দেশের বিভিন্ন স্থানে দায়ের হওয়া নাশকতা ও সহিংসতার মামলাগুলোর তদন্তে নতুন গতি সঞ্চার হয়েছে। দীর্ঘদিন ঝুলে থাকা কিংবা স্থবির হয়ে পড়া এসব মামলার নথিপত্র পর্যালোচনা শুরু হওয়ায় তদন্তে গতি এসেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের পাশাপাশি স্থানীয় বিএনপি নেতা ও আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসীদের নামও উঠে আসছে তদন্তে। সম্প্রতি কয়েকটি জেলায় বোমাবাজি ও আগুনের ঘটনায় তদন্ত করতে গিয়ে এমন অনেকের সম্পৃক্ততা পেয়েছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।
অপরাধ বিশ্লেষকদের মতে, নাশকতার মতো গুরুতর অপরাধের সুষ্ঠু বিচার নিশ্চিত করা সুশাসন প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। তবে এ প্রক্রিয়াটি হতে হবে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ। কোনো ধরনের প্রভাব বা চাপের কাছে নতিস্বীকার না করে তদন্ত সংস্থাগুলোকে নির্ভুল অভিযোগপত্র আদালতে দাখিল করতে হবে।
তদন্তসংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে সংগৃহীত নতুন তথ্যপ্রমাণ, প্রযুক্তিগত বিশ্লেষণ ও গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পুরনো মামলাগুলোতে নতুন করে অনেকের নাম উঠে আসছে। তবে অভিযোগপত্র দাখিলের আগে কারও বিরুদ্ধে ঢালাও ব্যবস্থা না নিয়ে ‘আসল সম্পৃক্ততা’ যাচাইয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। তা ছাড়া তদন্ত প্রক্রিয়ায় প্রভাবশালী মহলের তদবিরের অভিযোগ উঠেছে। তাদের মতে, রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ, ভাঙচুর ও স্থাপনায় হামলার ঘটনায় দায়ের করা মামলাগুলোর তথ্য পুনরায় যাচাই করা হচ্ছে। এতে প্রকৃত অপরাধীদের শনাক্ত করা, রাজনৈতিক কারণে নিরপরাধ ব্যক্তিরা আসামি হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুরোনো মামলার নথি, সাক্ষ্য, আলামত ও ডিজিটাল তথ্যের মধ্যে অসংগতির তথ্যও উঠে আসছে। একই সঙ্গে তদন্তের গতিপথ পরিবর্তন, আসামিদের পক্ষে প্রভাব বিস্তার এবং গুরুত্বপূর্ণ তথ্য আড়ালের অভিযোগ যাচাই করে দেখছে তদন্ত সংশ্লিষ্টরা
পুরনো মামলার নথিতে নজর : রাজনৈতিক সহিংসতা ও নাশকতার অভিযোগে দায়ের হওয়া মামলাগুলোর তদন্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কোন ব্যক্তি সরাসরি অপরাধে অংশ নিয়েছিল, কারা পরিকল্পনা বা অর্থায়নে যুক্ত ছিল এবং কেউ রাজনৈতিক পরিচয়ের কারণে আসামি হয়েছে কি না। বিগত কয়েক বছরে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় এমন অসংখ্য মামলা দায়ের হয়েছিল। অনেক মামলার তদন্ত দীর্ঘদিন ধরে কার্যত থমকে ছিল। গত সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের নির্দেশনায় এসব মামলার কেস ডকেট নতুন করে পর্যালোচনা শুরু হয়েছে।
Manual5 Ad Code
তদন্ত কর্মকর্তারা বলছেন, ঘটনার সময় ধারণকৃত সিসিটিভি ফুটেজ, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপ, মোবাইল ফোনের কল ডিটেইল রেকর্ড (সিডিআর) এবং অর্থ লেনদেনের ডিজিটাল তথ্য আধুনিক প্রযুক্তির সহায়তায় পুনরায় বিশ্লেষণ করা হচ্ছে। এতে এমন অনেক ব্যক্তির নাম এসেছে, যারা প্রাথমিক এজাহারে অজ্ঞাতনামা আসামি হিসেবে ছিলেন কিংবা নেপথ্যে থেকে ঘটনার পরিকল্পনা ও অর্থ জোগানে ভূমিকা রেখেছিলেন তারা এবার নতুন করে ফেঁসে যাচ্ছেন।
Manual5 Ad Code
এ প্রসঙ্গে পুলিশ সদর দপ্তরের ডিআইজি পদমর্যাদার এক কর্মকর্তা বলেন, ‘নাশকতার মামলাগুলোর তদন্ত করতে গিয়ে দেখা গেছে, বেশিরভাগ মামলায় আওয়ামী লীগের পাশাপাশি স্থানীয় পর্যায়ের বিএনপি বা অঙ্গসংগঠনের নেতাদের নাম আসছে। ইতিমধ্যে বিষয়টি সরকারের হাইকমান্ডকে অবহিত করা হয়েছে। তা ছাড়া নেতাদের পাশাপাশি আন্ডারওয়ার্ল্ডের অপরাধীদেরও সম্পৃক্ততা থাকার তথ্য এসেছে। সব মিলিয়ে নাশকতার মামলার তদন্তে নতুন মোড় নিচ্ছে। তাড়াহুড়ো করে মামলার সময় অনেক প্রকৃত পরিকল্পনাকারী ও অর্থদাতা আড়ালে থেকে গিয়েছিলেন। এখন ডিজিটাল ফরেনসিক ও প্রযুক্তিগত প্রমাণের মাধ্যমে ঘটনার নির্দেশদাতাদের শনাক্ত করা সম্ভব হচ্ছে। ফলে পুরনো অনেক মামলার তদন্তে নতুন মাত্রাও যুক্ত হয়েছে।’
