মুন্সীগঞ্জ সদর উপজেলায় আলী হোসেন মৃধা (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতা গোলাপ জলে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন। এ নিয়ে এলাকায় চলছে নানা আলোচনা।
Manual3 Ad Code
শনিবার (২৮ জুন) দুপুর ১টার দিকে সদর উপজেলা বজ্রযোগিনী ইউনিয়নের চূড়াইন গ্রামে নিজ বাড়ির উঠানে গ্রামবাসীর সামনে তিনি এমন কাণ্ড করেন।
আলী হোসেন মৃধা বজ্রযোগিনী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। পেশায় তিনি একজন ডেকোরেটর ব্যবসায়ী।
গোসল শেষে আলী হোসেন মৃধা বলেন, তিনি ২০১৬ সালে রাজনীতিতে যোগ দেন এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তী সময়ে তিনি ইউপি সদস্য পদেও দায়িত্ব পালন করেন। এখন রাজনীতি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।
Manual7 Ad Code
তিনি বলেন, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর আমার বোধ হয়। তখন অনেকেই এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিল, কিন্তু আমি ছিলাম আমার গ্রামে। আমি কোনো অনিয়ম বা বিতর্কে জড়াইনি। এখন থেকে আমি শুধু ব্যবসা নিয়েই থাকতে চাই, রাজনীতি নয়।
এ ব্যাপারে বজ্রযোগিনী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এমরান হোসেন বলেন, আলী হোসেন মৃধা আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল। এখন সে আর কোনো রাজনীতি করতে চায় না, ব্যবসা নিয়ে থাকতে চায়।