স্টাফ রিপোর্টার:
রাজধানীর মিরপুর-২ নম্বরে ‘এলএ প্লাজা’ নামের একটি ১১ তলা বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডের সময় ভবনের ভেতরে আটকা পড়া ২৪ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া দুই ব্যক্তি হাসপাতালে মারা যান।
সোমবার (৯ মার্চ) দুপুরে ভবনের তৃতীয় তলায় একটি স্পা সেন্টার থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
Manual6 Ad Code
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে প্রথমে চারটি ও পরে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বিকেল ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ৪টা ৩৫ মিনিটে তা পুরোপুরি নির্বাপণ করা হয়। মিরপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা শাজাহান সিরাজ জানান, আগুন লাগার পর আতঙ্কিত অনেকে ভবনের ছাদে আশ্রয় নেন। ফায়ার সার্ভিস টিটিএল (টার্ন টেবিল ল্যাডার) ব্যবহার করে ১৪ জন পুরুষ ও ১০ জন নারীকে উদ্ধার করে।
উদ্ধার অভিযান চলাকালে চার ও পাঁচতলার মাঝামাঝি সিঁড়ি থেকে এক নারী ও এক পুরুষকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। মিরপুর থানা পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম রাকিব হাসান। তবে নিহত নারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
Manual3 Ad Code
প্রাথমিক তদন্তে ফায়ার সার্ভিস ধারণা করছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ভবনটির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পুলিশ নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।