আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই গণভোট সামনে রেখে এরই মধ্যে সরকারের তরফ থেকে শুরু হয়েছে প্রচারণা। বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে ভোটের গাড়ি। বিয়ানীবাজার পৌরশহরেও সোমবার ভোটের প্রচারণা চালানো হয়। সরকারি তরফে পরিচালিত প্রচারণায় বিয়ানীবাজার উপজেলা প্রশাসন সহযোগীতা করে।
Manual2 Ad Code
তবে উপজেলার গ্রামীণ জনপদে গণভোটের প্রচারণা সীমাবদ্ধ রয়েছে বলে জানা গেছে। গ্রামগঞ্জের সাধারণ ভোটাররা এখনো গণভোট কী, তা-ই বুঝে উঠতে পারেননি। গণভোট কিসের জন্য, তাও জানেন না তাঁরা। আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্ধি প্রার্থীরাও তাদের প্রচারকালে গণভোট নিয়ে তেমন কথা বলেননা। প্রার্থীরা একদম তৃণমুল এলাকায় ভোট চাইতে যাচ্ছেন-তাদের মাধ্যমে গণভোটের প্রচারণা হলে বিষয়টি সবাই জানতে পারতো বলে মনে করেন বিয়ানীবাজার উপজেলা সুজন’র সভাপতি এডভোকেট মো: আমান উদ্দিন। নির্বাচন কমিশন থেকে সকল প্রার্থীকে গণভোটের প্রচারণা চালানোর নির্দেশনা দেয়া উচিত বলেও পরামর্শ দেন তিনি।
জানা গেছে, গণভোটের বিষয়বস্তু সম্পর্কে জনগণকে ধারণা দিতে দেশের জনবহুল জায়গাগুলোয় ডিজিটাল বিলবোর্ড স্থাপন করে সরকারি উদ্যোগে প্রচারণা চলছে। ভোটারদের সচেতন করার পাশাপাশি প্রয়োজনীয় তথ্য দিতে ভোট পর্যন্ত দেশের সব জেলা-উপজেলায় ঘুরবে এসব গাড়ি। এ ছাড়া ভোটের গান প্রচারের পাশাপাশি উঠান বৈঠকও শুরু হয়েছে দেশব্যাপী। এর ধারাবাহিকতায় ‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগান নিয়ে সরকারের পক্ষ থেকে লিফলেট বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে ।
সাধারণ ভোটাররা বলেন, তাঁরা শুধু জানেন, ফেব্রুয়ারিতে সংসদ সদস্য নির্বাচন হবে। অনেক প্রার্থীই তাঁদের কাছে গিয়ে ভোট চেয়েছেন। তবে গণভোট নিয়ে কথা বলতে কেউ যাননি। ফলে গণভোট কী এবং কিসের জন্য, তা তাঁরা জানেন না।
Manual2 Ad Code
Manual4 Ad Code
নামপ্রকাশে অনিচ্ছুক দুই নারী ভোটার বলেন, ‘আমরা কখনো গণভোট দেইনি। এই সংসদ নির্বাচনের পাশাপাশি যে “হ্যাঁ” বা “না” ভোট হবে, তা আমরা জানি না। আমাদের কেউ গণভোট দেওয়ার কথা বলেনি বা কীভাবে এই ভোট দেব, তা কেউ জানায়নি। যাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, সবাই এমপি ভোটের (সংসদ নির্বাচন) কথা বলেছেন।’
বিয়ানীবাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: ইকবাল আহসান বলেন, এই প্রচারণা পিআইবি থেকে চালানো হচ্ছে। যতটুকু জানি, শুধু জেলা শহরে এ প্রচারণা হবে। উপজেলা পর্যায়ে হবে না। নির্বাচনের পাশাপাশি গণভোট কী ও কেন? কীভাবে গণভোট দিতে হবে–তা জানাতে বিজ্ঞাপন, প্রামাণ্যচিত্র ও জিঙ্গেল তৈরির কাজ চলছে। নির্বাচন কমিশন ও সরকারের নির্দেশনায় যথাসময়ে তা সর্বত্র প্রচার করা হবে।
Manual4 Ad Code
বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার উম্মে হাবিবা মজুমদার বলেন, গণভোটের প্রচারে সারা দেশে প্রচারের জন্য লিফলেট এবং ব্যানার প্রস্তুত করছে নির্বাচন কমিশন (ইসি)। জনবহুল স্থানে ১০ ফিট বাই চারফিট এবং ভোট কেন্দ্রের সামনে ৩ ফিট বাই ৫ ফিট আকারের বিপুল সংখ্যক ব্যানার টানানো হবে।