প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মাদক, জুয়া ও ইভটিজিংয়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে পুলিশ: ওসি রাজ্জাক

editor
প্রকাশিত অক্টোবর ২২, ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ণ
মাদক, জুয়া ও ইভটিজিংয়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে পুলিশ: ওসি রাজ্জাক

Manual4 Ad Code

জকিগঞ্জ প্রতিনিধি:
‘অপরাধের তথ্য দিন, পরিচয় গোপন রাখবে পুলিশ’ এ আহ্বান জানিয়েছেন সিলেটের জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক। চুরি-ডাকাতি, মাদক, জুয়া, বাল্যবিবাহ ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের সচেতন হওয়ার পাশাপাশি ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে মাদকাসক্ত ব্যক্তিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সহযোগিতার আশ্বাস দেন ওসি।

Manual3 Ad Code

বৃহস্পতিবার (২২ অক্টোবর) জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আলহাজ্ব নসিব আলী মাদ্রাসায় আয়োজিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মুহাম্মদ আব্দুর রাজ্জাক।

Manual4 Ad Code

ওসি বলেন, রাতের বেলায় এলাকায় অপরিচিত বা সন্দেহজনক ব্যক্তির চলাফেরা নজরে এলে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে হবে। অপরাধ প্রতিরোধে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠন করে এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা যেতে পারে। সন্দেহজনক কোনো কর্মকাণ্ড চোখে পড়লে আইন নিজের হাতে তুলে না নিয়ে পুলিশকে জানাতে হবে।

Manual8 Ad Code

তিনি বলেন, মাদক, জুয়া, বাল্যবিবাহ, ইভটিজিংসহ যেকোনো অপরাধের বিরুদ্ধে পুলিশ কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত। অপরাধীদের বিষয়ে পুলিশকে নির্ভয়ে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।

মাদকাসক্ত ব্যক্তিদের বিষয়ে ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, মাদকাসক্তির কারণে অনেক পরিবারে অশান্তি সৃষ্টি হয়। এ সমস্যা মোকাবিলায় পরিবার ও সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো মাদকাসক্ত ব্যক্তি মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে পুলিশ তাকে সর্বাত্মক সহযোগিতা করবে। প্রথমে সামাজিকভাবে তাকে সংশোধনের চেষ্টা করতে হবে। এতে কাজ না হলে পুলিশকে তথ্য দিতে হবে।

তিনি আরও বলেন, অপরাধ প্রতিরোধে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা জরুরি। স্থানীয় বাসিন্দারা সচেতন হলে অপরাধের তথ্য দ্রুত পাওয়া এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সহজ হবে।

জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েকের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন হালঘাট গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক। স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা আব্দুল মতিন।

সভায় বক্তব্য দেন জকিগঞ্জ থানার সেকেন্ড অফিসার ও বিট কর্মকর্তা এসআই সেকান্দর আলী, এসআই মিজানুর রহমান, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য শামীম আহমদ, সংরক্ষিত নারী ইউপি সদস্য জাহানারা বেগম, সাবেক ইউপি সদস্য আব্দুল মন্নান, সালিশি ব্যক্তিত্ব আলহাজ্ব আছাব আলী, ইব্রাহিম আলী ও শিক্ষক তারেক আহমদ।

এ সময় মাজবন্দ গ্রামের আব্দুর রহমান, মজলী গ্রামের আবিদুর রহমান, এলংজুরী গ্রামের আখলিছুর রহমান, সকড়া গ্রামের বোরহান উদ্দিনসহ বিভিন্ন গ্রামের গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual5 Ad Code