কঠোর যাচাই-বাছাই : নতুন করে নাম উঠে আসার পাশাপাশি একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে আসামিদের প্রকৃত সম্পৃক্ততা যাচাই করা। অতীতে বিভিন্ন সময় রাজনৈতিক ও ব্যক্তিগত প্রতিহিংসার জেরে নিরপরাধ ব্যক্তিদের মামলায় জড়ানোর অভিযোগ উঠেছিল। সেই বিতর্ক এড়াতে এবং বিচারিক প্রক্রিয়ায় মামলার ভিত্তি মজবুত রাখতে এবার বহুমাত্রিক যাচাই-বাছাই প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কেবল কারও জবানবন্দি বা মৌখিক অভিযোগের ভিত্তিতে কাউকে চূড়ান্ত চার্জশিটে অন্তর্ভুক্ত করা হচ্ছে না। অভিযুক্ত ব্যক্তির ঘটনার সময় অবস্থান, আর্থিক লেনদেনের প্রমাণ, প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য এবং ভিডিও ফুটেজের ফরেনসিক মিল পাওয়া গেলেই কেবল তাকে চূড়ান্তভাবে অভিযুক্ত করা হচ্ছে। যাদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে না, তাদের অব্যাহতির সুপারিশ করা হবে।
উদ্বেগ-উৎকণ্ঠা কমছেই না জনমনে : পুলিশসংশ্লিষ্টরা জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। রাজনৈতিক নেতাদের বাড়ি-ঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও পুলিশের স্থাপনায় হামলা-অগ্নিসংযোগের ঘটনা বেড়ে গেছে আশঙ্কাজনক। বিশেষ করে গোপালগঞ্জ ও নড়াইলের ঘটনায় জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।
Manual1 Ad Code
প্রভাব বিস্তার ও তদবিরের অভিযোগ : তদন্তের পরিধি বিস্তৃত হওয়ার সঙ্গে সঙ্গে নানামুখী প্রভাব বিস্তারের অভিযোগও উঠেছে। তদন্তসংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, নতুন করে যাদের নাম তদন্তে উঠে আসছে, তাদের একটি অংশ সামাজিক, আর্থিক ও রাজনৈতিকভাবে প্রভাবশালী। নিজেদের বা ঘনিষ্ঠজনদের নাম অভিযোগপত্র থেকে বাদ দিতে তারা বিভিন্ন পর্যায়ে তদবির ও চাপ প্রয়োগ করছেন। এমনকি কিছু ক্ষেত্রে প্রকৃত অপরাধীদের আড়াল করতে স্থানীয় পর্যায়ের সাধারণ কর্মী বা নিরীহ ব্যক্তিদের ওপর দায় চাপানোরও চেষ্টা চলছে। তবে তদন্তে প্রভাব বিস্তারের অভিযোগের বিষয়ে পুলিশ সদর দপ্তর ও সংশ্লিষ্ট তদন্ত সংস্থাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। এ প্রসঙ্গে রমনা থানায় দায়ের হওয়া একটি মামলার তদন্ত কর্মকর্তা বলেন, ‘তদন্তে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রভাব খাটানোর সুযোগ নেই। কোনো তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্ব, অনিয়মের প্রমাণ পেলে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।’ একই কথা বলেছেন কুমিল্লা জেলা পুলিশের এক কর্মকর্তা। তিনি বলেন, অনেকের নাম আসায় তদন্ত কর্মকর্তাদের কাছে তদবির আসছে। যারা তদবির করতে আসবে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নিতে বলেছি।
আন্ডারওয়ার্ল্ড ও চরমপন্থিদেরও তৎপরতা : পুলিশের তথ্যানুযায়ী আন্ডারওয়ার্ল্ড আগের চেয়ে বেশি তৎপর হচ্ছে। রাজনৈতিক বিরোধ বাড়ছে। টার্গেট করে হত্যাকা- ঘটানো হচ্ছে। চরমপন্থিদেরও অপকর্ম বেড়ে গেছে। অনেক অপরাধী ভাড়ায় খাটছে। দেশের ভেতরের পাশাপাশি বিদেশ থেকে হত্যার নির্দেশনা আসছে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যেও আছে আতঙ্ক। পরিস্থিতির উন্নতির জন্য সরকার নির্দেশ দিলেও পুলিশের মধ্যে ঢিলেঢালা ভাব দেখা যাচ্ছে। উদ্ধার হচ্ছে না লুণ্ঠিত আগ্নেয়াস্ত্র। ধরা পড়ছে না দাগি অপরাধী। প্রকাশ্য দিবালোকে ছিনতাই, ডাকাতি, হামলা, ধর্ষণসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনা ঘটছে।
পুলিশের শীর্ষপর্যায়ে বৈঠক : অপরাধ রোধ করতে গতকালও পুলিশ সদর দপ্তরে শীর্ষ কর্তারা বৈঠক করেছেন। বৈঠকে বেশ কিছু কঠিন সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যে পুলিশের সবকটি ইউনিট, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারদের বার্তা পাঠিয়ে বলা হয়েছে যেসব এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবে সেখানে কর্মরত পুলিশ কর্মকর্তা বা অন্য সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এমনকি তাৎক্ষণিক বদলিসহ সাময়িক বরখাস্তও করবে কর্তৃপক্ষ। নাশকতার মামলাগুলো সুষ্ঠুভাবে তদন্ত করতে বলা হয়েছে। অপরাধী কোনো রাজনৈতিক দলের নেতা হলেও কাউকে ছাড় না দিতে পুলিশ সদর দপ্তর থেকে বলা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা।