের কর্মচারীদের যোগাযোগ রয়েছে। ভিসা ও অন্য ব্যবস্থা করে দেওয়ার জন্য দালালকে এক লাখ ৪০ হাজার টাকা দিয়েছেন তিনি। বাকি সব ব্যবস্থা দালালরাই করেছেন। তাকে নামমাত্র সাক্ষাৎকার দিতে হয়েছে।
এক সপ্তাহে স্লট, খরচ ১ লাখ ২০ হাজার টাকা : একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন চাঁদপুরের রাশেদুজ্জামান। তিনি দেশ রূপান্তরকে বলেন, ফিনল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের জন্য বৃত্তি পেয়েছেন তিনি। ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে ভারতে ফিনল্যান্ড দূতাবাসে যেতে হবে। এ জন্য অনলাইনে এক মাস ধরে আবেদন করে স্লট পাওয়ার চেষ্টা করেন, কিন্তু স্লট পাননি তিনি।
Manual8 Ad Code
পরে বাধ্য হয়ে দালালের শরণাপন্ন হন তিনি। রাশেদুজ্জামান বলেন, দালালের সঙ্গে এক লাখ ২০ হাজার টাকায় চুক্তি করার পর মাত্র এক সপ্তাহের মধ্যে তাকে স্লট পাইয়ে দেওয়া হয়।
অনলাইনে স্লট নেই, দালালের কাছে গেলেই ‘ব্যবস্থা’ : রাজধানী ঢাকার বেসরকারি একটি ব্যাংকে চাকরি করেন ইলমা মনি। ভারতীয় ভিসা পেতে বিরূপ অভিজ্ঞতা রয়েছে তার। সম্প্রতি তিনি বলেন, ‘পূজোর ছুটিতে ভারতে ঘুরতে যাওয়ার প্ল্যান করি আমি। যেহেতু ভারতীয় ভিসা পেতে দেরি হয় তাই আমি গত জুনে ভারতীয় ভিসার আবেদন করে অনলাইন থেকে স্লট নেওয়ার চেষ্টা করি। কিন্তু স্লট না পেয়ে শেষ মুহূর্তে পরিকল্পনা বদল করে নেপাল থেকে ঘুরে আসি।’
Manual2 Ad Code
তিনি বলেন, ‘আমি অনলাইনে সারা রাত খুঁজে স্লট পাই না, আর আমার পরিচিত অনেকেই ১০ হাজার টাকা করে দালালদের দিয়ে স্লট কিনে নেন। কৌতূহল থেকে এক দালালের সঙ্গে যোগাযোগ করলে তিনি ১০ হাজার টাকায় স্লট নিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।’
দুই মাসেও স্লট পাননি বিশ্ববিদ্যালয় শিক্ষক : দালাল নির্ভরতার অভিযোগের আরেকটি উদাহরণ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের ঘটনা। সম্প্রতি ভারতের হরিয়ানায় একটি সম্মেলনে অংশগ্রহণের জন্য সপরিবারে তিনি আমন্ত্রণ পান। সম্মেলনে যোগ দিতে প্রয়োজনীয় প্রক্রিয়ার অংশ হিসেবে ভারতীয় ভিসা নেওয়ার চেষ্টা করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, প্রায় দুমাস চেষ্টা করেও তিনি প্রয়োজনীয় স্লট পাননি।
তিনি বলেন, ‘যেহেতু ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে তাই আমার ভাবনায় ছিল ভিসা পাওয়া সহজ হবে। কিন্তু স্লট পেতে ব্যর্থ হয়ে আমি ভারতীয় দূতাবাসে মেইল করি, এমনকি রাজশাহীতে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারের দায়িত্বরতদের সঙ্গে দেখা করার চেষ্টা করি। কিন্তু আমি ব্যর্থ হই। ভারতীয় ভিসা কেন্দ্রের সামনে রাজশাহীতে এক দালালের সঙ্গে কথা হলে তিনি আমাকে ৫০ হাজার টাকা দিলে সপরিবারে (স্ত্রী ও দুই ছেলেমেয়েসহ) ভারতীয় ভিসার ব্যবস্থা করে দেওয়ার কথা জানান। যদিও শেষ পর্যন্ত আমার আর ভারত যাওয়া হয়নি।’
এই ঘটনা একটি বড় প্রশ্ন সামনে আনে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক, যার কাছে বৈধ সম্মেলনের আমন্ত্রণপত্র রয়েছে, তিনিও যদি নিয়মিত প্রক্রিয়ায় সময়মতো আবেদন জমা দিতে সমস্যায় পড়েন, তাহলে সাধারণ আবেদনকারীদের পরিস্থিতি কী?
Manual5 Ad Code
ভারতীয় ভিসাপ্রক্রিয়া ও ফেইক ডকুমেন্টস নিয়ে দূতাবাসে ভাইভা দেওয়ার বিষয়ে জানতে চেয়ে ভারতীয় দূতাবাসে এ প্রতিবেদক মেইল পাঠালেও কোনো প্রত্যুত্তর পাননি।
ভারতের ভিসার স্লটগুলো অসাধু এজেন্টরা বেশ আগেই ব্লক করে ফেলে বলে জানিয়েছেন দেশটির উপহাইকমিশনার। গত ১৮ অক্টোবর টাঙ্গাইলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অসাধু এজেন্টরা আগেভাগেই ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট ব্লক করে রাখায় সাধারণ আবেদনকারীরা ভোগান্তিতে পড়েন। মূল সমস্যাটা হলো স্লট নিয়ে। কারণ, আমরা (ট্রাভেল) এজেন্টদের পুরোপুরি এড়িয়ে যেতে পারছি না; এখানে প্রচুর অসাধু এজেন্ট (মধ্যস্থতাকারী) কাজ করছে, যাদের নিজস্ব স্বার্থ রয়েছে। তারা বেশ আগেই স্লটগুলো ব্লক করে ফেলে, যার ফলে সাধারণ নাগরিকরা ভিসার স্লট পাওয়া থেকে বঞ্চিত হন এবং দুর্ভাগ্যবশত তাদের (ভিসাকাক্সক্ষী) ওই এজেন্টদের শরণাপন্ন হতে হয়।’