প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

এলএনজি আমদানিতে এখনো বহাল পুরনো সিন্ডিকেট

editor
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২৬, ১০:২২ পূর্বাহ্ণ
এলএনজি আমদানিতে এখনো বহাল পুরনো সিন্ডিকেট

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

প্রজন্ম ডেস্ক:

আওয়ামী লীগ সরকারের আমলে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে ঘুরেফিরে চারটি বিদেশি কম্পানি সবচেয়ে বেশি কাজ পেয়েছে। সরকার পরিবর্তনের পরও এদের মধ্যে দুটি কম্পানির কাছে যাচ্ছে এলএনজি সরবরাহের ক্রয়াদেশ।
সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের প্রভাব ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে গড়ে উঠেছিল এ ব্যবসায়িক বলয়।

কম্পানিগুলো হলো সিঙ্গাপুরের ভিটল এশিয়া ও গানভর, সুইজারল্যান্ডের টোটাল এনার্জিস এবং যুক্তরাষ্ট্রের অ্যাকসিলারেট এনার্জি। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, খোলাবাজার থেকে আমদানি করা এলএনজির ৬০ শতাংশের বেশি সরবরাহ করেছে ভিটল এশিয়া ও গানভর। জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, গত ছয় অর্থবছরে জিটুজি ও খোলাবাজার মিলিয়ে এলএনজি আমদানিতে সরকারের ব্যয় হয়েছে ১ লাখ ৬৬ হাজার কোটি টাকা। এর মধ্যে গত অর্থবছরে ব্যয় হয়েছে ৪২ হাজার ৬৪৩ কোটি টাকা।

দেশে ২০১৮-১৯ অর্থবছরে এলএনজি আমদানি শুরু হয়। প্রথম দিকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় সরকারি পর্যায়ে আমদানি করা হলেও ২০২০ সাল থেকে খোলাবাজারে কেনাকাটা শুরু হয়। গত ২০ অক্টোবর পর্যন্ত খোলাবাজার থেকে কেনা ৭৪টি কার্গোর মধ্যে ভিটল সরবরাহ করেছে ৩০টি, গানভর ১৫টি, টোটাল ১৪টি এবং অ্যাকসিলারেট এনার্জি ১০টি। বাকি পাঁচটি কার্গো সরবরাহ করেছে জাপানের জেরা, কাতার এনার্জি ও অন্যান্য প্রতিষ্ঠান।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ভিটল এশিয়া নতুন কোনো কাজ না পেলেও অক্টোবরে টোটাল ও গানভর দুটি করে মোট চারটি কার্গো সরবরাহের কাজ পেয়েছে।

এলএনজি ব্যবসায় ভিটল এশিয়ার সঙ্গে নসরুল হামিদের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের ব্যবসায়িক যোগাযোগের অভিযোগ রয়েছে। ২০১৯ সালে ঢাকায় নিবন্ধিত হয় পাওয়ারকো ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান। কম্পানিটির ওয়েবসাইটে এলপিজি, এলএনজি ও বিদ্যুৎ খাতে ব্যবসার কথা উল্লেখ রয়েছে।
সিঙ্গাপুরেও প্রতিষ্ঠানটির বাণিজ্যিক কার্যালয় রয়েছে। ভিটল এশিয়ার সঙ্গে তাদের অংশীদারত্বের তথ্যও পাওয়া গেছে।

যৌথ মূলধন কম্পানি ও ফার্মসমূহের নিবন্ধন পরিদপ্তরের তথ্য অনুযায়ী, শুরুতে নসরুল হামিদের মামা মো. কামরুজ্জামান চৌধুরী ও ভারতীয় নাগরিক নাবিল খানের অংশীদারত্বে প্রতিষ্ঠানটি নিবন্ধিত হয়। ২০২০ সালের ডিসেম্বরে কামরুজ্জামানকে সরিয়ে তার জায়গায় আনা হয় মো. মুরাদ হাসানকে। একই সঙ্গে তাকে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দেওয়া হয়।

সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, নাবিল খান নসরুল হামিদের বন্ধু। আর মুরাদ হাসান তার পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান হামিদ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা। প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আগে নসরুল নিজে গ্রুপটির ব্যবসা দেখাশোনা করতেন। পরে ছোট ভাই ইন্তেখাবুল হামিদকে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দেওয়া হয়। এলএনজি ব্যবসায় এজাজুর রহমানের সঙ্গে ইন্তেখাবুলের সংশ্লিষ্টতার অভিযোগও রয়েছে।

ভিটল এশিয়া ও গানভরের স্থানীয় প্রতিনিধি হিসেবে কাজ করেন এজাজুর রহমান। তিনি ওমানের ওকিউ ট্রেডিংয়েরও স্থানীয় প্রতিনিধি বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে ভিটলের মাধ্যমে সরকারকে জ্বালানি তেল সরবরাহের ব্যবসায় যুক্ত ছিলেন তিনি। নসরুল হামিদ তাকে এলএনজি ব্যবসায় যুক্ত করেন বলে অভিযোগ খাতসংশ্লিষ্টদের। তবে এজাজুরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, তিনি আত্মগোপনে রয়েছেন।

 

নসরুল হামিদের আত্মীয় কামরুজ্জামান, বন্ধু নাবিল খান, মুরাদ হাসান ও ভাই ইন্তেখাবুলের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। নসরুল হামিদও গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।

খোলাবাজার থেকে এলএনজি আমদানির জন্য দেশে তালিকাভুক্ত রয়েছে ২৩টি কম্পানি। তবে খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, তালিকায় অনেক প্রতিষ্ঠান থাকলেও প্রকৃত প্রতিযোগিতার পরিবেশ তৈরি হয়নি। অনেক কম্পানি দরপত্রে অংশ নেয়নি। যারা অংশ নিয়েছে, তাদেরও বড় অংশ কাজ পায়নি।

২০১৯ সালের ডিসেম্বরে প্রথম দফায় আটটি কম্পানিকে তালিকাভুক্ত করা হয়। পরে ২০২০ সালের ফেব্রুয়ারিতে আর ছয়টি প্রতিষ্ঠান যুক্ত হয়। ২০২১ সালের সেপ্টেম্বরে ভিটল এশিয়ার পাশাপাশি গানভর ও টোটাল এনার্জিস তালিকাভুক্ত হয়। ২০২৩ সালে যুক্ত হয় আরো সাতটি কোম্পনি। সর্বশেষ চলতি বছরের ৭ মার্চ ওমানের ওকিউ ট্রেডিং তালিকায় যুক্ত হলেও তিনটি দরপত্রে অংশ নিয়ে কোনো কাজ পায়নি।

অন্যদিকে এওটি ট্রেডিং ১৭টি দরপত্রে অংশ নিয়ে কাজ পেয়েছে মাত্র তিনটির। জাপানের জেরা একটি কার্গো সরবরাহ করেছে। ইতালির ইনি স্পা একটি এবং যুক্তরাজ্যের চেনিয়ার মার্কেটিং চারটি দরপত্রে অংশ নিলেও কোনো কাজ পায়নি।

Manual5 Ad Code

এলএনজি ব্যবসায় যুক্ত তিনটি কম্পানির বিরুদ্ধে বিভিন্ন দেশে ঘুষ ও দুর্নীতির অভিযোগে ব্যবস্থা নেওয়ার নজির রয়েছে। যুক্তরাষ্ট্রের ফরেন করাপ্ট প্র্যাকটিসেস অ্যাক্ট লঙ্ঘনের দায়ে ভিটল, গানভর ও টোটালকে বিভিন্ন সময়ে জরিমানা দিতে হয়েছে।

 

ব্রাজিল, ইকুয়েডর ও মেক্সিকোতে সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়ে ব্যবসা পাওয়ার দায়ে ২০২০ সালে ভিটলকে বড় অঙ্কের জরিমানা করে যুক্তরাষ্ট্র। ইকুয়েডরে ঘুষ দেওয়ার অভিযোগে গত মার্চে গানভরকে ৬৬ কোটি ডলার জরিমানা করা হয়। একই ধরনের অপরাধে ২০১৩ সালে টোটালকে ১৩ কোটি ডলার জরিমানা করা হয়েছিল।

