স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অখণ্ড বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম একই ইউনিয়নে পুনর্বহালের দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় বাসিন্দারা। প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলা এ অবরোধে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে সুলতানপুর-চিনাইর-আখাউড়া আগরতলা সড়ক অবরোধ করায় ভারতগামী যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচলও বন্ধ হয়ে পড়েছে।
রবিবার সকাল ৬টা থেকে তিতাস সেতু ও কোড্ডা কেবিন এলাকায় রেল ও সড়কপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রামের বাসিন্দারা। এতে দেশের গুরুত্বপূর্ণ দুটি রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আটকে পড়ে বিভিন্ন গন্তব্যের যাত্রীবাহী ট্রেন। পারাবত, পর্যটক এক্সপ্রেস, মহানগর, সুবর্ণ এক্সপ্রেস, উপকুল এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেনের চলাচলে বিঘ্ন ঘটে।
Manual1 Ad Code
অন্যদিকে আখাউড়া-আগরতলা সড়ক অবরোধের কারণে ভারতগামী যাত্রী ও পণ্য পরিবহন বন্ধ হয়ে যায়। এতে এ পথে চলাচলকারী সাধারণ মানুষ ও যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। অনেককে হেঁটে চলাচল করতে দেখা যায়।
বিক্ষোভে অংশ নিয়ে জাহাঙ্গীর আলম, জসিম উদ্দিন শিপন, আব্দুল বাছির ও মামুন পাঠানসহ স্থানীয় বাসিন্দারা জানান, তাঁরা নতুন কোনো ইউনিয়ন চান না। বাসুদেব ইউনিয়নকে অখণ্ড রাখতে হবে। ছয়টি গ্রামকে আগের মতো বাসুদেব ইউনিয়নের অন্তর্ভুক্ত করতে হবে। স্থানীয় মানুষের মতামত উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না। এ ছাড়া নতুন উপজেলা করার যে পরিকল্পনা নেওয়া হয়েছে সেটাও মানা হবে না।
স্থানীয় বাসিন্দারা জানান, চলতি বছরের মে মাসে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন থেকে ছয়টি গ্রাম আলাদা করে বরিশল নামে নতুন একটি ইউনিয়ন পরিষদ গঠন করা হয়। গ্রামগুলো হলো—কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল। নতুন ইউনিয়নটিকে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়েছে। এ বিষয়ে গত ৪ জুন গেজেট প্রকাশিত হয়। দাবি না মানলে প্রতিদিন একই ধরণের আন্দোলন করা হবে বলে ঘোষণা দেওয়া হয়।
Manual5 Ad Code
শুরু থেকেই বাসুদেব ইউনিয়নের একাধিক গ্রামের বাসিন্দারা এ সিদ্ধান্তের বিরোধিতা করে আসছেন। তাঁদের দাবি, গ্রামগুলোকে আগের মতো বাসুদেব ইউনিয়নের অন্তর্ভুক্ত রাখতে হবে। তবে দীর্ঘদিনেও এ বিষয়ে কোনো সমাধান না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে।
এর মধ্যে সম্প্রতি সদর উপজেলার বাসুদেব, সুলতানপুর ও রামরাইল ইউনিয়ন ভেঙে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা বরিশল ইউনিয়নের আওতায় এনে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব সামনে আসে। এ নিয়েও আন্দোলন শুরু হয়েছে।
Manual3 Ad Code
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল আলম জানান, অবরোধস্থলে পুলিশ আছে। পুলিশ সেখানে সার্বিক দায়িত্ব পালন করছে।