নিজস্ব প্রতিবেদক :
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মেট্রোপলিটন পুলিশ, গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট এবং জিনিয়া টিমের বিশেষ প্রচেষ্টায় উদ্ধার হওয়া ৬৮টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (২৯ জুন) দুপুর ১২টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসএমপির পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর সভাপতিত্বে মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি মোবাইল ফোন উদ্ধার টিম গঠনের পর থেকে এ পর্যন্ত মোট ২৩০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ফোন ফিরে পেয়ে প্রকৃত মালিকরা সিলেট মেট্রোপলিটন পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Manual1 Ad Code
এ সময় পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পুরোনো মোবাইল ফোন কেনার ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, ব্যবহৃত মোবাইল ফোন কেনার আগে অবশ্যই বিক্রেতার পরিচয়, প্রয়োজনীয় বৈধ কাগজপত্র এবং ডিভাইসের আইএমইআই (IMEI) নম্বর যথাযথভাবে যাচাই করা উচিত। অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার মহানগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন।
Manual1 Ad Code
তিনি জানান, গত ২৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দে কোতোয়ালী মডেল থানার কাষ্টঘর এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে কুখ্যাত তিনজন মাদক ব্যবসায়ীসহ মোট ৩০ জনকে আটক করা হয়। অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজার পাশাপাশি ১২টি চাকু, ২৩টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ২৭ জনকে বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়। এ ঘটনায় দুটি মামলা রুজু করা হয়েছে।