প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

সুনামগঞ্জে চানাচুর বিক্রেতার সততা, মুগ্ধ সবাই

editor
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ণ
সুনামগঞ্জে চানাচুর বিক্রেতার সততা, মুগ্ধ সবাই

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
অভাব-অনটনের সংসার, নেই নিজের কোনো ঘরবাড়ি। জীবিকার তাগিদে ভ্যানগাড়িতে চানাচুর বিক্রি করেন। অথচ এমন একজন মানুষের হাতেই পাওয়া গেল প্রায় তিন ভরি স্বর্ণালংকার। চাইলে সেগুলো নিজের কাছে রেখে দিতে পারতেন, কিন্তু তা না করে প্রকৃত মালিকের সন্ধান করেছেন। শেষ পর্যন্ত প্রায় চার ঘণ্টার চেষ্টায় মালিককে খুঁজে বের করে স্বর্ণালংকারভর্তি ব্যাগ ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সুনামগঞ্জের চানাচুর বিক্রেতা আমির উদ্দিন (৩৫)।

জানা যায়, রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ার এলাকায় ভ্যানগাড়ির চাকার কাছে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন আমির উদ্দিন। ব্যাগটি তুলে ভেতরে অন্য জিনিসপত্রের সঙ্গে প্রায় তিন ভরি স্বর্ণালংকার দেখতে পান তিনি। এরপর ব্যাগটির প্রকৃত মালিকের সন্ধান শুরু করেন। অবশেষে রাত ১১টার দিকে পুলিশের উপস্থিতিতে স্বর্ণালংকারসহ ব্যাগটি মালিক সজল তালুকদারের হাতে তুলে দেন তিনি। তাঁর এমন সততায় মুগ্ধ হয়ে সজল তালুকদার উপহার হিসেবে আমির উদ্দিনকে পাঁচ হাজার টাকা দেন।

Manual8 Ad Code

সজল তালুকদার জানান, শহরের আবুল হোসেন রোডে পরিবারের সদস্যদের নিয়ে একটি ভাড়া বাসায় থাকেন তিনি। রোববার বিকেলে তাঁর স্ত্রী এক জোড়া স্বর্ণের চুড়ি ও দুটি আংটি পরিষ্কার করাতে শহরের একটি স্বর্ণালংকারের দোকানে যান। এ সময় সঙ্গে ছিলেন সজল ও তাঁদের দুই শিশুসন্তান। কাজ শেষে তাঁরা আলফাত স্কয়ার হয়ে রিকশায় বাসায় ফিরছিলেন। বাসার সামনে নেমে তাঁরা বুঝতে পারেন, স্ত্রীর হাতের ব্যাগটি সঙ্গে নেই। কোথায় বা কীভাবে ব্যাগটি হারিয়ে গেছে, তা বুঝে উঠতে পারছিলেন না তাঁরা।

Manual6 Ad Code

পরে সজল দুই বন্ধুকে নিয়ে থানায় গিয়ে বিষয়টি জানান এবং ব্যাগটির খোঁজ শুরু করেন। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর হতাশ হয়ে বাসায় ফিরে যান তিনি। এদিকে তাঁর বন্ধুরা অন্য একটি রিকশায় করে বাড়ি ফেরার পথে ব্যাগ হারানোর বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন। তাঁদের বহনকারী তরুণ রিকশাচালক আবু সাইদ কথাটি শুনে জানান, একজন চানাচুর বিক্রেতা একটি ব্যাগ পেয়েছেন এবং সেটির মালিককে খুঁজছেন। পরে বন্ধুরা সজলকে খবর দিয়ে আমির উদ্দিনের কাছে নিয়ে যান।

আমির উদ্দিন জানান, ব্যাগটি পাওয়ার সময় রিকশাচালক আবু সাইদও সেখানে উপস্থিত ছিলেন। ব্যাগের ভেতরে স্বর্ণালংকার দেখে তিনি কিছুটা ভয় পেয়ে যান। পরে নিরাপত্তার কথা চিন্তা করে ছেলেকে দিয়ে সেগুলো বাড়িতে পাঠিয়ে রাখেন। নিজের দোকানে স্বর্ণালংকার রাখা নিরাপদ মনে করেননি তিনি। কারণ, তাঁর দোকানে আগেও তিনবার চুরির ঘটনা ঘটেছে।

Manual6 Ad Code

তিনি জানান, আমির উদ্দিন শহরের পশ্চিমবাজার এলাকার বাসিন্দা। ভাড়া করা একটি জরাজীর্ণ ঘরে পরিবার নিয়ে বসবাস করেন তিনি। নিজের কোনো বাড়িঘর নেই। আর্থিক অনটনের মধ্যেও অন্যের সম্পদের প্রতি তাঁর কোনো লোভ নেই। স্বর্ণালংকারগুলো নিজের কাছে রেখে দেওয়ার সুযোগ থাকলেও কেন তা করেননি-এমন প্রশ্নে আমির উদ্দিন বলেন, ‘ছোটবেলা থাকি কষ্ট করি চলি। পরের জিনিসে লোভ নাই।’

চানাচুর বিক্রেতা আমির উদ্দিনের এমন সততার প্রশংসা করেছেন সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ। তিনি বলেন, থানায় বিষয়টি জানানোর পর সজল তালুকদারের সঙ্গে পুলিশ সদস্যদের পাঠিয়ে ব্যাগটির খোঁজ করা হয়। পরে তাঁরা আমির উদ্দিনসহ থানায় আসেন। আমির উদ্দিনকে ভালো মানুষ মনে হয়েছে। তাঁর সততার কারণেই স্বর্ণালংকারগুলো প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।

Manual6 Ad Code

এদিকে হারানো স্বর্ণালংকার ফিরে পেয়ে আমির উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সজল তালুকদার। তিনি বলেন, তাঁরা তিনজন মিলে প্রায় চার ঘণ্টা ব্যাগটি খুঁজেছেন। আমির উদ্দিনকে তাঁর কাছে অত্যন্ত সরল ও সৎ মানুষ মনে হয়েছে। তিনি কোনো টাকা নিতে চাননি। পরে জোর করেই পাঁচ হাজার টাকা উপহার দিয়েছেন। তখন তাঁর কাছে ওই পরিমাণ টাকাই ছিল।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code