শান্তিগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের শান্তিগঞ্জে কুরিয়ার সার্ভিসের একটি কাভার ভ্যানের চাপায় পিষ্ট হয়ে রিক সূত্রধর (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
Manual1 Ad Code
বুধবার (৩ জুন) দুপুর ২টার দিকে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী এলাকায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিক সূত্রধর ওই এলাকার নান্টু সূত্রধরের ছেলে।
Manual8 Ad Code
স্থানীয় বাসিন্দা ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রিক তার স্বজনদের সঙ্গে মহাসড়কের পাশে অবস্থান করছিল। একপর্যায়ে সে রাস্তা পার হওয়ার চেষ্টা করলে সুনামগঞ্জ থেকে সিলেটগামী ঢাকা মেট্রো-ম (১১-৮৭৭৬) নম্বরের ‘STEAD FAST’ কুরিয়ার সার্ভিসের একটি কাভার ভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর কাভার ভ্যানটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তবে স্থানীয়দের সহযোগিতায় জাউয়া বাজার এলাকা থেকে গাড়িটি আটক করা সম্ভব হয়। এ সময় চালক পালিয়ে যায়।
খবর পেয়ে জয়কলস হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
Manual2 Ad Code
জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত কাভার ভ্যানটি জাউয়া বাজার এলাকা থেকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।