প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

সবকিছুতেই ভেজাল: অসাধু চক্রের কবলে খাদ্য বাজার

editor
প্রকাশিত নভেম্বর ২১, ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ণ
সবকিছুতেই ভেজাল: অসাধু চক্রের কবলে খাদ্য বাজার

Manual5 Ad Code

 

প্রজন্ম ডেস্ক:

পলিথিনে মোড়ানো হলুদ রঙের পেঁপে। ক্ষতিকর রাসায়নিক পদার্থ দেওয়ায় পেঁপেটি অকালপক্ব হয়ে হলুদ রং ‘ধারণ’ করেছে। পণ্যটি শোভা পাচ্ছিল রাজধানীর কারওয়ান বাজারের মনির মোল্লা নামের এক ব্যক্তির ব্যবসাপ্রতিষ্ঠানে। নিয়মিত বাজার পরিদর্শনের সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাধ্য হয়েই ওই প্রতিষ্ঠানটিকে জরিমানা করে।

একই বাজারের রেলগেটের পাশেই লাইনের পানি জারে ভরে বেশি দামে বিক্রি করা হচ্ছে দেদার। ধরাও পড়ে হাতেনাতে। এই অপরাধে গত মঙ্গলবার পানি বিক্রয়কারী প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।

তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে রয়েছে র‌্যাবেন ফুড নামে এক প্রতিষ্ঠান। সেখানে ট্যালকম পাউডার, রং ও ফ্লেভার দিয়ে শিশুখাদ্য তৈরি করা হয়। হাতেনাতে ধরা পড়ায় গত বুধবার প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়। এভাবে প্রতিদিনই অসাধু চক্র অহরহ ভেজাল ও নকল পণ্য তৈরি ও বিক্রি করছে।

 

Manual2 Ad Code

রাজধানীর বাইরেও চলছে ভেজাল ও নকল পণ্য উৎপাদন ও বিক্রি। সে চিত্র আরও ভয়াবহ। জেলি ও রাসায়নিক পদার্থ দিয়ে পাবনার টিকরিপাড়া এলাকায় গাভি ছাড়াই দুধ তৈরি করে দেদার বিক্রি করা হচ্ছে। একই এলাকায় রাসায়নিক পদার্থ দিয়ে কলা পাকানো হয়। শিশুদের প্রিয় খাবার চিপসেও নন-ফুড গ্রেড রং ব্যবহার করায় নারায়ণগঞ্জ জেলার শহীদনগর এলাকার বেস্ট রিয়েল ফুড প্রোডাক্ট নামক শিশুখাদ্য (চিপস) উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এভাবেই অসাধু চক্র ভেজাল পণ্য তৈরি করছে।

ভোক্তা অধিদপ্তর, বিএসটিআই, নিরাপদ খাদ্য অধিদপ্তর অভিযানে বের হলেই ধরা পড়ছে খাদ্যে ভেজালের নমুনা। ভেজাল, নিষিদ্ধ দ্রব্য মিশ্রণ, অবৈধ উপায়ে নকল পণ্য উৎপাদন ও বিক্রি, মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করার অভিযোগে শুধু ভোক্তা অধিদপ্তরই গত বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ১৪ হাজারের বেশি ব্যবসাপ্রতিষ্ঠানকে ১৪ কোটি টাকার বেশি জরিমানা করেছে। বিভিন্ন অপরাধে ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ২ লাখ ৫২ হাজারের বেশি ব্যবসাপ্রতিষ্ঠানকে ১৮৬ কোটি টাকার বেশি জরিমানা করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, অসাধু চক্রকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে না পারলে সব চেষ্টাই বিফলে যাবে। ভেজাল পণ্যের কারণে ভোক্তারা চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন, বাড়ছে ক্ষোভ। বাধ্য হয়ে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা সম্প্রতি জাতীয় সংসদে ভেজাল প্রতিরোধে আরও কঠিন আইন প্রণয়নের দাবি জানিয়েছেন।

পুষ্টির জন্য ফল খুবই দরকারি খাদ্য। রাসায়নিক দিয়ে কলা ও পেঁপে পাকানোর খবর সম্প্রতি ফলাও করে প্রচার হয়েছে। এতে সচেতন ভোক্তাদের অনেকেই এসব ফল খাওয়া বন্ধ করে দিয়েছেন। তাদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ দেখা গেছে। এ ব্যাপারে গতকাল কারওয়ান বাজারে মো. দুরুল হোদা নামে এক ভোক্তা বলেন, ‘আগে গাছপাকা পেঁপে খেয়েছি। সেগুলো পুরোটা হলুদ হতো না। তার পরও স্বাদে ছিল দারুণ। এখন দেখছি কাগজে মোড়ানো। বের করলে পুরোটাই হলুদ রঙের। তাই কিনতে ভয় পাচ্ছি। কারণ সম্প্রতি টিভি ও পত্রপত্রিকায় দেখেছি, রং দিয়ে কলা, পেঁপে পাকানো হচ্ছে। সরকারের পক্ষ থেকে কঠোর নজরদারি প্রয়োজন।’

