নিজস্ব প্রতিবেদক:
সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত র্যাব-৯ এর সদস্য ইমন আচার্যের মরদেহ ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (২৩ মে) ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়। পরে নিহতের স্বজনরা মরদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কে এম শহিদুল ইসলাম সোহাগ।
Manual2 Ad Code
এ ঘটনায় নিহত ইমন আচার্যের ভাই সুজিত আচার্য বাদী হয়ে একজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মামলার প্রধান আসামি সিলেট নগরীর কোতোয়ালী থানাধীন কাজিরবাজার মোগলটুলা এলাকার আবুল হোসেনের ছেলে আসাদুল আলম বাপ্পি (২২)।
উল্লেখ্য, শুক্রবার (২২ মে) নগরীর ক্বিন ব্রিজ এলাকায় মাদকসেবী ও ছিনতাইকারীদের ধাওয়া চলাকালে সাদা পোশাকে থাকা র্যাব সদস্য ইমন আচার্য আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে এগিয়ে গেলে আসাদুল আলম বাপ্পিকে আটক করার চেষ্টা করেন। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে বাপ্পি ধারালো অস্ত্র দিয়ে ইমনের বুকের বাম পাশে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পরপরই বাপ্পিকে আটক করে পুলিশ এবং তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি উদ্ধার করা হয় বলে জানানো হয়। হামলার পর পালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত ব্যক্তি একটি এলাকায় ঢুকে এক শিশুকে জিম্মি করার চেষ্টা করেন। পরে পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে শিশুটিকে উদ্ধার করা হয় এবং বাপ্পিকে আটক করা হয়।