‘এখনও বাংলাদেশেই আছি’, পুলিশকে খুঁজে বের করার চ্যালেঞ্জ রনজিত সরকারের!
‘এখনও বাংলাদেশেই আছি’, পুলিশকে খুঁজে বের করার চ্যালেঞ্জ রনজিত সরকারের!
editor
প্রকাশিত নভেম্বর ১২, ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ণ
Manual4 Ad Code
স্টাফ রিপোর্টার:
ভারতের মেঘালয় হয়ে বাংলাদেশে প্রবেশ করে সিলেটের রাতারগুলে গোপন সভায় যোগ দেওয়ার পরও দেশে অবস্থান করছেন বলে দাবি করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত সরকার। তবে বর্তমানে দেশের কোথায় রয়েছেন, তা প্রকাশ করেননি তিনি। অন্যদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্রের দাবি, রাতারগুলের সভা শেষে সীমান্ত দিয়ে দেশ ছেড়ে চলে গেছেন রনজিত।
একটি গণমাধ্যমের সঙ্গে হোয়াটসঅ্যাপে আলাপকালে রনজিত সরকার জানান, ভারতের মেঘালয় হয়ে বাংলাদেশের সীমানায় প্রবেশ করে গত রোববার সন্ধ্যায় তিনি সভায় অংশ নেন। নিজের নির্বাচনী এলাকা সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগর) আসনের নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ওই সভায় উপস্থিত ছিলেন।
সভা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার পর নড়েচড়ে বসে প্রশাসন। এ ঘটনায় মঙ্গলবার রাতে রাতারগুলের আলোচিত ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্ট’-এর দুই কর্মীসহ চারজনকে আটক করে গোয়াইনঘাট থানা পুলিশ। এর আগে ওই রিসোর্টে তালা দেয় পুলিশ।
অন্যদিকে, সভায় উপস্থিত থাকার অভিযোগে সুনামগঞ্জ থেকে তারা মিয়া নামের আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়। তিনি তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর বিকেলে শিক্ষা সফরের ব্যানার লাগানো একটি পর্যটকবাহী বাসে করে সিলেট ও সুনামগঞ্জের নিষিদ্ধ আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাতারগুলের সোহেল স্কয়ার ইকো রিসোর্টে যান। রোকন মিয়া নামের এক আইনজীবী শিক্ষা সফরের কথা বলে রিসোর্টটি ভাড়া নিয়েছিলেন। তাঁর বাড়ি সুনামগঞ্জের জামালগঞ্জে।
Manual8 Ad Code
ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিক্ষা সফরের ব্যানার টানিয়ে অনুষ্ঠান শুরু হয়। সেখানে খেলাধুলা ও পুরস্কার বিতরণীও অনুষ্ঠিত হয়। রাত ৯টার দিকে হঠাৎ সেখানে উপস্থিত হন সাবেক সংসদ সদস্য রনজিত সরকার। এর প্রায় দুই মিনিট পর শিক্ষা সফরের ব্যানার সরিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানার টানানো হয়। এ সময় রনজিত সরকার প্রায় পাঁচ মিনিট বক্তব্য দিয়ে গাড়িতে করে সেখান থেকে চলে যান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতা ওমর ফারুক এবং তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে ব্যানার ধরে রাখতে দেখা যায়।
Manual7 Ad Code
পুলিশ সূত্র জানায়, প্রথমে সভাটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। কেউ কেউ সীমান্ত এলাকায় কিংবা ভারতের অভ্যন্তরে সভা হওয়ার দাবি করেন। পরে ভিডিও ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সভার স্থান শনাক্ত করে পুলিশ। মঙ্গলবার সকালে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তারা মিয়াকে আটক করে সুনামগঞ্জ সদর থানা পুলিশ।
জিজ্ঞাসাবাদে তারা মিয়া সভাটি রাতারগুলের সোহেল স্কয়ার ইকো রিসোর্টে অনুষ্ঠিত হওয়ার কথা স্বীকার করেন বলে পুলিশ জানায়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ পুলিশের একটি দল তাঁকে নিয়ে রিসোর্টে যায় এবং সভার স্থান নিশ্চিত করে। মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে, সোমবার বিকেল ৪টা ৪৯ মিনিটে নিজের ফেসবুক আইডিতে এ-সংক্রান্ত একটি ভিডিও আপলোড করেন রনজিত সরকার। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে রয়েছেন সাবেক এই সংসদ সদস্য। এর মধ্যে কিছুদিন যুক্তরাজ্যে অবস্থান করেন তিনি। মাসখানেক আগে যুক্তরাজ্য থেকে ভারতে আসেন বলে আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে।
সভা প্রসঙ্গে হোয়াটসঅ্যাপে গণমাধ্যমকে রনজিত সরকার বলেন, ‘আমরা তো নিষিদ্ধ। আমরা তো আর যেখানে সুযোগ পাইবো সেখানেই করবো। এটা তো শেষ না। এটা মাত্র আগাম বার্তা দিলাম।’
Manual5 Ad Code
তিনি আরও বলেন, ‘আমরা যতদিন জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যারে বাংলাদেশে না আনছি, আমরা জীবনবাজি রাখমু। আর আমি এখনও বাংলাদেশেই আছি। এখন তো ডিজিটাল যুগ, দেখি পুলিশ খুঁজে বের করুক।’
Manual2 Ad Code
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল বলেন, একটি পর্যটকবাহী বাসে শিক্ষা সফরের ব্যানার লাগিয়ে তাঁরা এসে সভাটি করেছেন বলে তথ্য পাওয়া গেছে। ঘটনার সঠিক তথ্য উদঘাটন ও আইনগত ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে। সভায় উপস্থিত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।