শুধু কারওয়ান বাজারেই নয়, মোহাম্মদপুরের টাউন হল ও নিউ মার্কেট বাজারেও দেখা গেছে ভোক্তাদের ক্ষোভ। তারা বলছেন, ভেজালকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। কেরানীগঞ্জ, মোহাম্মদপুর, কলাবাগান, গুলশান, মতিঝিলের মতো এলাকাতেও নামদামি হোটেলে চরম অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য প্রক্রিয়া করে বিক্রি করা হচ্ছে।

Manual4 Ad Code

নারায়ণগঞ্জ জেলার শহীদনগর ও কুতুবপুর এলাকায় গত সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালায় বেস্ট রিয়েল ফুড প্রোডাক্ট নামক এক প্রতিষ্ঠানে। সেখানে চিপস উৎপাদন করা হয়। অভিযানের সময় দেখা যায়, রিং চিপস, ছুটি চিপস, ইস্টার চিপস, রিয়াল স্টার বিবিকিউ চিপসের কোনো অনুমোদন নেই। সনদ ছাড়াই হালাল লোগো দিয়ে তৈরি করা হচ্ছিল ওই নামের চিপসগুলো। প্যাকেটের গায়ে ছিল না উৎপাদনকারী প্রতিষ্ঠানের ঠিকানাও। নন-ফুড গ্রেড রং ব্যবহার করে উৎপাদিত পণ্য সংরক্ষণ করা হয় অস্বাস্থ্যকর পরিবেশে। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত অভিযান চালায়। ২০০৯ সালে সীমিত লোকবল দিয়ে কার্যক্রম শুরুর পর বাজার অভিযান শুরু করা হয়। তাতে ৫৪টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ১ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। ২০১০ সালে ১ হাজার ৫১২ ব্যবসাপ্রতিষ্ঠানকে ১ কোটি ৭০ লাখ টাকা জরিমানা করা হয়। তবে ২০২৪ সালের আগস্টে সরকার পরিবর্তনের পর ভোক্তা অধিদপ্তরের কার্যক্রম কিছুটা বাধাগ্রস্ত হয়। এ জন্য বাজার অভিযানও কম হয়েছে। ১৫ বছরের ব্যবধানে জরিমানা বহুগুণ বেড়েছে। গত বছর ২৮ হাজার ৭০২ ব্যবসাপ্রতিষ্ঠানকে ২৫ কোটি ২৫ লাখ টাকা জরিমানা করা হয়। এভাবে ২০০৯ থেকে এ পর্যন্ত ২ লাখ ৫২ হাজার ২৭৫ ব্যবসাপ্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে ১৮৬ কোটি ৩১ লাখ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে একাধিক প্রতিষ্ঠানকে তিন থেকে চারবার পর্যন্ত জরিমানা করা হয়েছে।

 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. জহিরুল ইসলাম বলেন, ‘এই প্রতিষ্ঠানের কাজ ভোক্তাদের স্বার্থ দেখা, স্বস্তি দেওয়া এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা। তবে চ্যালেঞ্জ হচ্ছে আমাদের লোকবল সংকট। বিভাগ ও জেলা পর্যায়ে লোকবল, পরিবহনসহ আনুষঙ্গিক অনেক কিছুর ঘাটতি রয়েছে। তার পরও আমাদের যে শক্তি আছে, তা দিয়ে প্রতিদিন বাজারে যাচ্ছি। বিক্রেতাদের সতর্ক করা হচ্ছে। অভিযানে কোনো অসংগতি পাওয়া গেলে তা ধরা হচ্ছে। আগের যেকোনো সময়ের তুলনায় অভিযান বাড়ানো হয়েছে। এ জন্য জরিমানাও বাড়ছে। গতকাল বৃহস্পতিবারও বিভিন্ন অপরাধে রাজধানী ঢাকাসহ দেশের ৩৪ জেলায় অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৮৯টি প্রতিষ্ঠানকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়।’

এক প্রশ্নের উত্তরে মো. জহিরুল ইসলাম বলেন, ‘অসাধু ব্যবসায়ী ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে হবে। দেখা গেছে, একই ব্যবসায়ীকে তিন-চারবার, এমনকি পাঁচবারও জরিমানা করা হয়েছে। তার পরও সংশোধন হচ্ছে না। দেশ-বিদেশের বিভিন্ন নামিদামি কোম্পানির পণ্যও নকল করে বাজারে বিক্রি করা হচ্ছে। নেসলে কোম্পানির নকল নেসক্যাফ কফিও বিক্রি হচ্ছে। ক্ষতিকর রং মিশিয়ে বিভিন্ন পণ্য তৈরি করা হচ্ছে। এতে ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। এ ধরনের ব্যবসায়ীদের দোকান সিলগালা বা ব্যবসা বন্ধ করে দেওয়া হচ্ছে। এটা আমাদের জন্য চ্যালেঞ্জিং। এ কাজে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), নিরাপদ খাদ্য অধিদপ্তরকেও সম্পৃক্ততা বাড়াতে হবে।

