স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জায়গা-জমি ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে মন্নার মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
Manual8 Ad Code
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার আটগাঁও ইউনিয়নের নিজগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মন্নার মিয়া ওই গ্রামের আব্দুল হেকিমের ছেলে।
Manual7 Ad Code
স্থানীয় সূত্রে জানা যায়, নিজগাঁও গ্রামের আটগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আজব আলী ও ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক রউফ মিয়ার মধ্যে জায়গা-জমি ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার দুপুরে বিরোধপূর্ণ জায়গায় রউফ মিয়া বেড়া দিলে আজব আলীর লোকজন তা তুলে ফেলতে যান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে রউফ মিয়ার পক্ষের মন্নার মিয়া গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ মন্নার মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Manual2 Ad Code
এ বিষয়ে শাল্লা উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল বলেন, আওয়ামী লীগের সাবেক সভাপতি আজব আলীর সঙ্গে কৃষকদল নেতা রউফ মিয়ার পক্ষের সংঘর্ষে বিএনপির কর্মী মন্নার মিয়া নিহত হয়েছেন।
Manual1 Ad Code
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে কি না এবং এ ঘটনায় কোনো মামলা বা গ্রেপ্তারের ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।