স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীর রাস্তাঘাটে শৃঙ্খলা ফেরাতে এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছে প্রশাসন। চলমান এ অভিযানের অংশ হিসেবে আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় অটোরিকশার চার্জিং পয়েন্টগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং মিটার খুলে নেওয়া হয়।
Manual4 Ad Code
প্রশাসনের সূত্র জানায়, সিলেটে দীর্ঘদিন ধরে নিবন্ধনবিহীন টমটম ও ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা দ্রুত বাড়তে থাকায় যানজট, দুর্ঘটনা ও জনভোগান্তি বেড়ে যাচ্ছিল। এ অবস্থায় নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার্জিং পয়েন্ট শনাক্ত করে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে মুহূর্তেই অনেক অটোরিকশা ও টমটম রাস্তার মাঝপথে থেমে যায়। যদিও এতে চালক ও যাত্রীদের ভোগান্তি হয়, তবে সড়কে চলাচল কিছুটা স্বাভাবিক হয়।
Manual6 Ad Code
অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, ধাপে ধাপে পুরো নগর জুড়ে অভিযান পরিচালনা করা হবে এবং নিয়ম ভেঙে অবৈধভাবে যান চালালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নগরবাসীর নিরাপদ যাতায়াত ও সড়কে শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেন, বিদ্যুৎ বিভাগের দেওয়া তালিকা অনুযায়ী ৩৮টি চার্জিং পয়েন্টে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের কার্যক্রম চলছে। এর বাইরেও যদি কোথাও সংযোগ থাকে, সেগুলোও বিচ্ছিন্ন করা হবে।
Manual6 Ad Code
এদিকে, নগরে অবৈধ যানবাহনের বিরুদ্ধে এসএমপির বিশেষ অভিযানও চলছে। বুধবার অভিযানের তৃতীয় দিনে প্রথম পালে ৪৫টি যান আটক করা হয়। এর মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশা ৩২টি, সিএনজি অটোরিকশা ২টি, মোটরসাইকেল ১০টি এবং একটি পিকআপ রয়েছে। একই দিনে বিভিন্ন আইন অমান্যের দায়ে ১২টি মামলা দায়ের করা হয়। সোমবার অভিযানের প্রথম দিনে ৮৭টি যান আটক ও ১৭টি মামলা দায়ের করা হয় এবং মঙ্গলবার দ্বিতীয় দিনে আটক হয় ১০৫টি যান ও মামলা হয় ৩২টি।