বিগত আওয়ামী লীগ সরকার দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ (বিশেষ বিধান) আইনের মাধ্যমে উন্মুক্ত দরপত্র ছাড়াই এলএনজি কেনার সুযোগ তৈরি করে। এ আইনের অধীনে ২৩টি কম্পানির সঙ্গে মাস্টার সেলস অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্ট (এমএসপিএ) করা হয়। পরে এসব প্রতিষ্ঠানের কাছ থেকে দর প্রস্তাব নিয়ে সর্বনিম্ন দরদাতাকে ক্রয়াদেশ দেওয়া হতো। তবে পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও প্রতিযোগিতা নিয়ে প্রশ্ন রয়েছে।

অন্তর্বর্তী সরকার গত ১৮ আগস্ট বিশেষ বিধান আইন স্থগিতের ঘোষণা দেয়। তবে আগে সম্পাদিত চুক্তির আওতায় কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত হয়। পরে ৪ সেপ্টেম্বর পুরনো ২৩টি কম্পানির তালিকা নতুন করে অনুমোদন দেয় অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ঘুরেফিরে কয়েকটি কম্পানির এলএনজি সরবরাহের বিষয়টি সরকারের জানা আছে। এ কারণে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নতুন করে দরপত্র আহ্বানের মাধ্যমে তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হবে। তবে আপাতত গ্যাসের সংকট মোকাবেলায় আগের তালিকা অনুমোদন করা হয়েছে।

Manual2 Ad Code

দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুট। এর বিপরীতে সরবরাহ করা হচ্ছে ২৯০ থেকে ৩০০ কোটি ঘনফুট। এলএনজি সরবরাহের সক্ষমতা দৈনিক ১১০ কোটি ঘনফুট হলেও বর্তমানে সরবরাহ হচ্ছে ৯০ কোটি ঘনফুটের কিছু বেশি। ফলে দীর্ঘদিন ধরে গ্যাসের ঘাটতিতে ভুগছে শিল্প ও বিদ্যুৎ খাত।

ভূতত্ত্ববিদ বদরূল ইমাম বলেন, এলএনজি আমদানিতে কমিশন-বাণিজ্যের সুযোগ থাকায় দেশীয় গ্যাস অনুসন্ধানের পরিবর্তে আমদানি বাড়ানো হয়েছে। জাতীয় স্বার্থ বিবেচনা না করে ব্যক্তিস্বার্থে বিশেষ কিছু কম্পানিকে সুবিধা দেওয়া হয়েছে। দেশে গ্যাস অনুসন্ধান ও উৎপাদনে যথাযথ উদ্যোগ নেওয়া হলে আমদানির প্রয়োজন পড়ত না।

Manual3 Ad Code

 

অন্যদিকে পেট্রোবাংলা ও আরপিজিসিএলের দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, এলএনজি কেনার ক্ষেত্রে উন্মুক্ত দরপত্রের সুযোগ নেই। আগে যেসব প্রতিষ্ঠানের সঙ্গে ক্রয়-বিক্রয় চুক্তি করা হয়েছে, তাদের কাছ থেকে দর নিতে হচ্ছে।

দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ও টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, দায়মুক্তি আইন করে উন্মুক্ত প্রতিযোগিতার সুযোগ বন্ধ করা হয়েছিল। ২৩টি কম্পানির তালিকা থাকলেও ঘুরেফিরে কয়েকটি প্রতিষ্ঠান কাজ পেয়েছে। এতে একটি চক্রের অস্তিত্ব স্পষ্ট হয়। সরকারের উচ্চপর্যায়ে পরিবর্তন এলেও কাঠামোগত পরিবর্তন হয়নি। ফলে সুবিধাভোগীরা এখনো সুবিধা পাচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সরকারের দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code