প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

ভূমধ্যসাগরে নিখোঁজ মাধবপুরের ৬ যুবক, ১৫ দিনেও মেলেনি সন্ধান

editor
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ণ
ভূমধ্যসাগরে নিখোঁজ মাধবপুরের ৬ যুবক, ১৫ দিনেও মেলেনি সন্ধান

Manual5 Ad Code

মাধবপুর প্রতিনিধি :
ইউরোপে উন্নত জীবনের স্বপ্ন নিয়ে দালালের মাধ্যমে লিবিয়া থেকে গ্রিসের উদ্দেশে ভূমধ্যসাগর পাড়ি দিয়েছিলেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার সাত যুবক। কিন্তু স্বপ্নের সেই যাত্রা মুহূর্তেই পরিণত হয় ভয়াবহ দুঃস্বপ্নে। সাগরের মাঝপথে প্লাস্টিকের নৌকায় ছিদ্র হয়ে পানি ঢুকতে শুরু করলে ঘটে দুর্ঘটনা। এরপর থেকে ছয় যুবকের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। ঘটনার ১৫ দিন পেরিয়ে গেলেও তাঁদের ভাগ্যে কী ঘটেছে, তা জানতে পারেননি স্বজনেরা। তবে একই নৌযানে থাকা পুরাইকলা গ্রামের মাসুম মিয়া অদ্ভুতভাবে প্রাণে বেঁচে গ্রিসে পৌঁছেছেন বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।

নিখোঁজ যুবকদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের রহমত আলীর ছেলে গ্রিসপ্রবাসী হাফিজ মিয়ার মাধ্যমে গ্রিস যাওয়ার আশায় ওই যুবকেরা লিবিয়ায় পাড়ি জমান। পরে গত ৩১ অক্টোবর প্রায় ৬০ জন যাত্রী নিয়ে একটি প্লাস্টিকের নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসের উদ্দেশে যাত্রা করেন তারা।

ওই দলে ছিলেন পুরাইকলা গ্রামের দারগ আলীর ছেলে মাসুম মিয়া, নুরুল ইসলামের ছেলে পাবেল মিয়া ও ধনু মিয়ার ছেলে আতাউর মিয়া; কাউড়া গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে আলমগীর মিয়া; বাঘাসুরা গ্রামের হবির মিয়ার ছেলে নাঈম মিয়া এবং ছাতিয়াইন ইউনিয়নের ফরিদ মিয়ার ছেলে সাগর মিয়া। এ ছাড়া লাখাই উপজেলার হরিনাকোনা গ্রামের হাবিবুর রহমানের ছেলে আবুল মিয়াও তাঁদের সঙ্গে ছিলেন।

Manual2 Ad Code

দুই দিন পর সাগরের তীরে অচেতন অবস্থায় মাসুম
পরিবারের সদস্যদের কাছে মাসুম মিয়া জানান, ভূমধ্যসাগরের মাঝপথে হঠাৎ নৌকাটিতে ছিদ্র হয়ে পানি ঢুকতে শুরু করে। একপর্যায়ে নৌকায় থাকা যাত্রীরা পানিতে পড়ে যেতে থাকেন। এরপর কী ঘটেছিল, তার অনেক কিছুই তার মনে নেই। প্রায় দুই দিন পর তিনি অচেতন অবস্থায় সাগরের তীরে ভেসে ওঠেন।

জ্ঞান ফেরার পর আশপাশে কোনো জনবসতি দেখতে পাননি তিনি। পরে প্রায় তিন ঘণ্টা হেটে একটি বাড়ির সন্ধান পান। সেখানকার লোকজন তাঁকে সহযোগিতা করেন। পরবর্তী সময়ে তিনি গ্রিসে পৌঁছাতে সক্ষম হন। মাসুমের কাছ থেকে পাওয়া এ তথ্য নিখোঁজ ছয় যুবকের পরিবারের মধ্যে নতুন করে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি করেছে।

প্রত্যেক পরিবারের কাছ থেকে ১২-১৫ লাখ টাকা নেওয়ার অভিযোগ
নিখোঁজ যুবকদের স্বজনদের দাবি, গ্রিসে পাঠানোর কথা বলে প্রত্যেক পরিবারের কাছ থেকে ১২ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। কিন্তু গত ৩১ অক্টোবর সাগরপথে যাত্রার পর থেকে তাদের সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি।

সন্তান ও স্বজনদের জীবিত ফিরে পাওয়ার আশায় দিন গুনছেন পরিবারের সদস্যরা। কেউ তাঁদের সন্ধান দিতে পারবেন—এমন আশায় বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন তাঁরা। নিখোঁজ যুবকদের সন্ধান পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন স্বজনেরা।

Manual1 Ad Code

এ বিষয়ে অভিযুক্ত হাফিজ মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি এ ব্যাপারে কিছুই জানি না। তাঁদের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।’

Manual5 Ad Code

স্থানীয় ইউপি সদস্য নিজাম আহমেদ বলেন, বাঘাসুরা গ্রামের গ্রিসপ্রবাসী হাফিজ মিয়ার মাধ্যমে ওই যুবকেরা গ্রিস যাওয়ার উদ্দেশে রওনা হয়েছিলেন। সাতজনের মধ্যে একজন গ্রিসে পৌঁছেছেন। বাকি ছয়জনের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজদের পরিবারগুলো খুবই উদ্বিগ্ন।

এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual4 Ad Code