কুলাউড়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে মাঠে নামছেন ১৫৪ জন
কুলাউড়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে মাঠে নামছেন ১৫৪ জন
editor
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ণ
Manual3 Ad Code
কুলাউড়া প্রতিনিধি :
মৌলভীবাজারের কুলাউড়ায় সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম বাস্তবায়নে তথ্য সংগ্রহের প্রস্তুতি শুরু হয়েছে। উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এ কার্যক্রমের তথ্য সংগ্রহে দায়িত্ব পালন করবেন ১৪০ জন তথ্য সংগ্রহকারী ও ১৪ জন সুপারভাইজার।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহবিষয়ক এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানানো হয়।
Manual5 Ad Code
উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রাণেশ চন্দ্র বর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার ফ্যামিলি কার্ড কার্যক্রমের সার্বিক পরিকল্পনা, তথ্য সংগ্রহের পদ্ধতি ও পরবর্তী বাস্তবায়ন প্রক্রিয়ার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে সঠিকভাবে চিহ্নিত করে বাছাই করা এ কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ। সরকারের ‘স্বাবলম্বী পরিবার গড়ার’ প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রাণেশ চন্দ্র বর্মা জানান, প্রথম ধাপে উপজেলার ভূকশিমইল, শরীফপুর ও সদর ইউনিয়নের তিনটি ওয়ার্ডে তথ্য সংগ্রহের কাজ পরিচালিত হবে। এ পর্যায়ে দায়িত্ব পালন করবেন তিনজন সুপারভাইজার ও ১২ জন তথ্য সংগ্রহকারী। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় এ কার্যক্রম চলবে।
Manual8 Ad Code
প্রেস কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহবায়ক রেদওয়ান খান, সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা সোনা মোহন বিশ্বাস, সাংবাদিক মো. মছব্বির আলী, আজিজুল ইসলাম, নাজমুল ইসলাম, নাজমুল বারী সোহেল, মহি উদ্দিন রিপন, ময়জুল ইসলাম ও কেফায়েত হোসেন সোলেমান প্রমুখ।