দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনের বিরুদ্ধে তাফসীরুল কুরআন মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার অভিযোগ এনেছেন কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ত্রাণ প্রতিমন্ত্রীকে কুষ্টিয়ায় ঢুকতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শনিবার (৭ নভেম্বর) ময়মনসিংহের ফুলপুরে ইসলামী সভায় তিনি এসব কথা বলেন।
এমপি আমির হামজা বলেন, আজকে রাতে (শনিবার) মাহফিল ছিল। বন্ধ করে দিয়েছে বিকাল বেলায়, না উনারে (আমির হামজা) আসতে দেওয়া যাবে না। এদিক-সেদিক যা আছে সব ফাঁস করে দেবে। ফাঁস আমি এমনেও করব। কালকের দিন পরে সংসদ বসবে, সেখানে সব বলে দেব। নাম ধরে বলব। এই ময়মনসিংহের প্রতিমন্ত্রী ইকবাল সাহেব আজকে (শনিবার) প্রশাসনকে দিয়ে ইসলামি সভা বন্ধ করে দিয়েছে, প্রশাসনের কোনো দোষ নেই।
তিনি বলেন, ‘ওই রাস্তার টাকা, ব্রিজের টাকা, গোরস্থানের টাকা, মন্দিরের টাকা মেরে খায়। এইটা বলি এই জন্য আমাকে আসতে দেয় না। ওরা জানে গুমর ফাঁক করে দেব। তাই ইসলামি সভায় আমাকে আসতে দেওয়া হয় না।’
তিনি আরও বলেন, ‘উনিও এমপি, আমিও এমপি। আপনার যদি আসার অধিকার থাকে সারা বাংলাদেশে, তাহলে আমারও অধিকার আছে। আপনি বিএনপি করলে যদি দোষ না হয়, তাহলে আমি জামায়াতে ইসলামী করলে দোষ হবে কেন? ভণ্ডামি করার জায়গা পান না।’
Manual8 Ad Code
এমপি আমির হামজা বলেন, ‘আমি যদি জামায়াত করতে না পারি, তাহলে আপনি বিএনপিও করতে পারবেন না। আপনি করবেন, আমি করব না, আমি কি ভেসে এসেছি।’
Manual8 Ad Code
তিনি বলেন, দেখেন আমি কী করি, আমি সংসদে বলব; এর জবাব দেওয়া লাগবে। না হয় এই সংসদ আমরা মানি না। ৫৬ হাজার বর্গমাইলের জায়গায় যেতে দেবেন না, আপনি কুষ্টিয়ায় যাইয়েন তো দেখি, আপনাকেও ঢুকতে দেব না। যদি আগে বলে দিতেন, তাহলে এই মাহফিলের (শ্যামগঞ্জ) ২-৩ লাখ টাকা খরচ হতো না। এখন তো দেখি আবু জাহেলের চেয়েও খারাপ। আবু জাহেল কুরআন শুনতে বাধা দিত, মনে মনে চুরি করে শুনত। আর এরা শোনেও না, শুনতেও দেয় না। আবু জাহেলকে তো দেখিনি, যদি দেখতাম তাহলে ওই রকমই হতো।
তার দেওয়া বক্তব্যকে ঘিরে ময়মনসিংহের গৌরীপুরে রোববার (৮ নভেম্বর) নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। রোববার রাতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের কলতাপাড়ায় বিক্ষোভ সমাবেশ করেছে জাসাস।
তবে মাহফিলের আয়োজক সদস্য হাফেজ মো. সোহেল রানা জানিয়েছেন, পাঁচ দিন আগেই নোটিশ দিয়ে শ্যামগঞ্জ ঐতিহাসিক রেলওয়ে মাঠে অনুষ্ঠিতব্য বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল ও পুনর্মিলনী স্থগিত করা হয়েছিল। শ্যামগঞ্জ বড় মসজিদ প্রাঙ্গণে রোববার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ দাবি করেন।
Manual8 Ad Code
তিনি আরও জানান, ২ নভেম্বরই বিষয়টি প্রধান আলোচক আমির হামজা এমপির ব্যক্তিগত সহকারীকে মোবাইলে জানানো হয়েছিল। তারপরও এ ধরনের বক্তব্য অত্যন্ত দুঃখজনক। এটি শুধু ওয়াজ মাহফিল নয়, এ প্রতিষ্ঠানের ১০-১২ হাজার সাবেক শিক্ষার্থীর মিলনমেলা ছিল। তাদের অসুবিধা বিবেচনায় নিয়ে অনুষ্ঠানটি স্থগিত করা হয়।
শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ হাফিজিয়া মাদ্রাসার সাবেক ছাত্রবৃন্দের উদ্যোগে বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল আয়োজক কমিটির অপর সদস্য মো. মোরসালিন জানান, তার ব্যক্তিগত ফেসবুকে ২ নভেম্বর রাত ৯টা ৪১ মিনিটে অনিবার্য কারণবশত ৭ নভেম্বর, শনিবার মাহফিল স্থগিত এবং পরবর্তী সময়ে তারিখ যথাসময়ে জানিয়ে দেওয়া হবে মর্মে নোটিশ দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা কাওসার আহমেদ, ফয়জুর রহমান জালাল, সাইফুল ইসলাম, হাফেজ মো. মোরসালিন আহাম্মদ মুসা প্রমুখ।
এ প্রসঙ্গে বক্তব্য জানতে আমির হামজা এমপি ও তার ব্যক্তিগত সহকারী তানভীর আফসানকে মোবাইলে কল ও হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
অপরদিকে, আমির হামজার দেওয়া বক্তব্য প্রত্যাহার ও দুঃখ প্রকাশের দাবি জানিয়েছেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুল। তিনি জানান, মাহফিল স্থগিত হওয়ার বিষয়টি তারা ফেসবুকে দেখেছেন। সেখানে ত্রাণ প্রতিমন্ত্রী বা বিএনপির নেতৃবৃন্দের কোনো যোগসূত্র নেই। মিথ্যা-বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ এনে দেওয়া বক্তব্য অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তিনি।
ত্রাণ প্রতিমন্ত্রীকে নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিবাদে ‘আমির হামজার দৃষ্টান্তমূলক শাস্তি ও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি’ জানান শ্যামগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সদস্য সচিব ইসমাহিল হোসেন।
এছাড়া বক্তব্য প্রত্যাহারের দাবিতে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুল, উপজেলা বিএনপির সদস্য বাহার উদ্দিন দুদু, বিএনপি নেতা আব্দুল হাই, শ্যামগঞ্জ বাজারের ইজারাদার ও যুবনেতা আলী আক্তার খান পল্লব, যুবদল নেতা আজিজুল হক, মনিরুল ইসলাম মুরাদ, আতাউর রহমান, মইলাকান্দা ইউনিয়ন কৃষক দলের সভাপতি আনিছুজ্জামান আনিছ, উপজেলা তাঁতী দলের সদস্য সচিব রফিকুল ইসলাম, উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মামুন আল আমিন প্রমুখ।