প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

এনআইডি সংশোধনে জাল নথি, যাচাইয়ে ইসির প্রযুক্তিগত সীমাবদ্ধতা

editor
প্রকাশিত নভেম্বর ২১, ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ণ
এনআইডি সংশোধনে জাল নথি, যাচাইয়ে ইসির প্রযুক্তিগত সীমাবদ্ধতা

Manual1 Ad Code

 

প্রজন্ম ডেস্ক:

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সংশোধনে জাল ও ভুয়া নথিপত্রের ব্যবহার বাড়ায় বিপাকে পড়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন, এনআইডিতে বয়স কমানো, জন্মতারিখ পরিবর্তন, পিতা-মাতার নাম সংশোধনসহ বিভিন্ন আবেদনের সঙ্গে দাখিল করা ওয়ারিশ সনদ, নাগরিক সনদ, পুরোনো পাসপোর্ট, কাবিননামা ও হলফনামার মতো গুরুত্বপূর্ণ কাগজপত্র অনলাইনে যাচাইযোগ্য না হওয়ায় সেগুলোর সত্যতা নির্ধারণে তারা হিমশিম খাচ্ছেন। আর ইসির প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে ফটোশপ বা অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে জাল কাগজপত্র তৈরি করছে দালাল চক্র। সেসব ভুয়া বা জাল কাগজপত্র জমা দিয়ে নিজেদের প্রয়োজনমতো এনআইডি সংশোধনের সুযোগ নিচ্ছেন অসাধু গ্রাহকরা।

Manual5 Ad Code

 

ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) কর্মকর্তারা জানান, সন্দেহজনক নথি শনাক্তে অভিজ্ঞতা, মূল কাগজপত্র পরীক্ষা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের ওপর তাদের নির্ভর করতে হচ্ছে। প্রায়ই নথি জাল, স্বাক্ষর সম্পাদনা, স্মারক নম্বর পরিবর্তন এবং হলফনামায় নকল স্বাক্ষর ব্যবহারের ঘটনা ধরা পড়ছে। এমনকি সিভিল সার্জনের নামে জাল প্রত্যয়নপত্র তৈরি করে জন্মতারিখ ১১ বছর কমানোর চেষ্টার প্রমাণও তারা পেয়েছেন। জালিয়াতি ঠেকাতে বয়স সংশোধনের আবেদনে ওয়ারিশ সনদ বাধ্যতামূলক করা এবং এনআইডি ডেটাবেসে বাবা-মা ও ভাই-বোনের তথ্য যুক্ত করাসহ নানা উদ্যোগ নিয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ।

 

জাল নথিতে এনআইডি সংশোধনের চেষ্টা

এনআইডি সংশোধনে আবেদনকারীর নথি পর্যালোচনায় প্রায়ই জালিয়াতির প্রমাণও পান সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা জানান, নথি জালিয়াতি ও তথ্যগত অসংগতির কারণে অনেক আবেদন বাতিলের সুপারিশ করা হয়। তেমনই একজন ময়মনসিংহের আব্দুর রহিম (ছদ্মনাম)। তিনি ২০০৮ সালে ভোটার হন। এনআইডিতে তার জন্মতারিখ ছিল ১৯৭৮ সালের ২ ফেব্রুয়ারি। সেটি পরিবর্তন করে ১৯৮৯ সালের ২ ফেব্রুয়ারি দেখানোর মাধ্যমে বয়স ১১ বছর কমানোর আবেদন করেন তিনি।

গত ২৩ সেপ্টেম্বর করা আবেদনের সঙ্গে সিভিল সার্জনের একটি প্রত্যয়নপত্র জমা দেন আব্দুর রহিম। ১৭ অক্টোবর ওই প্রত্যয়নপত্রের সত্যতা যাচাইয়ে রেডিওলজিক্যাল প্রতিবেদন চাওয়া হয়। একই দিন তা জমা দেন। কিন্তু যাচাইয়ে দেখা যায়, সিভিল সার্জনের নামে দেওয়া প্রত্যয়নপত্রটি জাল। ময়মনসিংহের সিভিল সার্জনও নিশ্চিত করেন, তার দপ্তর থেকে এমন কোনো প্রত্যয়নপত্র দেওয়া হয়নি। এ ছাড়া তার জমা দেওয়া পারিবারিক সনদ, ওয়ারিশ সনদ ও প্রত্যয়নপত্রে ইউনিয়ন পরিষদের প্রশাসকের স্বাক্ষর এডিট বা সম্পাদনা করে বসানোর প্রমাণ পাওয়া যায়। তিনটি নথিতে একই স্মারক নম্বর ব্যবহারের বিষয়টিও সন্দেহজনক হিসেবে চিহ্নিত হয়। এসব জালিয়াতির কারণে আবেদনটি বাতিলের সুপারিশ করা হয়েছে।

