ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
editor
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ণ
Manual1 Ad Code
স্টাফ রিপোর্টার:
ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এ কথা জানান।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আলোচনার বিষয়ে নাহিদ ইসলাম বলেন, গত কয়েক দিন ধরে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। জনগণের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।
সরকারি দল, বিরোধী দল, ফ্যাসিবাদবিরোধী নেতাকর্মী ও জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্বও বিভিন্নভাবে হামলার শিকার হচ্ছেন। এ পরিস্থিতি থেকে উত্তরণ এবং রাজনৈতিক ঐক্যের সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।
এনসিপি আহ্বায়ক বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী ওনার জায়গা থেকে ওনার উদ্বেগের জায়গাগুলো প্রকাশ করেছেন, ফ্যাসিবাদ প্রশ্নে, জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান জানিয়েছেন।
Manual4 Ad Code
নাহিদ ইসলাম বলেন, আমাদের জায়গা থেকে আমরা বলেছি, বর্তমান জায়গাটা একদিনে হয়নি।
নির্বাচনের পর থেকে গত ৭/৮ মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচার বিষয়ে আপসকামীতা, আওয়ামী লীগ প্রশ্নে কঠোর অবস্থান না নেওয়া, ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয়গুলো স্পষ্ট না করার বিষয়ে আজকের এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
Manual7 Ad Code
বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ বলেন, যেকোনো ধরনের জাতীয় ঐক্যের ক্ষেত্রে সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দিতে হবে। ঐক্য প্রক্রিয়ায় সংস্কারকে এজেন্ডাভুক্ত করার আহ্বান জানিয়েছি। সংবিধান সংশোধন কমিটি সংস্কার, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। তাই এ কমিটি বাতিল করে গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ করেছি।
বৈঠক শেষে আলাদা ব্রিফ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, সংস্কারের বিষয়ে সরকারের অবস্থান সুস্পষ্ট। প্রধানমন্ত্রী জাতীয় সংসদে বলেছেন, বিএনপি সরকার জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করার মধ্য দিয়ে যে অঙ্গীকার করেছে, তা শতভাগ বাস্তবায়ন করবে। এ ক্ষেত্রে ন্যূনতম কোনো বিচ্যুতি নেই।
তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী অবস্থানের ক্ষেত্রে মত, পথ, আদর্শ ও দর্শনের ঊর্ধ্বে উঠে গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক অভিযাত্রা ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
Manual8 Ad Code
এনসিপির পক্ষ থেকে ঐক্যের বিষয়ে কোনো শর্ত দেওয়া হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, আলোচনায় শর্তের বিষয় ছিল না। এনসিপির প্রতিনিধি দল তাদের বক্তব্য ও অবস্থান তুলে ধরেছে। প্রধানমন্ত্রীও সরকারের অবস্থান জানিয়েছেন। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানেই রাজনৈতিক আদর্শের ঊর্ধ্বে উঠে মানুষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল। সেই ঐক্যকে আরও সুসংহত করতে হবে।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদলে আরও ছিলেন দলটির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হোসাইন।