প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

সেবা নিতে ঘুষ দিতে হয় ৭০% মানুষকে

editor
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ণ
সেবা নিতে ঘুষ দিতে হয় ৭০% মানুষকে

Manual2 Ad Code

 

প্রজন্ম ডেস্ক:

Manual8 Ad Code

সরকারের সেবাদানকারী দপ্তর ও সংস্থাগুলোতে ঘুষ ছাড়া সেবা পাওয়া যেন প্রায় অসম্ভব। নীতিবিরুদ্ধ হলেও এটিই এখন অনেক ক্ষেত্রে প্রচলিত অলিখিত প্রথা। যুগ যুগ ধরে চলা আসা এই অদৃশ্য প্রথা মেনে সেবা পেতে হচ্ছে ৭০ শতাংশ গ্রহীতাকে।

‘ঘুষ ছাড়া সেবা পাওয়া যায় না’—সেবাগ্রহীতাদের এমন অভিযোগ দীর্ঘদিনের। তবে কালেভদ্রে দু-একটি ঘটনা ছাড়া অধিকাংশ ঘুষ লেনদেনই থেকে যায় লোকচক্ষুর আড়ালে। ঘুষের অস্তিত্ব থাকলেও সুনির্দিষ্ট প্রমাণের অভাবে এসব অনিয়মের অনেক কিছুই প্রকাশ্যে আসে না। এবার এমনই কিছু চিত্র উঠে আসছে ghush.site নামের একটি ওয়েবসাইটে। বাংলাদেশি দুই তরুণ উদ্যোক্তার উদ্যোগে চালু হওয়া এই প্লাটফর্মে ভুক্তভোগীরা নিজেদের নাম-পরিচয় গোপন রেখে ঘুষের অভিজ্ঞতা ও অভিযোগ তুলে ধরার সুযোগ পাচ্ছেন।

চলতি বছরের ২১ আগস্ট যাত্রা শুরু করা ওয়েবসাইটটিতে গত ১৯ নভেম্বর পর্যন্ত ৯০ দিনে ঘুষসংক্রান্ত অভিযোগ জমা পড়েছে ২১ হাজার ৯৪টি। এসব অভিযোগে সেবাগ্রহীতাদের কাছে ঘুষ হিসেবে দাবি করা অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৬০৮ কোটি ২৭ লাখ টাকা। এককভাবে সর্বোচ্চ ঘুষ দাবির অভিযোগে উল্লেখ করা হয়েছে ১০ কোটি টাকা। বিভাগভিত্তিক অভিযোগের পরিসংখ্যানে দেশের আটটি বিভাগের মধ্যে শীর্ষে রয়েছে ঢাকা। এরপর পর্যায়ক্রমে রয়েছে চট্টগ্রাম ও রাজশাহী বিভাগ।

Manual3 Ad Code

 

ভারতের একটি ওয়েবসাইটের অনুপ্রেরণায় বাংলাদেশের দুই তরুণ উদ্যোক্তা এটি তৈরি করেন। তাদের লক্ষ্য, বিচ্ছিন্ন ঘুষের অভিযোগ এক জায়গায় এনে সরকারি দপ্তর ও সেবাভিত্তিক একটি চিত্র তুলে ধরা। তাই এগুলোকে ঘুষের ঘটনা কিংবা সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রমাণ হিসেবে দাবি করছে না ওয়েবসাইটটি।

উদ্যোক্তারা জানান, কোনো ব্যক্তিকে চিহ্নিত করা নয়, বরং কোন দপ্তর বা সেবাকে ঘিরে বেশি ঘুষের অভিযোগ আসছে, তা তুলে ধরাই তাদের উদ্দেশ্য। অভিযোগ জমার পর মডারেশনের মাধ্যমে ব্যক্তিগত তথ্য, আক্রমণাত্মক ও অস্পষ্ট বক্তব্য এবং নীতিমালা লঙ্ঘনকারী অংশ বাদ দিয়ে তা প্রকাশ করা হয়। ওয়েবসাইটে বিভাগ, দপ্তর, সেবার ধরন, দাবিকৃত অর্থ ও ঘটনার ফলাফল অনুযায়ী অভিযোগগুলো দেখা যায়।

 

