নেপথ্যে একটি ভিডিও কল, আনচেলত্তির সঙ্গে যে কথোপকথনের পর ডাক পেলেন নেইমার
নেপথ্যে একটি ভিডিও কল, আনচেলত্তির সঙ্গে যে কথোপকথনের পর ডাক পেলেন নেইমার
editor
প্রকাশিত মে ১৯, ২০২৬, ১২:৫৭ অপরাহ্ণ
Manual6 Ad Code
স্পোর্টস ডেস্ক :
সব নাটকীয়তার অবসান ঘটিয়ে ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন নেইমার জুনিয়র। বিশ্বকাপ স্কোয়াডে তাকে ফেরানোর নেপথ্যে বড় ভূমিকা রেখেছে কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে হওয়া একটি ভিডিও কল। শেষ পর্যন্ত সেই কথোপকথনের পরই ব্রাজিলের ২৬ সদস্যের দলে জায়গা পেয়েছেন সান্তোস তারকা।
Manual6 Ad Code
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, গত বৃহস্পতিবার আনচেলত্তি ও ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) জাতীয় দল পরিচালক রদ্রিগো কায়েতানো ভিডিও কলে নেইমারের সঙ্গে কথা বলেন। সেখানে জাতীয় দলে তার নতুন ভূমিকা নিয়ে খোলামেলা আলোচনা করা হয়।
আনচেলত্তি স্পষ্ট করে দেন, নেইমার আর দলের অধিনায়ক থাকছেন না। এমনকি শুরুর একাদশেও তার জায়গা নিশ্চিত নয়। ইতালিয়ান এই কোচ আরও জানান, তার অধীনে ব্রাজিল দলে নতুন কিছু আচরণবিধি চালু হয়েছে, যেগুলো সবাইকে মেনে চলতে হবে।
সিবিএফ সূত্রে জানা গেছে, নেইমারকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আরও সংযত হওয়ার পরামর্শও দেওয়া হয়। আগের তুলনায় জাতীয় দলের পরিবেশে অনেক পরিবর্তন এসেছে বলেও তাকে জানানো হয়। তবে পুরো আলোচনা ইতিবাচকভাবেই নিয়েছেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। ভিডিও কলে হাস্যোজ্জ্বল ছিলেন নেইমার এবং তিনি প্রতিশ্রুতি দেন, বিশ্বকাপে দলের জন্য সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবেন।
গত সেপ্টেম্বরের পর এটিই ছিল আনচেলত্তি ও নেইমারের প্রথম সরাসরি যোগাযোগ। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের দাবি, এই আলোচনার পর থেকেই সিবিএফের ভেতরে নেইমারের বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত হিসেবে দেখা হচ্ছিল।
Manual4 Ad Code
সোমবার সকালে সান্তোসের হয়ে ম্যাচে কাফ মাসলে ব্যথা পাওয়ার পর নেইমারের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে সিবিএফ। পরে নিশ্চিত হওয়া যায়, গুরুতর কোনো চোট নেই। এরপরই তাকে চূড়ান্ত দলে নেওয়ার সিদ্ধান্ত হয়। তাকে জায়গা দিতে গিয়ে বাদ পড়েন জোয়াও পেদ্রো।
Manual2 Ad Code
দল ঘোষণার পর নেইমার আনচেলত্তিকে ধন্যবাদ জানিয়ে বার্তা পাঠান বলেও জানা গেছে। প্রসঙ্গত, আগামী ২৭ মে বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবেন নেইমারসহ ব্রাজিল দলের ২৬ ফুটবলার। ৩১ মে মারাকানায় পানামার বিপক্ষে একটি বিদায়ী প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এরপর ১ জুন যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবে পাঁচবারের চ্যাম্পিয়নরা।
Manual2 Ad Code
বিশ্বকাপের আগে আরও একটি প্রীতি ম্যাচে ৬ জুন মিশরের মুখোমুখি হবে ব্রাজিল। ১৩ জুন নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান।