জৈন্তাপুর প্রতিনিধি :
সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ বিভিন্ন ধরনের অবৈধ পণ্য জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, চাদর, চশমা, ক্রিম, পাতার বিড়ি, খাসিয়া পান ও গরু। বুধবার (৪ নভেম্বর) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল কানাইঘাট উপজেলার সিংগারখাল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ২৮৭ পিস ভারতীয় শাড়ি, ৪২ পিস চাদর, ২ হাজার ২২০টি চশমা, ৫০০ পিস মেলব্রন ক্রিম এবং ৫ হাজার ৪০ প্যাকেট পাতার বিড়ি জব্দ করা হয়। এসব মালামালের সিজারমূল্য ৩৯ লাখ ৭১ হাজার টাকা।
Manual1 Ad Code
অন্যদিকে, মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাতে লোভাছড়া ও গুয়াবাড়ী বিওপির পৃথক বিশেষ আভিযানিক টহলদল কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪৫ বিড়া ভারতীয় খাসিয়া পান ও দুটি গরু জব্দ করা হয়। এসব মালামালের সিজারমূল্য ১ লাখ ১৩ হাজার ৫০০ টাকা।
Manual8 Ad Code
বিজিবির হিসাব অনুযায়ী, দুটি অভিযানে সর্বমোট ৪০ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা মূল্যের অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা জোরদারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান চালানো হয়েছে। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Manual5 Ad Code
সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।