নিউজ ডেস্ক:
ইতালির স্কুলগুলোতে বোরকা ও নিকাব নিষিদ্ধ এবং প্রতিটি শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা নির্দিষ্ট করে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির কট্টর ডানপন্থী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। আগামী বছরের সাধারণ নির্বাচন সামনে রেখে দেশটিতে অভিবাসন ও একীভূতকরণ গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে।
মেলোনি তার দল ব্রাদার্স অব ইতালির (এফডিআই) যুব শাখার এক অনুষ্ঠানে বলেন, ‘বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত করতে শিগগিরই মন্ত্রিসভার বৈঠকে একটি প্রস্তাব তোলা হবে। একই সঙ্গে ইতালির শিক্ষা ব্যবস্থায় মানিয়ে নিতে গুরুতর সমস্যায় থাকা বিদেশি শিক্ষার্থীদের অভিভাবকদের ইতালীয় ভাষা শেখার বাধ্যবাধকতাও আনা হবে।’
তিনি বলেন, ‘স্কুলে বোরকা ও নিকাব পরাও নিষিদ্ধ করা হবে।’
Manual7 Ad Code
ইতালিতে বর্তমানে স্কুলে বা জনসমক্ষে বোরকা নিষিদ্ধ করার কোনো নির্দিষ্ট আইন নেই। তবে ১৯৭৫ সালের একটি আইনে যুক্তিসংগত কারণ ছাড়া এমন হেলমেট বা পোশাক পরা নিষিদ্ধ, যাতে একজন ব্যক্তিকে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
২০০৮ সালে ইতালির সর্বোচ্চ প্রশাসনিক আদালত স্পষ্ট করে জানিয়েছে, ধর্মীয় বা সাংস্কৃতিক কারণে পুরো মুখ ঢেকে রাখা পোশাক পরা যেতে পারে; তবে পরিচয় যাচাইয়ের প্রয়োজন হলে মুখ দেখাতে হবে।
Manual2 Ad Code
এর আগে, জুলাইয়ে দেশটির স্কুলগুলোতে বোরকা ব্যবহারে নিষেধাজ্ঞার দাবি জানিয়েছিল ন্যাশনাল ফিউচার (এফএন) পার্টি। দলটি মেলোনির নেতৃত্বাধীন জোটের অংশ নয় এবং তার দলের চেয়েও বেশি ডানপন্থী হিসেবে পরিচিত। ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশের পর থেকে জনমত জরিপে দলটির সমর্থন দ্রুত বেড়েছে।
মেলোনির জোটের শরিক অভিবাসনবিরোধী দল লিগ পার্টি চলতি বছরের শুরুতে দেশটির সিনেটে একটি বিল জমা দিয়েছে। এতে খেলাধুলার আয়োজন বা উপাসনালয়ের মতো নির্দিষ্ট কিছু ক্ষেত্র ছাড়া মুখ ঢেকে রাখা পোশাক বা হেলমেট নিষিদ্ধের প্রস্তাব করা হয়।
Manual2 Ad Code
ইতালির বর্তমান আইনে শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর সর্বোচ্চ সংখ্যার সীমা আগে থেকেই নির্ধারিত রয়েছে। তবে বিদ্যমান এই বিধানে কী পরিবর্তন আনা হবে, তা মেলোনি স্পষ্ট করেননি।
ইতালির ন্যাশনাল স্ট্যাটিস্টিকস ইনস্টিটিউটের (আইএসটিএটি) তথ্য অনুযায়ী, দেশটির স্কুলে ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রায় ১২ শতাংশ বিদেশি।
Manual6 Ad Code
২০১০ সাল থেকে কার্যকর থাকা নিয়ম অনুযায়ী, একটি স্কুলের মোট শিক্ষার্থী এবং প্রতিটি শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ৩০ শতাংশে সীমিত রাখা হয়েছে।
তবে ইতালীয় ভাষায় ভালো দক্ষতা থাকা বিদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রে (যেমন ইতালিতে জন্ম নেওয়া শিক্ষার্থী) এই সীমা বাড়ানো যায়। আবার ইতালীয় ভাষায় দক্ষতা কম হলে সীমা কমানোরও সুযোগ রয়েছে।