কুমিল্লার মো. আয়নাল (ছদ্মনাম) জন্মতারিখ ১৯৭১ সালের ১ জানুয়ারির পরিবর্তে ১৯৭৪ সালের ১ জানুয়ারি করার আবেদন করেন। অর্থাৎ বয়স তিন বছর কমানোর চেষ্টা করেন তিনি। আবেদনের সঙ্গে জমা দেওয়া শিক্ষাগত সনদ যাচাইয়ে জাল প্রমাণিত হওয়ায় আবেদনটি বাতিল করা হয়। এ ছাড়া মুন্সীগঞ্জের মাহবুব আলম (ছদ্মনাম) ২০০৮ সালে ভোটার হওয়ার পর এনআইডিতে থাকা ১৯৮২ সালের ৮ মার্চের জন্মতারিখ পরিবর্তন করে ১৯৯০ সালের ৩০ নভেম্বর করার আবেদন করেন। প্রস্তাবিত জন্মতারিখ অনুযায়ী ভোটার হওয়ার সময় তার বয়স দাঁড়ায় প্রায় ১৭ বছর। গত ১২ অক্টোবর করা আবেদনে ওয়ারিশ সনদ ও বাবা-মায়ের প্রত্যয়নপত্র জমা দেন তিনি। যাচাইয়ে দেখা যায়, এসব নথিতে একই স্মারক নম্বর ব্যবহার করা হয়েছে এবং চেয়ারম্যানের স্বাক্ষর এডিট করে বসানো হয়েছে। মায়ের এনআইডির সঙ্গে আবেদনের তথ্যের অমিলের পাশাপাশি হলফনামায় স্বাক্ষর নকলের প্রমাণও পাওয়া যায়।

অনলাইনে নথি যাচাইয়ে সীমাবদ্ধতা

Manual8 Ad Code

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তারা জানান, এনআইডি সংশোধনের ক্ষেত্রে কিছু নথির সত্যতা যাচাইয়ে প্রযুক্তিগত সীমাবদ্ধতা রয়েছে। ই-পাসপোর্টের তথ্য যাচাইয়ের সুযোগ থাকলেও পুরোনো পাসপোর্টের ক্ষেত্রে তা সীমিত। একইভাবে ওয়ারিশ সনদ, নাগরিক সনদ, কাবিননামা ও হলফনামার স্মারক নম্বর, ইস্যুর তারিখ কিংবা স্বাক্ষর অনলাইনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তথ্যভান্ডারের সঙ্গে মিলিয়ে দেখার ব্যবস্থা নেই। ফলে মূল নথির আদলে জাল কাগজ তৈরি কিংবা প্রকৃত নথির তথ্য পরিবর্তন করে জমা দিলে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা কঠিন হয়।

এ কারণে আবেদনকারীদের সন্দেহজনক নথি শনাক্তে এখন কর্মকর্তাদের অভিজ্ঞতা, মূল কাগজপত্র পরীক্ষা এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগের ওপর নির্ভর করতে হচ্ছে। তারা জানান, দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা থেকে নথির ধরন, স্মারক নম্বর, স্বাক্ষর ও অন্যান্য তথ্য পর্যালোচনা করে অনেক সময় জালিয়াতির সন্দেহ তৈরি হয়। তবে সন্দেহ হওয়া আর আইনগতভাবে জাল প্রমাণ করা এক বিষয় নয়। এ কারণে কোনো নথিতে সন্দেহ দেখা দিলে আবেদনকারীকে মূল কাগজপত্রসহ উপস্থিত হতে বলা হয়। মূল নথি দেখতে ডাকার পর কেউ কেউ আর উপস্থিত হন না।

Manual6 Ad Code

কর্মকর্তাদের ধারণা, মূল কাগজপত্র পরীক্ষা করলে জালিয়াতি ধরা পড়তে পারে–এ আশঙ্কা থেকে এমনটি হতে পারে। তবে এ ধরনের আবেদনকারী কতজন, তার কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি। প্রয়োজনে মাঠপর্যায়ে তদন্ত, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা দপ্তরে চিঠি দিয়ে সত্যতা যাচাই করা হয়। আবার আদালতের হলফনামার ক্ষেত্রে সংশ্লিষ্ট আদালতের মাধ্যমেও যাচাই করার প্রয়োজন হয়। এসব কারণে কোনো নথি জাল কি না, তা নিশ্চিত করতে সময় লাগছে ৭ থেকে ১৫ দিন, কোনো কোনো ক্ষেত্রে এক মাস বা আরও বেশি।

