খাল খননে জনগণের ভাগ্য বদলে যাবে : মৌলভীবাজারে আরিফুল
খাল খননে জনগণের ভাগ্য বদলে যাবে : মৌলভীবাজারে আরিফুল
editor
প্রকাশিত মার্চ ১৬, ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ণ
Manual3 Ad Code
শ্রীমঙ্গল প্রতিনিধি:
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, খাল খননে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভাগ্য বদলে যাবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন দেশব্যাপী খাল খনন কার্যক্রম শুরু করেছিলেন, তখন সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে কোদাল হাতে নিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তনে নেমে পড়েছিলেন। তিনি বিশ্বাস করেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নে যে বিশেষ মিশন নিয়ে কাজ করছেন, তা বাস্তবায়নে সাধারণ জনগণ আবারও স্বেচ্ছায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসবে।
দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৬ মার্চ) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার কাটাগাং খাল খননকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
Manual4 Ad Code
তিনি বলেন, দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশ রক্ষায় খাল খনন একটি যুগান্তকারী পদক্ষেপ। তিনি জানান, খাল খনন সম্পন্ন হওয়ার পর এর দুই তীরে বিভিন্ন ফল ও ঔষধি গাছ রোপণ করতে হবে, যা একদিকে যেমন প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করবে, অন্যদিকে স্থানীয় অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করবে।
Manual2 Ad Code
আরিফুল হক চৌধুরী বলেন, খাল খননের ফলে সেচ ব্যবস্থার আমূল পরিবর্তন আসবে। এতে বোরো ধানের ফলন বাড়ার পাশাপাশি কৃষকরা বছরে দুই ফসলের পরিবর্তে তিনটি ফসল চাষ করার সুযোগ পাবেন। এর ফলে দেশের খাদ্য নিরাপত্তা আরও সুসংহত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
Manual3 Ad Code
এ সময় উপস্থিত ছিলেন- সংসদ সদস্য নাসের রহমান (মৌলভীবাজার-৩) ও মৌলভীবাজারের জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন এবং বিএডিসির প্রধান প্রকৌশলী মুহাম্মদ বদরুল আলম।