স্টাফ রিপোর্টার:
সরকারি চাকরিতে জুলাই গণঅভ্যুত্থানে হতাহতদের পরিবারের সদস্য এবং আহতদের জন্য কোনো কোটা রাখা হবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম। সোমবার (২১ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
জুলাই গণঅভ্যুত্থানে হতাহতদের পরিবারের সদস্য এবং আহতদের জন্য সরকারি চাকরিতে কোটা রাখা হবে কি-না এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, ‘না, না, কোনো কোটা থাকবে না। তাদের যোগ্যতা অনুযায়ী আমরা দেব।’
উপদেষ্টা বলেন, ‘আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে এদের (গণঅভ্যুত্থানে হতাহত) পুনর্বাসনের কর্মসূচিগুলো নির্ধারণ করা হয়েছে। সে অনুসারে মন্ত্রণালয় যাবতীয় কার্যক্রম গ্রহণ করবে। এই কার্যক্রমের ভেতরে ফ্ল্যাট দেওয়া বা চাকরির কোটা দেওয়া, এসব বিষয় নাই।’
Manual4 Ad Code
তিনি আরও বলেন, ‘পুনর্বাসনের কর্মসূচি আছে, পুনর্বাসন নানাভাবে হতে পারে। তাদের প্রশিক্ষণ দিয়ে, যার যার যোগ্যতা অনুযায়ী যে যেভাবে পুনর্বাসিত হতে চায়, অথবা আত্মকর্মসংস্থানের জন্য যদি হাঁস-মুরগি বা পশু পালন করেন—যেভাবে উনি ওনার জীবিকা সংস্থান করতে চাইবেন সরকারের পক্ষ থেকে সে ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।’
Manual6 Ad Code
জুলাই যোদ্ধাদের সরকারি অনুদানের পরিমাণ মুক্তিযোদ্ধাদের সমান করে তাদের মুক্তিযোদ্ধাদের সমকক্ষ করা হচ্ছে কি-না এমন এক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, ‘মুক্তিযোদ্ধাদের প্রসঙ্গ এখানে না আসা উচিত, মুক্তিযোদ্ধারা মহান। তাদের অবদান অনস্বীকার্য।’