শ্রীমঙ্গল প্রতিনিধি :
মৌলভীবাজার জেলার কোনো হোটেল, মোটেল বা রিসোর্টে নিষিদ্ধ কার্যক্রমের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি যাতে আশ্রয় বা অবস্থানের সুযোগ না পায়, সে বিষয়ে মালিকদের কঠোর সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার (এসপি) মো. মনিরুল ইসলাম।
Manual7 Ad Code
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে হোটেল, মোটেল ও রিসোর্ট মালিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।
Manual2 Ad Code
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুজ্জামান পাভেল বলেন, পর্যটনসমৃদ্ধ মৌলভীবাজারে দেশি-বিদেশি পর্যটকদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় অবস্থান নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। হোটেল ও রিসোর্টগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে অতিথিদের সঠিক তথ্য সংরক্ষণ, পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং সরকারি বিধিমালা যথাযথভাবে অনুসরণ করতে হবে। জননিরাপত্তা ও পর্যটন খাতের সুনাম অক্ষুণ্ণ রাখতে প্রশাসন ও মালিকপক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম বলেন, মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, কুলাউড়াসহ জেলার সব উপজেলার হোটেল-রিসোর্ট মালিকদের অতিথিদের পরিচয় ও অবস্থানের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কোনোভাবেই যেন নিষিদ্ধ কার্যক্রমে জড়িত বা অপরাধী চক্রের সদস্যরা এসব প্রতিষ্ঠানে অবস্থান নেওয়ার সুযোগ না পায়, সে বিষয়ে প্রয়োজনীয় নজরদারি ও সতর্কতা অবলম্বন করতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সঞ্চালনায় সভায় আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান মিজান। মতবিনিময় সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন হোটেল, মোটেল ও রিসোর্টের মালিক-প্রতিনিধিরা অংশ নেন।