Manual2 Ad Code

এ ব্যাপারে মো. জহিরুল ইসলাম বলেন, ‘ভেজাল পণ্য, নকল পণ্য, মানুষের জীবন বিপন্নকারী ওষুধ বিক্রির বিরুদ্ধে আমরা সমন্বয় করে ব্যবস্থা নিয়ে থাকি। প্রশাসনিক ক্ষমতাবলে আমরা বিভিন্ন ধারায় অসাধু ব্যবসায়ীদের জরিমানা করে থাকি। ভোক্তা আইনে কোনো সাজার ব্যবস্থা নেই। তাই বিদ্যমান আইনটি সংশোধন করা হচ্ছে। ভেজাল ও নিষিদ্ধ পণ্য বিক্রির সর্বোচ্চ শাস্তি ৩ লাখ টাকা করা হচ্ছে। এ ছাড়া অনলাইনে প্রতারণা বাড়লেও বিদ্যমান আইনে ডিজিটাল কমার্স নেই। তাই ডিজিটাল কমার্সকে আইনে অন্তর্ভুক্ত করে সংশোধনের জন্য ইতোমধ্যে আন্তমন্ত্রণালয় সভা হয়েছে। সভা করে জনমত নেওয়ার পর মন্ত্রিপরিষদে পাঠানো হবে।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, অসাধু লোকের কোনো ধর্ম নেই। এদের সংখ্যা খুবই কম। তাদের কারণে পুরো ব্যবসায়ী সমাজ বদনাম নিতে চায় না। সব ক্ষেত্রেই প্রতারণা করছে অসাধু চক্র। তাদের শক্তভাবে ধরতে হবে। এদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। অসাধু চক্রকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘কিছু ব্যবসায়ী অতি মুনাফার লোভ সামলাতে পারে না। আইন না মেনেই তারা এ কাজ করে। তাই ভোক্তা অধিদপ্তর, প্রতিযোগিতা কমিশনসহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাকে দেখতে হবে, কেউ অন্যায় করছে কি না। যে অন্যায় করবে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। আগের তুলনায় হয়তো অভিযানও বাড়ছে। এ কারণে জরিমানার পরিমাণও বাড়ছে। সবাইকে সচেতন হতে যাবে। আমার বার্তা স্পষ্ট। যারা অসৎভাবে ব্যবসা করবে, তাদের শাস্তির আওতায় আনতে হবে।’

 

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (জনস্বাস্থ্য ও পুষ্টি) ড. মোহাম্মদ মোস্তফা বলেন, ‘বাজারে ফল পাকাতে রাসায়নিক ব্যবহার ও দুধে ভেজাল রোধে তাদের নিজস্ব মোবাইল টিম কাজ করছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গেও আমাদের কর্মকর্তারা যৌথভাবে অভিযানে অংশ নিচ্ছেন। ভোক্তা অধিদপ্তর ছোটখাটো অপরাধে ২ হাজার থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা জরিমানা করে। জনস্বাস্থ্যের জন্য ভেজাল, নকল পণ্য খুবই ঝুঁকিপূর্ণ। তাই সরকারের নির্দেশ ভেজালের বিরুদ্ধে জিরো টলারেন্স। সে জন্য সরকারি বিশেষ নির্দেশনায় দেশের প্রতিটি জেলায় মাসে ১৫টি করে মোবাইল কোর্ট ও অভিযান চালানোর চেষ্টা চলছে। গত মাসে ১ কোটি টাকার বেশি জরিমানা আদায় করা হয়েছে। নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৫৮ নম্বর ধারায় খাদ্য ভেজালের অপরাধে সর্বনিম্ন জরিমানা ১ লাখ টাকা এবং সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত জরিমানা ও পাঁচ বছরের কারাদণ্ড বা উভয় দণ্ডের ব্যবস্থা করা হয়েছে।

সম্প্রতি একটি হোটেলকে ৬ লাখ টাকা জরিমানা এবং ছয় মাসের সাজা দেওয়া হয়েছে। বিক্রেতা দোষ স্বীকার করলে ঘটনাস্থলেই শাস্তি দেওয়া হয়। অপরাধ স্বীকার না করলে নমুনা ল্যাবরেটরিতে পাঠানো হয়। ল্যাব টেস্টে ভেজাল প্রমাণিত হলে আদালতে মামলা করা হয়।

Manual4 Ad Code

 

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code