৯০ দিনে ২১ হাজারের বেশি অভিযোগ

গত ১৯ নভেম্বর ghush.site-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, চালুর প্রথম ৯০ দিনে ওয়েবসাইটটিতে ২১ হাজার ৯৪টি অভিযোগ জমা পড়ে। এসব অভিযোগে দাবিকৃত ঘুষের পরিমাণ ৬০৮ কোটি ২৭ লাখ টাকা। সর্বোচ্চ ১০ কোটি টাকা ঘুষ দাবির অভিযোগ রয়েছে। কিছু অভিযোগে এক হাজার বা তারও কম টাকা দাবির কথাও বলা হয়েছে।

পরিসংখ্যানে দেখা যায়, ১ হাজার থেকে ৫ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ ৩১ শতাংশ এবং ৫ হাজার থেকে ১০ হাজার টাকার অভিযোগ ১৩ শতাংশ। অন্যদিকে ১০ লাখ বা তার বেশি টাকা দাবির অভিযোগ ৩৬ শতাংশ। গড় দাবিকৃত ঘুষের পরিমাণ ২ লাখ ৮৮ হাজার টাকা।

Manual3 Ad Code

অভিযোগকারীদের ৭০ শতাংশ জানিয়েছেন, তারা ঘুষ দিয়েছেন। এ হিসাবে ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে ১৪ হাজার ৬৮৬টি। অন্যদিকে ২৪ শতাংশ ঘুষ দিতে অস্বীকার করেছেন।

বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে চট্টগ্রাম থেকে ৮ হাজার ৮৯৩টি। ঢাকায় ৮ হাজার ১৭৮টি, রাজশাহীতে ১ হাজার ৮৫০টি, খুলনায় ১ হাজার ৬৫৬টি, রংপুরে ১ হাজার ৪৯১টি, ময়মনসিংহে ১ হাজার ৩৭৩টি, বরিশালে ১ হাজার ১২১টি এবং সিলেটে ৯৩২টি অভিযোগ জমা পড়েছে।

অভিযোগের ভিত্তিতে ঘুষ দাবির ক্ষেত্রে শীর্ষে রয়েছে অন্যান্য সরকারি সেবা। এরপর ভূমি-সংক্রান্ত সেবা। তালিকায় আরও রয়েছে পাসপোর্ট, বিআরটিএ, শিক্ষা অফিস, সিটি করপোরেশন, সরকারি হাসপাতাল, সাব-রেজিস্ট্রি অফিস, হিসাবরক্ষণ অফিস, ট্রাফিক পুলিশ ও কর অফিস।

অভিযোগ মানেই প্রমাণ নয়

ওয়েবসাইটটির অন্যতম সীমাবদ্ধতা হলো, জমা পড়া অভিযোগগুলো আলাদাভাবে যাচাই করা হয় না। তাই প্রতিটি অভিযোগের সঙ্গে ‘আনভেরিফায়েড’ উল্লেখ করা থাকে।

উদ্যোক্তারা বলছেন, ghush.site কোনো অভিযোগকে সত্য ঘটনা বা সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে প্রমাণ হিসেবে উপস্থাপন করছে না। এটি তদন্ত সংস্থা নয়, দুর্নীতি দমন কমিশনের বিকল্প হওয়ার দাবিও করে না। নাগরিকদের অভিজ্ঞতা এক জায়গায় এনে একটি উন্মুক্ত রেকর্ড তৈরি করাই এর উদ্দেশ্য।

Manual2 Ad Code

সাইটটির অন্যতম উদ্যোক্তা সাইফ কবির বলেন, কত মানুষ ওয়েবসাইটে প্রবেশ করলেন, শুধু তা দিয়ে উদ্যোগটির সাফল্য বিচার করতে চান না তারা। বরং সরকারি সেবা নিতে যাওয়ার আগে নাগরিকরা অন্যদের অভিজ্ঞতা থেকে ঘুষের দাবির ধরন ও পরিমাণ জানতে পারবেন এবং অন্যায্য দাবি প্রত্যাখ্যান করতে পারবেন— এটিই তাদের কাছে সাফল্য।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ ঘুষের অস্তিত্ব সম্পর্কে জানেন। তবে এর সুনির্দিষ্ট অঙ্ক বা পরিসংখ্যান সম্পর্কে তাদের কাছে পর্যাপ্ত তথ্য নেই।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code