স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইরাককে ৪-১ গোলে হারিয়েছে উড়ন্ত সূচনা করেছে নরওয়ে। প্রথমবার বিশ্বকাপে খেলতে নেমে জোড়া গোল করেছেন আর্লিং হালান্ড। বাকি দুটি গোলের একটি করেন লিও স্কিরি অস্টিগার্ড, অন্যটি ছিল আত্মঘাতী। ইরাকের পক্ষে একমাত্র গোলটি করেন আইমেন হুসেইন।
Manual3 Ad Code
বুধবার (১৭ জুন) বোস্টন স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৪টায় অনুষ্ঠিত ম্যাচের ২৯ মিনিটে ডেভিড মোলারের দারুণ একটি ক্রস গোলমুখে ভেসে আসে, আর স্লাইড করে পা ছুঁইয়ে বল জালে পাঠিয়ে দেন হালান্ড। এতে বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই গোল পান তিনি।
হালান্ডের গোলে নরওয়ে লিড পেলেও তা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ১০ মিনিট পর ম্যাচের ৩৯ মিনিটে বাঁ প্রান্ত থেকে আমির আল আম্মারির ক্রসে শূন্যে লাফিয়ে হেডে গোলরক্ষক ওরজান নিল্যান্ডকে পরাস্ত করেন আইমেন হুসেইন। এতে সমতায় ফিরে ইরাক।
Manual8 Ad Code
সমতায় ফেরার ৩ মিনিট পরই ইরাকের গোলরক্ষক জালাল হাসানের ভুলে গোল উপহার পান হালান্ড। দৌড়ে আসা হালান্ডের সামনে থেকে তিনি বল ক্লিয়ার করতে গিয়ে তা হালান্ডের পায়ে লেগে জালে জড়ায়। এতে প্রথমার্ধেই নিজের দ্বিতীয় গোলের দেখা পান তিনি। এতে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় নরওয়ে।
বিরতি থেকে ফিরে ইরাকের জালে বল জড়ান লিও স্কিরি অস্টিগার্ড। আর অতিরিক্ত সময়ে (৯০+৭ মিনিটে) আইমেনের আত্মঘাতী গোলে ৪-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে নরওয়ে।