 

বয়স সংশোধনে ওয়ারিশ সনদ বাধ্যতামূলক

বয়স সংশোধনের আবেদনে পারিবারিক তথ্য যাচাইকে গুরুত্ব দিচ্ছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। এ ক্ষেত্রে ওয়ারিশ সনদের মাধ্যমে আবেদনকারীর ভাই-বোনের সংখ্যা, তাদের বয়সের ক্রম, পিতা-মাতার নাম এবং পারিবারিক সম্পর্ক যাচাই করা হয়। প্রয়োজনে ভাই-বোনের এনআইডির তথ্যের সঙ্গেও আবেদনকারীর তথ্য মিলিয়ে দেখা হয়। কর্মকর্তারা জানান, বয়স সংশোধনের ক্ষেত্রে প্রায় সব আবেদনে ওয়ারিশ সনদ বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে আবেদনকারীর দেওয়া জন্মতারিখ ও পারিবারিক তথ্যের মধ্যে সামঞ্জস্য আছে কি না, তা যাচাই করা সহজ হবে।

এ ছাড়া এনআইডির আবেদন ফরম-২-তে পারিবারিক তথ্য যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি প্রস্তাব সচিবের কাছে সমন্বয়ের জন্য পাঠানো হয়েছে। উদ্যোগটি বাস্তবায়িত হলে এনআইডি ডেটাবেসে পিতা-মাতা ও ভাই-বোনের তথ্য সংযুক্ত করা সম্ভব হবে। এতে ভবিষ্যতে নাম, বয়স ও পারিবারিক পরিচয় সংশোধনের আবেদনে তথ্য যাচাই সহজ হতে পারে। একই সঙ্গে এক ব্যক্তির একাধিক পরিচয় বা পারিবারিক তথ্যের অসংগতিও শনাক্ত করার সুযোগ তৈরি হবে।

 

Manual7 Ad Code

জালিয়াতি রোধে ইসির পরিকল্পনা

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, এনআইডি সংশোধনের ক্ষেত্রে আবেদনকারীদের জমা দেওয়া সব ধরনের নথি অনলাইনে যাচাইয়ের ব্যবস্থা এখনো নেই। বিশেষ করে পুরোনো পাসপোর্ট, ওয়ারিশ সনদ, নাগরিক সনদ, কাবিননামা ও হলফনামার সত্যতা যাচাইয়ে সীমাবদ্ধতা রয়েছে। ফলে কোনো কোনো ক্ষেত্রে কর্মকর্তাদের অভিজ্ঞতা, বিচার-বিশ্লেষণ ও মাঠপর্যায়ের তদন্তের ওপর নির্ভর করতে হয়। তিনি বলেন, ‘এ সীমাবদ্ধতার সুযোগ নিয়ে কেউ যাতে জাল নথি ব্যবহার করে বয়স বা ব্যক্তিগত তথ্য পরিবর্তন করতে না পারেন, সে বিষয়ে আমরা সতর্ক। এ ছাড়া এনআইডি তথ্যভান্ডার সমৃদ্ধ করার পাশাপাশি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের তথ্যভান্ডারের সঙ্গে সমন্বয় এবং তথ্য যাচাইয়ের প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর বিষয়টি আমরা বিবেচনা করছি।’

তার মতে, এনআইডি সংশোধনে জাল নথি ব্যবহার রোধে শুধু আবেদন যাচাইয়ের প্রচলিত পদ্ধতির ওপর নির্ভর না করে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে তথ্য বিনিময় ও অনলাইন যাচাই ব্যবস্থা গড়ে তোলা গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট নথির তথ্য অনলাইনে যাচাই করা সম্ভব হলে জালিয়াতি শনাক্ত করা যেমন সহজ হবে, তেমনি আবেদন নিষ্পত্তিতে সময়ও কমবে। আখতার আহমেদ আরও জানান, এনআইডি ব্যবস্থাপনায় পুরোনো সব তথ্য হালনাগাদের পরিকল্পনাও তাদের রয়েছে। সেই লক্ষ্যে ১৫ বছর পর এনআইডির ছবি, স্বাক্ষর ও অন্যান্য তথ্য পরিবর্তনের উদ্যোগ কার্যকর করার বিষয়টি বিবেচনাধীন। নাগরিকদের ভোগান্তি কমিয়ে সঠিক তথ্যের ভিত্তিতে তাদের প্রয়োজনীয় সংশোধন নিশ্চিত করাই ইসির লক্ষ্য।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code