কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুরুল আমিন (৬০) নামে এক দৃষ্টিপ্রতিবন্ধী বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। একই ঘটনায় আহত হয়েছেন নিহতের চার সন্তান।
Manual4 Ad Code
সোমবার রাত ১১টার দিকে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড এলাকার চৌধুরীর চা দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত নুরুল আমিন ওই এলাকার বাসিন্দা। আহতরা হলেন- নুরুল আমিনের ছেলে বজলুর রহমান ভুলু (৩১), মো. মামুন (২৫), ফিরোজ (১৮) ও মেয়ে আছমা আক্তার (২৭)। আহতদের মধ্যে দুজন লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। আর বাকি দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
Manual3 Ad Code
আহত বজলুর রহমান ভুলু জানান, স্থানীয় চৌধুরীর চা দোকানের সামনে একটি মাচায় বসে একই এলাকার কামাল, জামাল, মাসুদ, আলমগীর, মনির ও সেলিম নেশা করত। এ নিয়ে দুদিন আগে তার সঙ্গে অভিযুক্তদের বাগবিতণ্ডা হয়।
সোমবার রাতে চা দোকানে ভুলুর ভাই মামুন চা খেতে গেলে পাওনা টাকার জেরে চা দোকানদার চৌধুরীর সঙ্গে তার তর্কবিতর্ক হয়। এ সুযোগে কামাল, জামাল, মাসুদ, আলমগীর, মনির ও সেলিম মিলে মামুনকে মারধর করেন। খবর পেয়ে ভুলু, তার দৃষ্টিপ্রতিবন্ধী বাবা নুরুল আমিন ও বোন আছমা আক্তার সেখানে গেলে তাদেরও মারধর করা হয়। এতে একই পরিবারের বাবা, ছেলে ও মেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক নুরুল আমিনকে মৃত ঘোষণা করেন।
ভুলু বলেন, ‘মাদকের প্রতিবাদ করায় তারা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছেন। বাবাকে হত্যা করেছেন। এ বিষয়ে মামলা করা হবে।’
এ বিষয়ে অভিযুক্তরা পলাতক ও তাদের ব্যবহৃত মোবাইল ফোন নম্বর বন্ধ থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
Manual6 Ad Code
কমলনগর থানার ওসি তহিদুল ইসলাম বলেন, ‘ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে সেলিম নামের একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।’